আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিএনপি তিন স্তরের তদারকি সেল গঠন করেছে। দলীয় হোক বা না হোক, নির্বাচনে জয়লাভ করতে পারবেন—এমন ব্যক্তিকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির নীতিনির্ধারক সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলোর নেতাদের মধ্যে স্থানীয়ভাবে যাঁদের জনপ্রিয়তা আছে এবং জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদের প্রার্থী হিসেবে বিএনপি সমর্থন দেবে। এই সংখ্যা ৪০টির বেশি হবে না বলে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন। এ ব্যাপারে তৃণমূলে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির প্রার্থী চূড়ান্ত করলে জোটের দলগুলোর কাছ থেকে মৌখিক সমর্থন আদায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, প্রার্থী বাছাই-প্রক্রিয়ায় বিএনপির তৃণমূল নেতারা প্রধান ভূমিকা পালন করবেন। সংশ্লিষ্ট পৌর এলাকার নেতারা প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে তাঁকে সমর্থন দেওয়ার জন্য সুপারিশ করবেন। কোনো আপত্তি না থাকলে তৃণমূলের প্রার্থীই সংশ্লিষ্ট পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে মনোনীত হবেন। তবে আপত্তি থাকলে বিএনপির তিন স্তরের তদারকি সেল পর্যায়ক্রমে সমস্যা সমাধানে কাজ করবে।প্রার্থী বাছাই-প্রক্রিয়া তদারকির জন্য সর্বোচ্চ স্তর হিসেবে তিন সদস্যের একটি তদারকি দল গঠন করা হয়েছে। এই কমিটি দ্বিতীয় স্তর হিসেবে আরও ১০ নেতার প্রত্যেককে পাঁচ-সাতটি জেলার দায়িত্ব দিয়ে বিভাগীয় কমিটি গঠন করেছে। এর পরই থাকছে বিএনপির জেলা সভাপতির নেতৃত্বে পরবর্তী পর্যায়ের কমিটি। এরা পর্যায়ক্রমে মনোনীত প্রার্থীর যোগ্যতা ও জনপ্রিয়তা যাচাই করবে।বিএনপির কেন্দ্রীয় তদারকি সেলের প্রধান স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। অপর দুই সদস্য হলেন নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিভাগীয় কমিটিতে আছেন স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির ১০ নেতা।এম কে আনোয়ার বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। তাই নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে—এমন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ বিষয়ে তদারকি করবেন।বিএনপির এক নেতা বলেন, কেন্দ্র থেকে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যাপারে নেতাদের সতর্ক করা হয়েছে। এই নির্বাচন বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। তাই কেউ যেন অর্থের বিনিময়ে অজনপ্রিয় প্রার্থী মনোনয়ন না দেন। বিএনপির চেয়ারপারসন এ জন্য দলে স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী এম কে আনোয়ারকে প্রধান করে কেন্দ্রীয় সেল গঠন করেছেন। এম কে আনোয়ার বলেন, ২৬২টি পৌরসভার মধ্যে এখন পর্যন্ত বিরোধ ছাড়া অন্তত ১৫০টিতে প্রাথমিকভাবে মেয়র পদপ্রার্থী নির্ধারণ করা হয়েছে।সূত্র জানায়, সারা দেশে অন্তত ৪০টি পৌরসভা জোটের শরিকদের জন্য ছেড়ে দেবে বিএনপি। এর বেশি হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি আশা করছে, ওই পৌরসভাগুলোতে তারাই ভালো করবে। এর মধ্যে বৃহত্তর রাজশাহী ও এর আশপাশের জেলার কিছু পৌরসভায় জামায়াতের প্রার্থীকে বিএনপি সমর্থন দিতে পারে। এ ছাড়া ভোলার পৌরসভাগুলোতে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়া হতে পারে। খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, ‘আমরা দলীয় কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিকে সমর্থন দিচ্ছি। প্রার্থী বেশি হলে ভোটের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করার কাজ করছি। ইতিমধ্যে যশোরে এ প্রক্রিয়ায় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।’ তিনি জানান, খুলনা বিভাগে এখন পর্যন্ত কোনো জামায়াত বা অন্য কোনো দলের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘আমাদের ওপর নির্দেশনা আছে প্রার্থী চূড়ান্ত করার। তবে তা তদারকির জন্য কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে সেল করা হয়েছে। তা ছাড়া আমাদের বলা হয়েছে, জোটের ও সমমনা দলগুলোর কাছ থেকে সমর্থন আদায়ের জন্য।’স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। যাঁকেই বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে, তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নিতে তদারকি সেলকে নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।