চট্টগ্রামে ছয় বছর আগে আটক হওয়া ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তের সময়সীমা আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। আজ রোববার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এনামুল হক ভূঁইয়া এ আদেশ দিয়েছেন।আদালত সূত্র জানায়, অধিকতর তদন্তের সময় আরও ৯০ দিন বাড়ানোর জন্য তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী ১৫ সেপ্টেম্বর আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ৬০ দিন সময় বাড়ান। এ নিয়ে মামলার তদন্তের সময়সীমা নয় দফা বাড়ানো হলো। চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ২০০৪ সালের ১ এপ্রিল রাতে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। এ ঘটনায় কর্ণফুলী থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেন। এরপর বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দায়সারা তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয় এবং আদালতে মামলার বিচারও শুরু হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ২০ নভেম্বর তত্কালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। আদালত সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে এ তদন্ত পরিচালনার জন্য বলেন। চলমান তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে সিআইডি সূত্র দাবি করেছে।১০ ট্রাক অস্ত্রের এই চালানটি এসেছিল চীন থেকে। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য চীনের রাজধানী বেইজিংয়ের সমরাস্ত্র কারখানা নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশন (নরিনকো) থেকে অস্ত্রগুলো সংগ্রহ করা হয়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তত্কালীন কতিপয় কর্মকর্তা এই অস্ত্র সংগ্রহের ব্যবস্থা করেন। নরিনকোর ওয়েবসাইটে একে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম বৃহত্ কোম্পানি হিসেবে উল্লেখ করা হয়েছে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। আদালতের নির্দেশে ও সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে মামলাটির অধিকতর তদন্ত করা হয়। সিআইডি ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তদন্তের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন দাখিল করেছে। দশ ট্রাক অস্ত্র মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্কালীন সচিব ওমর ফারুককেও আসামি করা হতে পারে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়া এর আগে গ্রেপ্তার হওয়া এনএসআই ও ডিজিএফআইয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় অভিযোগপত্রে তাঁদের আসামি করা হবে বলেও সূত্রগুলো নিশ্চিত করেছে। ইতিমধ্যে ওমর ফারুককে চট্টগ্রামের সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।