হল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয়। এতেই আতঙ্কিত ভারতীয় সমর্থকেরা। কিন্তু ‘ক্যাপ্টেনস কুল’ মহেন্দ্র সিং ধোনি অন্তত আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছেন না। তাঁর কাছে যে জয়টাই আসল। কীভাবে জিতলাম, সেটা বড় কথা নয়।দিল্লিতে ম্যাচ শেষে তাই হতাশ নন ধোনি, ‘জয়টাই জরুরি। আমি মনে করি না, এটা একটা বাজে জয়। আপনি যদি স্কোরকার্ডের দিকে তাকান, ভারতের ৫ উইকেটে জয় দেখে হতাশ হবেন না।’ষষ্ঠ উইকেটে যুবরাজকে সঙ্গী করে গড়লেন ৫২ রানের অপরাজিত জুটি। ৬৯ রানের উদ্বোধনী জুটির পর ৩০ রান তুলতেই নেই ভারতের চার উইকেট। তবে এই ব্যাটিং বিপর্যয়ের পরও যে ঘুরে দাঁড়াতে পেরেছে ভারত, সেটিতে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ধোনি, ‘আমরা যা করতে চেয়েছিলাম, তা করতে পেরেছি। মাঝের ওভারগুলোতে ব্যাটিং বিপর্যয় ঘটলে কীভাবে সামলাতে পারি, দেখতে চেয়েছিলাম। সেটা করা গেছে।’ তবে স্বীকার করতে দ্বিধা করলেন না, চ্যাম্পিয়ন হতে হলে এই পারফরম্যান্সে চলবে না। উন্নতির জায়গা এখনো অনেক আছে বলে মানছেন ধোনি, ‘যা করতে চেয়েছিলাম তা যেমন হয়েছে, তেমনি কিছু জায়গায় কাজও করতে হবে আমাদের। যেমন পাওয়ার প্লের ওভারগুলো।’আশিষ নেহরাকে মাত্র এক ওভার বল করিয়েছেন। এর পরই তাঁকে সরিয়ে নিয়ে আসেন ইউসুফ পাঠানকে। এই পরিবর্তনের পক্ষে যুক্তিও দিলেন ভারত অধিনায়ক, ‘আসলে নতুন বলে পেসারদের জন্য কিছুই ছিল না। ব্যাটসম্যানরাই শুধু সুবিধা পাচ্ছিল।’ বিশ্বকাপের আগে যুবরাজকে নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি ধোনিকে। অথচ বিশ্বকাপে অন্য চেহারার যুবরাজ। টানা দুই ম্যাচে জিতলেন ম্যাচসেরার পুরস্কার। এই অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ ধোনি, ‘আবারও যুবরাজ দারুণ ব্যাট করেছে।’ দলে পীযূষ চাওলার অন্তর্ভুক্তি নিয়েও কথা উঠেছিল। কিন্তু পরশু দুই উইকেট নেওয়া এই স্পিনারের হয়েও কথা বললেন, ‘শেষ ওভারটা ছাড়া ও কিন্তু দারুণ বল করেছে। ওর আসলে একটু আত্মবিশ্বাসের দরকার।’বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচেই হেরেছে হল্যান্ড। অধিনায়ক পিটার বোরেন হতাশ। তবে ভেঙে পড়ছেন না ২৭ বছর বয়সী ডাচ অধিনায়ক, ‘আমি ছেলেদের নিয়ে গর্বিত। পিটার সিলারকে অভিবাদন। ও এই রাত ভুলতে পারবে না।’ পিটার সেলারকে অভিবাদন! কেন? শচীন টেন্ডুলকার আর বীরেন্দর শেবাগসহ তিনি যে তিনটি উইকেট পেয়েছেন। ভারতের বিশ্বখ্যাত ব্যাটিং লাইনআপে ভাঙন ধরিয়ে রীতিমতো শঙ্কায় ফেলে দিয়েছিলেন ধোনিকে। সামনের ম্যাচে এসবই অধিনায়ক বোরেনের জন্য আত্মবিশ্বাসের রসদ, ‘১০০ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নেওয়া দারুণ ব্যাপার। তাও আবার সিরিয়াস ব্যাটিং লাইনআপের বিপক্ষে। এখন সামনের দুই ম্যাচও আমাদের জন্য বড় ম্যাচ। আজ রাতের (পরশু) এই পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।’১৪ মার্চ হল্যান্ডের পরের প্রতিপক্ষ বাংলাদেশ। ম্যাচটা হবে চট্টগ্রামে। পরোক্ষে কি বাংলাদেশকে হুমকিই দিয়ে রাখলেন বোরেন? ওয়েবসাইট।