২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসংক্রান্ত বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় আদালত অধিকতর তদন্তের সময় শেষবারের মতো ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক সময় বাড়ানোর এ নির্দেশ দেন।গতকাল এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান অধিকতর তদন্তের সময় চেয়ে আদালতে আবেদন দাখিল করেন। আজ এ ব্যাপারে শুনানি শেষে আদালত এ দিন ধার্য করেছেন।গত ১ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মামলার তদন্তে বিলম্ব না করার জন্য তদন্ত কর্মকর্তাকে সতর্ক করে এক মাস সময় বাড়িয়েছিলেন। আজ এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। অধিকতর তদন্ত শেষ করতে না পারায় সিআইডি আরও ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করে।২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায়ও অধিকতর তদন্তের সময় আরও ৪৫দিন সময় বাড়াতে গত ২৩ মার্চ সিআইডি আবেদন করে । আদালত ২২ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেন।এর আগে ২০০৮ সালের ১১ জুন সিআইডি মামলা দুটির অভিযোগপত্র দাখিল করে। কিন্তু ওই অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উত্স, সরবরাহকারী এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয়টি তদন্তে আসেনি। এ কারণ উল্লেখ করে ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন।