বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে পদ্মা সেতুর দুর্নীতির একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর তা করা হবে বাংলাদেশের আইন ও বিধান অনুসরণ করে। এ জন্য দুদকের কাছে থাকা সব ধরনের তথ্য ও নথি দেওয়া হয়েছে বিশেষজ্ঞ দলকে।গতকাল সোমবার বিশ্বব্যাংকের সফররত এই বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে রাতে আবার বৈঠক করেছে দুদক। দুদকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তাঁরা নৈশভোজ করতে হোটেল রূপসী বাংলায় যান। ভোজ শেষে বের হয়ে এসে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক এলেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞ দলটি একটি প্রতিবেদন তৈরি করে আমাদের পাঠাবেন।’ দুই দিনের এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।দুদক কার্যালয়ের বৈঠকে কিছুক্ষণ উপস্থিত ছিলেন দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক। তিনি সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে দুদক সব ধরনের তথ্য ও দলিল বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলকে দিয়েছে। তারা যেসব তথ্য চেয়েছে, তা সবই দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দুর্নীতির তদন্ত এবং এর বিচার অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী হবে। দুই পক্ষই এ ব্যাপারে একমত হয়েছে। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির তদন্ত করেছে কানাডার পুলিশ। বাংলাদেশ কানাডার কাছ থেকে এ জন্য দুর্নীতির বিভিন্ন প্রমাণপত্র চেয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে আনিসুল হক বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত কোনো তথ্যপ্রমাণই হাতে পায়নি। দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, বিশ্বব্যাংকের এই বিশেষজ্ঞ দলটির সঙ্গে পরবর্তী বৈঠক আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে হতে পারে। এর আগে গতকাল দুপুরে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে এখনই মামলা করা সম্ভব নয়। এ বিষয়ে দুদকের অনুসন্ধান এখনো মামলা করার পর্যায়েই পৌঁছেনি। গত রোববার বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে এসে ওই দিনই দুদকের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো। দলের অন্য দুই সদস্য হলেন: হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।গতকাল রাতে স্থানীয় একটি হোটেলে দুদকের সদস্যদের সঙ্গে নৈশভোজে মিলিত হন বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের সদস্যরা। আর সারা দিন বিশেষজ্ঞ দলটি বিশ্বব্যাংকের কার্যালয়ে পদ্মা সেতু নিয়ে নিজেরা কাজ করেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দলটি চলে যাবে। এই দলটির প্রতিবেদনের ওপরই নির্ভর করছে পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি।