তপ্ত হাওয়ার দাপট
জ্যৈষ্ঠের দহনে সারা দেশের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। আবহাওয়া হয়ে উঠেছে রুক্ষ, দুঃসহ। কংক্রিটের রাজধানীতে রীতিমতো তপ্ত হাওয়ার দাপট চলছে।গতকাল শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও গরমের অনুভূতি ছিল তীব্র তাপপ্রবাহের মতো। অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ভরাট হওয়া, গাছপালা কমে যাওয়া নগরে এই অনুভূতির কারণ। নগরবাসীর এখন হাঁসফাঁস অবস্থা।ঢাকাসহ দেশের কোথাও গতকাল বৃষ্টিপাত হয়নি। আগের কয়েক দিনে ঢাকা ছাড়া কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের খবর নেই। এরই মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাস—রাজশাহী, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, পটুয়াখালী, চাঁদপুরসহ খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবহমান মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ আজও অব্যাহত থাকবে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যশোর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন আগে ঈশ্বরদীতে এ বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস সূত্র জানায়, এ বছর গ্রীষ্মের দহন অপেক্ষাকৃত তীব্রতর। মৌসুমি বায়ুর আগমন না ঘটা পর্যন্ত এ অবস্থা চলবে। বাংলাদেশে মৌসুমি বায়ু আসার আদর্শ সময় জুন মাসের প্রথম সপ্তাহ।কয়েকজন আবহাওয়া বিদ বলেন, এ বছর বর্ষা মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাতের আশা করা হচ্ছে। কোনো কারণে তা না হলে গ্রীষ্ম পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বিপর্যয়কর হতে পারে।আবহাওয়ার গত ৩০ বছরের তাপমাত্রা পর্যালোচনা করে জলবায়ু বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন, এ বছর এপ্রিল ও মে মাসের প্রায় পুরো সময়জুড়ে দেশে তাপমাত্রা ক্রমাগতভাবে বাড়ছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ভারতের পশ্চিমবঙ্গের ওপর পশ্চিমা লঘুচাপ সক্রিয় আছে। এর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে তাপমাত্রা বেড়ে গেছে। এই সময়টায় সাধারণত বঙ্গোপসাগর দিয়ে পুবালি বায়ু এসে থাকে। মৌসুমি বায়ুর আগমনী বার্তাও এই সময়টাতে দেখা যায়। কিন্তু এ বছর থেমে থেমে দাবদাহের দাপট চলছে। পুবালি বায়ুর আগমন ঘটছে না। ফলে গরমের অনুভূতি বাড়ছে।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) এক গবেষণায় দেখা গেছে, মার্চ-এপ্রিল ও মে মাসে দেশের তাপমাত্রা বৃদ্ধির হার বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি।