২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসংক্রান্ত বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার অধিকতর তদন্তের সময় ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন আদালত।তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক সময় বাড়ানোর এ নির্দেশ দেন। আদালত বলেন, শেষবারের মতো এ সময় বাড়ানো হলো।গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আদালতকে বলেন, গত ১ মার্চ আদালত এক মাসের সময় দিয়েছিলেন। এরপর সিআইডি জঙ্গি নেতা মুফতি আবদুর রউফকে গত ১৬ মার্চ এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়। আবদুর রউফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তে অগ্রগতি রয়েছে। তাই আরও ৪৫ দিন সময় বাড়ানো প্রয়োজন।এ সময় বিচারক মো. জহুরুল হক রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আবার সময় দিলে আরও একজনকে গ্রেপ্তার করে আমার কাছে সময় চাইবেন। এভাবে তদন্ত হয় না।’ তিনি বলেন, একটি মামলায় সাত বছর লাগে তদন্ত করতে? তদন্ত যা হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে মামলার নথি।জবাবে রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী কাজী নজিবুল্লাহ আদালতকে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার আমলে জজ মিয়া নামের এক ব্যক্তি জবানবন্দি দিয়ে মামলাটি শেষ করতে চেয়েছিল।তখন বিচারক বললেন, ‘আপনারা তো দুই বছর সময় পেয়েছেন। কী তদন্ত করেছেন দেখান। এই তদন্ত কর্মকর্তা দিয়ে হবে না, কিছুই পারে না। মামলার গুরুত্বও বোঝে না।’ তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশে আরও বলেন, ‘এ মামলার নথি দেখলে দুনিয়ার কেউ বলবে না, দেশে তদন্তকারী কোনো সংস্থা আছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় বর্তমান রাষ্ট্রপতির স্ত্রী নিহত হয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক ব্যক্তি আহত হয়েছেন। কেন এই মামলার তদন্তে বারবার সময় নেওয়া হচ্ছে? সময় নিতে নিতেই যদি বছর পার হয়ে যায়, মামলার বিচার কবে করবেন?’এ পর্যায়ে মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু বলেন, হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেড পাকিস্তান থেকে আনা হয়েছে; তা অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে। যেহেতু মামলার তদন্তে অগ্রগতি আছে, তাই আরও ৪৫ দিন সময় দেওয়া হোক।তখন আদালত বলেন, তবে হলফনামা দিয়ে বলুন, আর সময় চাইবেন না।একই আদালত এর আগে গত ১ মার্চ এই মামলার অধিকতর তদন্তের সময় এক মাস বাড়িয়েছিলেন। ওই দিন আদালত বারবার সময় নিয়ে তদন্তে কালক্ষেপণ না করার জন্য তদন্ত কর্মকর্তাকে সতর্ক করেছিলেন। গতকাল ছিল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য তারিখ। কিন্তু তদন্ত শেষ করতে না পারায় আরও ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ। অবশ্য তিনি গতকাল আদালতে হাজির ছিলেন না।