তদবির ছাড়া মন্ত্রণালয় থেকে ফাইল বের করা সম্ভব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মন্ত্রণালয়ে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজের গতি কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। পরিকল্পনাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফাইল অনুমোদনের বিভিন্ন স্তর নিয়ে আলোচনাকালে এ ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। আজ রোববার সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সদস্যরা এ ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।সূত্রমতে সভায় সাংসদেরা বলেন, প্রতিটি মন্ত্রণালয়েই ফাইল অনুমোদনের জন্য বেশ কয়েকটি স্তর পার করতে হয়। আর প্রতিটি স্তরেই অযথা হয়রানির শিকার হতে হয়। এর মধ্যে কিছু স্তরের প্রয়োজনীয়তাই নেই। মন্ত্রণালয়গুলোর এ আমলাতান্ত্রিক জটিলতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। ফাইলের পেছনে তদবির না থাকলে সারা জীবনেও মন্ত্রণালয় থেকে একটি ফাইল বের করা সম্ভব হবে না। পরিস্থিতি এখন এমনই এক পর্যায়ে চলে গেছে। কমিটি মন্ত্রণালয়ে বিভিন্ন অপ্রয়োজনীয় স্তর বিলুপ্তির সুপারিশ করে। কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য নওয়াব আলী আব্বাস খাঁন, হামিদা বানু, রেজা আলী, আজিজুল হক চৌধুরী, আ ন ম শামশুল ইসলাম, পরিকল্পনা বিভাগের সচিব মঞ্জুর হোসেন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হাবিব উল্লাহ মজুমদার, পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কমিটির সভাপতি অলি আহমদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের কাজে ধীরগতিতে কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। অধিকাংশ মন্ত্রণালয়েই মাসের পর মাস ফাইল আটকে আছে। কাজের কাজ কিছু হচ্ছে না।সভায় আগামী পাঁচশালা পরিকল্পনাসহ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে মন্ত্রণালয় থেকে কমিটিকে অবহিত করা হয়। সভায় জানানো হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নেয়। চলতি বছরের ডিসেম্বরে এ পরিকল্পনার পূর্ণাঙ্গ খসড়া দলিল প্রণীত হবে এবং আগামী জুন মাসের মধ্যে তা চূড়ান্ত হবে।এ পঞ্চবার্ষিক পরিকল্পনার কয়েকটি লক্ষ্যমাত্রা হচ্ছে, জাতীয় প্রবৃদ্ধি ২০১৫ সালে ৮ শতাংশে উন্নীতকরণ, দারিদ্র্যসীমার হার শতকরা ২৯ ভাগে নামিয়ে আনা, মাথাপিছু আয় এক হাজার ডলারে উন্নীত করা, শিক্ষার হার শতভাগে উন্নীত করা, খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করা।সভায় পরিকল্পনা মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়। সেই সঙ্গে বিভিন্ন স্তরে ঝরে পড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়ার সুপারিশ করা হয়।