তপনের গানে সুরেলা সন্ধ্যা
‘তুমি আমার প্রথম সকাল/ একাকী বিকেল/ ক্লান্ত দুপুর বেলা/ তুমি আমার সারা দিনমান/ তুমি আমার সারা বেলা’—বেঙ্গল গ্যালারিতে যখন গানটি পরিবেশিত হচ্ছিল, তখন অনেক দর্শকই গুনগুন করে কণ্ঠ মেলাচ্ছিল শিল্পীর সঙ্গে। গেয়ে শোনাচ্ছিলেন শিল্পী তপন চৌধুরী ও শাকিলা জাফর।নিজস্ব বৈশিষ্ট্য আর গায়কির আবেদনে বাংলা গানের শ্রোতার কাছে তপন চৌধুরী আলাদা একটি জায়গা করে নিয়েছেন অনেক আগেই। গতকাল শনিবার বেঙ্গলের নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’য় কানাডাপ্রবাসী এ শিল্পী দীর্ঘদিন পরে মঞ্চে একক সংগীত পরিবেশন করে আবারও মুগ্ধ করেন শ্রোতাদের। অনুষ্ঠান শুরু হয়েছিল নবীন শিল্পী সুমনা রহমানের পরিবেশনা দিয়ে। তিনি ‘আমার খোলা জানালাতে’, ‘নামটি পাখির চন্দনা,’ ‘কেন আশা বেঁধে রাখি’, ‘আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি’ গানগুলো গেয়ে শোনান। পরে তপন চৌধুরী মঞ্চে এসে গাইলেন ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘আজ ফিরে না গেলে কি নয়’, ‘আকাশের সব তারা’সহ বেশকিছু জনপ্রিয় গান। বাদ পড়েনি রবীন্দ্র ও নজরুলসংগীতও। অনুষ্ঠানের একপর্যায়ে তাঁর সঙ্গে শিল্পী শাকিলা জাফর দ্বৈতকণ্ঠে ‘তুমি আমার প্রথম সকাল’ গানটি পরিবেশন করেন।