তপ্ত দিনে প্রাণ জুড়ানো তরমুজ
সর্বত্র এখন তার সুদর্শন উপস্থিতি। পাড়ার মোড়, ব্যস্ত বাণিজ্যিক এলাকার ফুটপাত, বাস টার্মিনাল, রেলস্টেশন, কাঁচাবাজার থেকে অভিজাত চেইনশপ—কোথায় নেই? বেড়াতে যাবেন স্বজন-সুহূদের বাড়ি, সেখানেও আপ্যায়নের অনুষঙ্গ হিসেবে শুভ্র তস্তুরিতে তার সুশীতল রক্তিম উপস্থিতিতে প্রীত হতে পারেন। এ হলো তরমুজ, তপ্ত দিনে প্রাণে প্রশান্তি আনতে প্রকৃতির অনন্য উপহার।ফলটি আমাদের দেশে সহজলভ্য হলেও এর আদি নিবাস সুদূর দক্ষিণ আফ্রিকায়। গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় ভালো জন্মে। যিশুখ্রিষ্টের জন্মেরও আগে মিসরে তরমুজের চাষাবাদ হতো। ভারতেও তরমুজের চাষ অনেক পুরোনো। সংস্কৃতে তরমুজের নাম তরম্বুজ। এ উপমহাদেশের সর্বত্রই তরমুজের বাণিজ্যিক চাষাবাদ হয়। এর একটি প্রজাতির নাম খরমুজ। আকারে ছোট। খোসা তরমুজের তুলনায় শক্ত, পুরু এবং খসখসে। অনেকটা মাকড়শার জালের মতো। এটি মূলত জন্মে এশিয়া মাইনরে। ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান—এসব অঞ্চলেও খরমুজের চাষ হয়। তবে ভারতে যে ফলটি পাওয়া যাবে তা হয়তো ভাবতে পারেননি মোগলসম্রাট জহিরুদ্দিন বাবর। মধ্য এশিয়া থেকে কাবুল হয়ে দিল্লির মসনদ অধিকার করা তৈমুল লংয়ের এই বংশধর একবার প্রচণ্ড গরমের সময় যখন খরমুজের দেখা পেয়েছিলেন, তখন নাকি তাঁর চোখে পানি এসে গিয়েছিল মাতৃভূমির প্রিয় ফলটিকে পেয়ে। তরমুজ দেখে তাঁর মতো চোখের পানিতে না ভাসলেও বঙ্গসন্তানের কাছেও যে ফলটির জনপ্রিয়তা তুঙ্গে, এই গ্রীষ্মে সর্বত্র তার উপস্থিতিই তা প্রমাণ করে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমাদের দেশে তরমুজের বার্ষিক উৎপাদন প্রায় আট লাখ মেট্রিক টন। চাষ হয় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে। আমাদের নিজস্ব জাতের কালো রঙের পতেঙ্গা তরমুজের চাষাবাদ বলতে গেলে এখন আর হয় না। সবুজ রঙের যেসব তরমুজ বাজার ভরে আছে, এগুলো হাইব্রিড জাতের। অধিদপ্তর সূত্রে জানা গেল, এখন জাপান, তাইওয়ান ও থাইল্যান্ডের প্রায় ২০ জাতের হাইব্রিড তরমুজের চাষ হচ্ছে দেশে। চট্টগ্রামের পতেঙ্গা, নাটোর, গোয়ালন্দ, ঠাকুরগাঁও ও কুয়াকাটায় তরমুজের চাষ হয় বেশি। এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। তবে ঢাকার বাজারে দাম চড়া। গরমের কালে তরমুজ বড়ই উপাদেয়। এর পুষ্টিমান যেমন উচ্চপর্যায়ের তেমনি মৌসুমি রোগ-ব্যাধি নিরাময় এবং শরীরকে শীতল রাখতে এর জুড়ি নেই। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে, তরমুজে প্রচুর জলীয় অংশ ও আঁশ ছাড়াও রয়েছে ভিটামিন এ, সি, ডি-১, বি-২, ক্যালসিয়াম, লৌহ, শর্করা, আমিষ, চর্বি, ক্যারোটিন, পেকটিন, প্রপিওলিক এসিড, অ্যামাইনো এসিডসহ বিভিন্ন রাসায়নিক উপাদান। ইউনানি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান তিব্বিয়া হাবিবিয়া কলেজের সহকারী অধ্যাপক হাকিম ফেরদৌস ওয়াহিদ বললেন, তরমুজের ভেষজ গুণের কথা। তিনি বলেন, জন্ডিস, পিত্তজ্বর, মূত্রস্বল্পতা রোধে তরমুজ কার্যকরী। এ ছাড়া রক্তে যাদের ইউরিক এসিডের পরিমাণ বেশি এবং যেসব হূদরোগীর পিপাসার আধিক্য আছে তরমুজ তাদের জন্য উপকারী। মূত্রাশয়ের প্রাথমিক পর্যায়ের ছোট পাথর নিরাময়েও তরমুজের কার্যকারিতা আছে। তরমুজের তৈরি আয়ুর্বেদিক ওষুধ ‘সরবতে বুজুরি’। তিনি জানান, রূপচর্চাতেও তরমুজের ভূমিকা আছে। তরমুজের খোসার ভেতরের দিকটি নিয়মিত মুখে হালকা করে ঘষলে ত্বকের তৈলাক্ত ও খসখসে ভাব দূর হয়ে লাবণ্য ফিরে আসে। সজীব হয়ে ওঠে। এ ছাড়া চটকানো তরমুজের সঙ্গে মুলতানি মাটি ও লেবুর রস মিশিয়ে ঘরেই মুখের প্রলেপ তৈরি করা যায়।তরমুজ আসলে একের মধ্যে অনেক। ইতিহাস, পুষ্টি, ভেষজ, রূপচর্চাতো গেল, এখন একটু দেখে নেওয়া যাক শিল্পসাহিত্যে তার ভূমিকা কী। গরমের দিনের ‘স্থিরজীবন’ নামের চিত্র আঁকতে গেলে শিল্পীরা তরমুজকে উপক্ষো করতে পারেন না। টেবিলের ওপর এক ফালি টকটকে তরমুজের ফালি, পানির বোতল, একটি ছুরি ও তস্তুরি—গ্রীষ্মের ছবি আঁকতে আর কী চাই। জগৎখ্যাত পাবলো পিকাসো, পল সেজান থেকে শুরু করে অনেক শিল্পীর রং-তুলিতে স্থিরজীবন নামের চিত্রে তরমুজ বিখ্যাত হয়ে আছে। নজর এড়ায়নি কবিদেরও। জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘রক্তিম গ্লাসে তরমুজ মদ/ তোমার নগ্ন নির্জন হাত...।’ তবে তরমুজ নিয়ে মোক্ষম প্রশ্নটি করেছিল বোধহয় পূর্ণেন্দু পত্রীর শুভংকর তার নন্দিনীকে—‘তরমুজের বাইরেরটা সবুজ/ ভেতরটা লাল। / আচ্ছা বলতো কেন মনে পড়ল কথাটা? / পারলে না?/ তোমার সবুজ শাড়িটার দিকে তাকিয়ে।’