চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের সময়সীমা আরও তিন মাস বাড়ানোর জন্য আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামী মঙ্গলবার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।এর আগে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় অধিকতর তদন্তের সময়সীমা ১০ দফা বাড়ানো হয়।চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার তদন্তের সময়সীমা শেষ হচ্ছে। তাই সিআইডি আবার সময় বাড়ানোর আবেদন করেছে। মঙ্গলবার শুনানির পর আদালত আদেশ দেবেন।’২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে।