তদন্তের সময় ৪৫ দিন বেড়েছে, আর সময় চাইবে না সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় অধিকতর তদন্তের সময়সীমা ১৫ মে পর্যন্ত বাড়ানোর আদেশ দিয়েছেন আদালত। তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১১ বারের মতো সময় বাড়ালেন। এরপর সিআইডি তদন্তের জন্য আর সময় চাইবে না বলে আদালতকে জানিয়েছে।আদালত সূত্র জানায়, বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী এর আগে ১০ বার আবেদন করে তদন্তের সময় বাড়ান। গতকাল তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম তদন্তের সময়সীমা ৪৫ দিন বাড়ান।গতকাল সময় বাড়ানোর আবেদনের শুনানিতে অংশ নিয়ে পিপি কামালউদ্দিন আহাম্মদ আদালতে বলেন, এটি একটি অসাধারণ মামলা। আদালতের নির্দেশনা অনুযায়ী সাতটি বিষয়ের মধ্যে ছয়টির তদন্ত শেষ হয়েছে। আর যে জাহাজে অস্ত্রগুলো আনা হয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। তদন্তের আরও কিছু বিষয় আছে, যা দ্রুত শেষ করা যাবে। তাই এবার শেষবারের মতো সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।পিপির বক্তব্যের জবাবে বিচারক বলেন, ‘তদন্তকারীকে লক্ষ্য ঠিক করে অগ্রসর হতে হবে। আর যে জাহাজে অস্ত্র আনা হয়েছে, তা কি এত দিন গভীর সমুদ্রে আটকে থাকবে? আপনারা শেষবারের মতো সময় চাইছেন বলছেন। ফৌজদারি কার্যবিধিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সময় দেওয়া যায়। তবে আগে যে সময় পেয়েছেন, তা কি কাজে লাগাতে পেরেছেন?’জবাবে পিপি আদালতকে বলেন, ‘কাজে লাগানো হয়েছে বলে তো অনেক অসাধারণ ব্যক্তিকে ধরা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই ও ডিজিএফআইয়ের অনেক বড় মাপের কর্মকর্তারা আছেন।’এ পর্যায়ে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি বাবরের কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম আদালতে বক্তব্য দেন। তাঁরা চলমান তদন্তের সমালোচনা করে বলেন, সরকারের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য তদন্ত চলছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আমলে অস্ত্রগুলো আটক হয়। তাই তাঁকে বরং পুরস্কার দেওয়া উচিত। বর্তমানে তদন্তের নামে এই মামলাকে ধ্বংস করা হচ্ছে।আসামির কৌঁসুলির বক্তব্যের সমালোচনা করে পিপি বলেন, তদন্তে ও সাক্ষ্য-প্রমাণে বাবরের নাম এসেছে। অস্ত্র আটকের বিষয়টি জানাজানির পর বাবর তা ধামাচাপা দিতে চেয়েছেন। অনেকের বক্তব্যে এ বিষয়টি বেরিয়ে এসেছে।এর আগে তদন্ত কর্মকর্তা কম্পিউটার কম্পোজ করা দুই পৃষ্ঠার একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। এতে বলা হয়, আদালতের সাতটির মধ্যে ছয়টি পর্যবেক্ষণের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। একটির বিষয়ে এখনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। নৌবাহিনীর কর্মকর্তা, নাবিক এবং কোস্টগার্ড কর্মকর্তা ও সৈনিকদের জিজ্ঞাসাবাদ করেও অস্ত্রবহনকারী জাহাজটি শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি বের করার চেষ্টা অব্যাহত আছে।প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিরক্ষা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদেক হাসানকে জিজ্ঞাসাবাদের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। এসব কাজ করতে অধিকতর তদন্তের সময়সীমা আরও ৬০ দিন বাড়ানো দরকার।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্ত শুরু হয়।এই মামলায় সামরিক ও বেসামরিক প্রভাবশালী কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন রয়েছেন।