সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশ কাজে না আসায় ক্ষুব্ধ হয়েছেন অনেক সাংসদ ও ক্ষমতাসীন দলের নেতা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন গতকাল তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, সাংসদদের জানা উচিত, নিয়োগের সঙ্গে কোনোভাবেই মন্ত্রী জড়িত নন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই এ বিষয়ে যা বলার সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক বলবেন। ফল প্রকাশের পর কোনো ধরনের চাপ আসছে কি না, জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, মাত্র ঈদ শেষ হলো, দেখা যাক কী হয়।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর থেকেই অনেক সাংসদ তাঁদের ক্ষোভের কথা জানাচ্ছেন। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক ছিল। বৈঠকের পর একাধিক মন্ত্রী এ নিয়ে তাঁদের ক্ষোভের কথা সরাসরি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে জানান। পরে মন্ত্রী মন্ত্রণালয়ে এসে সচিব ও মহাপরিচালকের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন। ঘণ্টাখানেক এ বৈঠক চলে। মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে সচিব আবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব গতকাল প্রথম আলোকে বলেন, ভালো করলেও দোষ। তদবির আর সুপারিশ না মেনে মেধা অনুযায়ী নিয়োগ দিয়ে এখন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিবসহ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রচণ্ড চাপের মুখে পড়তে হয়েছে। নিয়োগ স্থগিত করা হয়েছে বলে গুজবও ছড়ানো হয়েছে। চাপ আসছে যাদের জন্য সুপারিশ করা হয়েছে, তাদের অতিরিক্ত হিসেবে নিয়োগ দিতে।নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন সাংসদ ক্ষোভের সঙ্গে বলেন, সুপারিশ না মানায় মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের কাছে তাঁদের হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। ফলে তাঁরা চাইছেন, তাঁদের সুপারিশ করা লোকজনের যেন চাকরি হয়। এ জন্য প্রয়োজনে অতিরিক্ত লোক নিয়োগ করা উচিত। নইলে এমপিওভুক্তি নিয়ে যে জটিলতা হয়েছিল, তেমন পরিস্থিতি হবে।বাগেরহাটের একজন আওয়ামী লীগের নেতা গতকাল প্রথম আলোকে বলেন, তিনি একজন প্রভাবশালী সাংসদের সুপারিশ নিয়ে গিয়েছিলেন তাঁর ছোট বোনের চাকরির জন্য। কিন্তু চাকরি হয়নি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপির সময় তাদের দলীয় লোক নিয়োগ হয়েছে। আর সারা জীবন কাজ করে আমরা কিছুই পাব না!’ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ একজন কর্মকর্তা বলেন, ‘সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমার বোনটিরও চাকরি হয়নি। আমি বাড়িতে মুখ দেখাতে পারছি না। দল ক্ষমতায় এসে তাহলে আমার লাভ কী হলো।’ ৮ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রকাশিত প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলও। সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ৩০ হাজার ৭১২ জনকে। প্রধান শিক্ষক হিসেবে এ বছর এক হাজার ৮৫২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান প্রথম আলোকে বলেন, ‘কেউ ক্ষুব্ধ হলো কি না, সেটা আমাদের দেখার বিষয় নয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতা হবে প্রধান মাপকাঠি। এখানে কোনো আপস করা যাবে না। কাজেই সেভাবেই স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’মন্ত্রী-সাংসদেরা চাপ দিচ্ছেন কি না, জানতে চাইলে সচিব বলেন, ‘কে আওয়ামী লীগ, আর কে বিএনপি তা আমি জানি না। যারা পরীক্ষায় অংশ নিয়েছে, আমরা শুধু তাদের রোল নম্বর, আইডি নম্বর দেখেছি।’ চাপের মুখে ফল বাতিল বা অতিরিক্ত কাউকে নিয়োগের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে সচিব বলেন, এসব ভিত্তিহীন। ঘোষিত ফলাফলই চূড়ান্ত।মুক্তিযোদ্ধা কোটা: প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় এবার আট হাজার ৫৩ জন চাকরি পেয়েছে। আরও দুই হাজার ৫৮৬টি পদ খালি আছে। এগুলোতেও খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া এই কোটায় আবেদন করলেও অনেকে সনদ দেখাতে পারেনি। তাদের ফলাফল বাতিল না করে স্থগিত রাখা হয়েছে। তারা সনদ দেখাতে পারলেই চাকরি পাবে।অভিযোগ উঠেছে, এই কোটায় অনেকে এবার নিজ জেলার বাইরে অন্য জেলায় নিয়োগ পেয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সচিব বলেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাই তারা সবাই যেন চাকরি পায়, সেটি দেখা হয়েছে। এ কারণেই এক জেলার হয়েও অনেক যোগ্য প্রার্থী অন্য জেলায় চাকরি পেয়েছে। প্রশিক্ষণের পর যদি নিজ জেলায় শূন্য পদ থাকে, তাহলে তাদের জেলায় পাঠানো হতে পারে।গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত হয় প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা। এরপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। গত ৮ জানুয়ারি দেশব্যাপী লিখিত পরীক্ষা নেওয়া হয়। আট লাখ ৭২ হাজার ৫৬৮ জন চাকরিপ্রার্থী এতে অংশ নেয়। উত্তীর্ণ হয়ে এক লাখ ৩০ হাজার জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়। ইতিমধ্যে প্রয়োজনীয়তার কথা চিন্তা করে ৩২ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। এর পরই শুরু হয় তদবির। টাকা দিলেই চাকরি, না দিলে হবে না, সাংসদেরা সুপারিশ না করলে চাকরি হবে না—এমন প্রচার ছড়িয়ে দেওয়া হয় সর্বত্র। ফলে অনেকেই চাকরির আশায় বিভিন্ন জায়গায় টাকাও দেয়। অনেকে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সহায়তায় মন্ত্রী-সাংসদদের সুপারিশও জোগাড় করে। সেই সুপারিশ আর তালিকা পাঠানো হয় মন্ত্রণালয়ে। এ পরিস্থতিতে দেশবাসীকে অসাধু চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। খোলা হয় নিয়ন্ত্রণ কক্ষ। অভিযোগ জানানোর জন্য দেওয়া হয় টেলিফোন নম্বর।