তদারকির অভাবে চিকিৎসকেরা ফাঁকি দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি, তদারকির অভাব ও সরকারদলীয় চিকিৎসক নেতাদের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা কাজে নিয়মিতভাবে ফাঁকি দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশও এ ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সংস্থাটি দেশের সাতটি বিভাগের এক হাজার ১৬২ জন চিকিৎসকের তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন তৈরি করেছে। ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের মে মাস পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়। এই প্রতিবেদনের বিষয়: ‘সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কর্মরত ডাক্তারদের নিজ কর্মস্থলে গমনাগমন ও অবস্থানে অনিয়ম’। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রতিবেদনটি সংশ্লিষ্ট একাধিক দপ্তরে দেওয়া হয়েছে। এসব অনিয়ম দূর করতে প্রতিবেদনে কিছু সুপারিশও করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ এই প্রতিবেদন সম্পর্কে বলেন, এটি একপেশে প্রতিবেদন। উপজেলা পর্যায়ে পুলিশ, কৃষি, শিক্ষা, ভূমিসহ সরকারের আরও সংস্থা বা বিভাগ আছে। সেসব ক্ষেত্রে অনিয়ম আছে। শুধু স্বাস্থ্য বিভাগ নিয়ে এ ধরনের প্রতিবেদন চিকিৎসকদের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তিনি বলেন, চিকিৎসকেরা সরাসরি মানুষের সেবার সঙ্গে জড়িত বলে এ ক্ষেত্রে একটু বিচ্যুতি হলেই তা ফলাও করে বলা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, অনেক চিকিৎসক অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। কোনো কোনো চিকিৎসক মাসে মাত্র চার-পাঁচ দিন উপস্থিত থাকেন। অনেকে চার-পাঁচ বছর অননুমোদিতভাবে অনুপস্থিত। কেউ কাজে যোগ দেওয়ার পর থেকে অনুপস্থিত। কেউ কেউ হাসপাতালে এসে ৩০ মিনিট থেকে তিন-চার ঘণ্টা থেকে চলে যান। কেউ মাসে মাত্র এক দিন আসেন, শুধু বেতন তোলার জন্য। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘হাজিরা খাতায় এঁদের পুরো মাসের স্বাক্ষর থাকে।’প্রতিবেদনে তথ্য সংগ্রহ করা প্রায় প্রত্যেক চিকিৎসক সম্পর্কে পৃথক মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ১৪ জন চিকিৎসকের নাম উল্লেখ করে বলা হয়েছে, এঁরা মুন্সিগঞ্জে অবস্থান না করে ঢাকা থেকে এসে অফিস করেন। ফলে অধিকাংশ দিনই তাঁরা ঠিক সময়ে হাসপাতালে গমনাগমন করতে পারেন না।এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এহসানুল করিম বলেন, হাসপাতালে থাকার ব্যবস্থা নেই বলে তাঁরা ঢাকা থেকে যাওয়া-আসা করেন। এ কারণে মাঝেমধ্যে হাসপাতালে আসতে তাঁদের দেরি হয়।মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (সম্প্রতি অন্য উপজেলায় বদলি করা হয়েছে) সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি টাকার বিনিময়ে সার্টিফিকেট দিয়ে থাকেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা হলেও তিনি হাসপাতালে থাকেন না। রাতে থাকেন মাদারীপুর শহরে নিজের বাসায়।প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি জানান, ওই চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে প্রথম আলোতে একাধিক প্রতিবেদন ছাপা হয়েছে।সরকারি হাসপাতালের বাইরে ব্যক্তিগত চেম্বারে বা ক্লিনিকে রোগী দেখার যে অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে শোনা যায়, তা এই গোয়েন্দা প্রতিবেদনেও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকেরা নির্ধারিত ক্লিনিকে যেতে রোগীদের প্ররোচিত করেন। অনেকেরই নিজস্ব চেম্বার বা রোগনির্ণয় কেন্দ্র আছে। এতে আরও বলা হয়, অনেকে বিভিন্ন ক্লিনিকের রোগীদের হাসপাতালের শয্যা ব্যবহারের অবৈধ সুবিধা দেন। কয়েক-জন চিকিৎসক সরকারি হাসপাতালেই বিশেষ ব্যবস্থায় ১০০ থেকে ১৫০ টাকা ফি নিয়ে রোগী দেখেন। চিকিৎসকের বিরুদ্ধে সরকারি ওষুধ হাসপাতালের বাইরে বিক্রির অভিযোগও আছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, প্রতিবেদনে চিকিৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করার সুবিধা-অসুবিধার বিষয়ে কিছু বলা হয়নি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের বা সংশ্লিষ্ট সিভিল সার্জনের বক্তব্যও নেওয়া হয়নি। এই প্রতিবেদনের ভিত্তিতে কোনো চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।চিকিৎসকদের এসব অনিয়মের কারণও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের তদারকির অভাব, তাঁদের দুর্নীতি, সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগসাজশের কারণে এসব অনিয়ম হয়। অনিয়মের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নেওয়ার কারণে চিকিৎসকেরা নিয়মিতভাবে কর্তব্যে অবহেলা করছেন। কোনো কোনো ক্ষেত্রে এসব অনিয়মের পেছনে সরকারদলীয় চিকিৎসক নেতাদের প্রভাব থাকে।এসব বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অনেক উপজেলায় নারী চিকিৎসকের থাকার উপযুক্ত ব্যবস্থা নেই। নারী চিকিৎসক কর্মক্ষেত্রে অনিয়মিত হলে এর প্রভাব পড়ে অন্য চিকিৎসকদের ওপর। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের বসবাসের উপযুক্ত ব্যবস্থা করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে বড় উদ্যোগ দরকার। তিনি বলেন, সব সময় রাজনৈতিক প্রশ্রয়ে চিকিৎসকেরা অনিয়ম করেন—এটা ঢালাও অভিযোগ। ঊর্ধ্বতন কর্মকর্তা শাস্তিমূলক ব্যবস্থা নিলে অনিয়ম কম হতো।গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বরিশাল জেলার সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমান জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর গত এক বছর তিন মাসে ১৫৬ জন চিকিৎসক, নার্স ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।চট্টগ্রামের সিভিল সার্জন মো. আবু তৈয়ব ওই প্রতিবেদনের সঙ্গে মোটামুটি একমত পোষণ করে বলেন, একজন সিভিল সার্জনের পক্ষে প্রতিদিন উপজেলা পর্যায়ে কী ঘটছে, তা তদারক করা সম্ভব নয়। কাজে অবহেলার জন্য তিনি শাস্তির সুপারিশ করেছেন, কেউ শাস্তি পেয়েছেন, কেউ পাননি।এই দুই সিভিল সার্জনই দুর্নীতি বা যোগসাজশে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।সুপারিশ: চিকিৎসকদের এসব অনিয়ম বন্ধ বা দূর করতে প্রতিবেদনে কিছু সুপারিশও করা হয়েছে। সুপারিশে বলা হয়েছে, চিকিৎসকদের কাছ থেকে পূর্ববর্তী মাসের রোগী দেখার হিসাব নিতে হবে ও পরবর্তী মাসের কাজের পরিকল্পনা নিতে হবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি চিকিৎসকদের ব্যক্তিগতভাবে রোগী দেখা বন্ধ করার সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। নিয়ম ভঙ্গকারী চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও সুপারিশে বলা হয়েছে। সুপারিশে বলা হয়, চিকিৎসকদের সরকারি বাসভবনে থাকাও বাধ্যতামূলক করতে হবে।