তফসিলের পর সিটি করপোরেশন নতুন প্রকল্প শুরু করতে পারবে না: সাখাওয়াত হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সিটি করপোরেশন নতুন কোনো প্রকল্পের কাজ শুরু করতে পারবে না। তা ছাড়া অনুমোদিত কোনো প্রকল্পের ক্ষেত্রে ওই সময়ের মধ্যে অর্থ ছাড় করা যাবে না। আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনে এই বিধিনিষেধ কার্যকর হবে। সিটি করপোরেশনের আইন অনুযায়ী মেয়র স্বপদে থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন। ফলে ওই সময় নানা প্রকল্প গ্রহণ ও বিভিন্ন কাজে অর্থ ছাড় দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা হতে পারে, যা সব প্রার্থীর জন্য সমান মাঠ তৈরির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।সাখাওয়াত হোসেন জানান, ফেব্রুয়ারিতে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত।নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো শোডাউন করা যাবে না। পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ধর্মভিত্তিক দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা না-করা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার নিষিদ্ধ করলে কমিশন এ ধরনের দলগুলোকে নিবন্ধন দেবে না।