তফসিল ঘোষণার পর জমে উঠেছে সান্তাহার পৌর নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশের মতো বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায়ও নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে পৌর এলাকা সরগরম হয়ে উঠেছে। জমে উঠছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা পৌরবাসীর দোয়া কামনা করে সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। শহরের পাড়া-মহল্লায়, চায়ের দোকানে এখন নির্বাচনী আলাপ তুঙ্গে। সব প্রার্থীই এবার নবীনদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এ জন্য তাঁরা ক্লাবগুলোতে পিকনিকের আয়োজন করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রবীণদের কাছে চাচ্ছেন আশীর্বাদ। কারও মৃত্যুর সংবাদ পেলেই সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন তাদের বাড়িতে। হিন্দু, মুসলিম, হরিজনসহ কারও বাড়িতে যেতেই ভুল করছেন না তাঁরা। প্রার্থীদের এত তৎপরতার পরও ভোটাররা কিন্তু ব্যস্ত তাঁদের ভবিষ্যতের হিসাব নিয়ে। অতীতে কে কী করেছেন এবং ভবিষ্যতে কার কাছ থেকে কী পাওয়া যাবে এসব হিসাব কষছেন সাধারণ ভোটাররা। এ পৌরসভায় এবার মেয়র পদপ্রার্থী হিসেবে ১২ জনের নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের চারজন, বিএনপির সাতজন, জাপার একজন। এ ছাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অর্ধশতাধিক প্রার্থী গণসংযোগ করছেন। একই সঙ্গে তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য ১৬ জন প্রার্থী মাঠে নেমেছেন। পৌরসভার বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো. কামরুল হাসান বলেন, ‘দলীয় সমর্থন নিয়ে আগেও নির্বাচন করেছি, এবারও করব। ক্ষমতায় থেকে পৌরবাসীর সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আবারও যদি জনগণের সেবা করার সুযোগ পাই তবে সান্তাহারকে প্রথম শ্রেণীর পৌরসভায় রূপান্তরিত করব।’বিএনপির সম্ভাব্য প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, ‘দলের অধিকাংশ নেতা-কর্মীর সমর্থনে পৌর নির্বাচনে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছি। সুতরাং দলীয় সমর্থন পাব বলে আশা করছি।’ নির্বাচিত হলে অনগ্রসর সান্তাহার পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করবেন বলে জানান তোফাজ্জল হোসেন। অপরদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বলেন, ‘পৌরবাসী ও দলীয় নেতা-কর্মীদের সমর্থনে পৌর নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছি। নির্বাচিত হলে সান্তাহারকে ডিজিটাল পৌরসভায় রূপান্তরিত করব।’ এ দলের সাংগঠনিক সম্পাদক এস এম আখতারুজ্জামান আশা প্রকাশ করেন, ‘নির্বাচিত হলেই সান্তাহার শহরকে মাদকমুক্ত করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।’