একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্তের জন্য আরও চার মাস সময় চাইলে ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বসিরউল্লাহ এ আদেশ দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো এ মামলার তদন্তের সময় বাড়ানো হলো। সিআইডির দ্বিতীয়বারের আবেদন অনুযায়ী আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, মামলাটির তদন্ত শেষ না হওয়ায় সময় প্রয়োজন। আদালত রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে বলেন, এর আগেও সময় চাওয়া হয়েছিল। এভাবে সময় দিতে থাকলে বছর শেষ হয়ে যাবে। দ্রুত তদন্ত শেষ করুন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় পৃথক দুটি মামলা করা হয়।