তবু আক্ষেপের নাম ফুটবল
সাফ গেমস ফুটবল বাংলাদেশের কাছে অনেক দিনই দীর্ঘশ্বাস হয়ে ছিল। সেটি দূর হয়েছে ১৯৯৯ কাঠমান্ডু সাফে। তারপর আবার দীর্ঘশ্বাস। লিখেছেন নাইর ইকবাল১৯৮৪ সালে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসরে বাংলাদেশের সব অর্জন ম্লান গেছে কেবল ফুটবলে সোনা না পাওয়ার বেদনায়। এই অঞ্চলের সেরা দল হয়েও অনেকবারই শেষ মুহূর্তের দুর্ভাগ্যে বাংলাদেশ হারিয়েছে ফুটবলের সোনা নামের ‘সোনার হরিণ’কে।১৯৮৪ সালে ভারত খেলেনি, ফাঁকা মাঠ পেয়েও সোনা জিততে পারেনি বাংলাদেশ। তখন নেপাল, মালদ্বীপ অনেক পেছনে ছিল বাংলাদেশের চেয়ে। গ্রুপ পর্বে দুর্বল নেপাল, মালদ্বীপ ও ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষতক স্বাগতিক নেপালের কাছে ২-৪ গোলে হার, বাংলাদেশের আক্ষেপের সেই শুরু!এর পর শুধু দুর্ভাগ্য পিছু ধাওয়া করে গেল। তা এমনই যে, সাফ অঞ্চলের দেশগুলোর মধ্যে সাফ গেমসে বাংলাদেশই সবচেয়ে বেশিবার ফাইনালে খেলে সবচেয়ে বেশিবার ব্যর্থ হয়েছে!কেন এমন হয়েছিল? সাফ গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বেশ কয়েকবার নেতৃত্ব দেওয়া কায়সার হামিদ আক্ষেপ করে বললেন, ‘সাফ গেমসে কখনোই ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। সব সময়ই ভালো দল নিয়ে আমরা ব্যর্থ হয়েছি। ১৯৮৫, ১৯৮৯ ও ১৯৯৩ সালে বাংলাদেশের যে দল ছিল, তা নিয়ে সাফ গেমস জেতা উচিত ছিল। দুর্ভাগ্য আর অভ্যন্তরীণ কারণে সাফল্য আসেনি।’১৯৮৫’র বাংলাদেশ দল ছিল ইতিহাসের অন্যতম সেরা। কোচ ছিলেন কাজী সালাউদ্দিন, বাংলাদেশের কাছে আজকের দক্ষিণ এশিয়ার বাঘ হয়ে ওঠা মালদ্বীপ হারল ০-৮ গোলে! সেই বাংলাদেশ টাইব্রেকারে ভারতের কাছে হেরে গেল। কায়সার ফিরে যান সেই সময়ে, ‘টাইব্রেকারে আমরা ছিলাম অনভিজ্ঞ, যে রকম টেম্পারামেন্ট লাগে, তার অভাব ছিল আমাদের মধ্যে। আসলাম ও ইউসুফের মতো খেলোয়াড়েরা সেদিন টাইব্রেকার মিস করে বসেন। ভারতীয় দলের অভিজ্ঞতার কাছেই সেদিন বাংলাদেশ হার মানে।’বাংলাদেশের ফুটবলের আরেক তারকা সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিরের কাছেও সাফ গেমসের অন্য নাম দুঃস্বপ্ন, ‘১৯৮৭ সালে কলকাতা সাফ গেমসে জাতীয় দলে আমার অভিষেক। অধিনায়ক ছিলেন ওয়াসিম ভাই, আমাদের দলটাও ভালো ছিল। প্রথম ম্যাচে মোনেম মুন্নার (প্রয়াত) ভুলে নেপালের কাছে গোল খেয়ে শিরোপা থেকে ছিটকে গেল বাংলাদেশ।’ইসলামাবাদে ১৯৮৯ সাফে নাসের হেজাজির বাংলাদেশ ছিল ফেবারিটদের সবার ওপরে। সাব্বির তো মনে করেন, সেবার বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দলই ছিল না। ভারত ছিল বয়স্ক খেলোয়াড়দের নিয়ে গঠিত ভঙ্গুর এক দল। গ্রুপ পর্বে নূরুল হক মানিকের প্রায় ২৫ গজ দূর থেকে করা এক দুর্দান্ত গোলে ভারতের বিপক্ষে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি থেকে গোল করে ভারত খেলায় ফেরে। মাঠে গোলযোগ করে সাসপেন্ড হন অধিনায়ক ইলিয়াস। সাব্বির বলে যান, ‘ভারতের সঙ্গে জিততে না পারা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তারপর ফাইনালে পাকিস্তানের রাফ ট্যাকটিকসের সঙ্গে আমরা পেরে উঠিনি।’শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ ইসলামাবাদেও সোনা হারায়। পাকিস্তানের সঙ্গে সেই ম্যাচে হজম করা গোলটি আজও ভুলতে পারেননি সাব্বির। স্মৃতির ঝাঁপি খুলে দেন সাব্বির, পাকিস্তানের একটি লং পাসের বল মুন্নার মাথার ওপর আসে। ছোট ডি-র ঠিক মাথায় দাঁড়ানো মুন্না হেড করতে গিয়ে মিসহেড করে বসেন। সেই সময় কায়সার হামিদও ভুল করে বসেন বল ক্লিয়ার করতে গিয়ে। এ সময় গোলরক্ষক কাননের সঙ্গে ভুল বোঝাবুঝিতে পাকিস্তানের একজন খেলোয়াড় বল বাংলাদেশের জালে পাঠিয়ে দেন।জার্মান কোচ অটো ফিস্টার এসেও বাংলাদেশকে সাফ ফুটবলের শিরোপা জেতাতে পারেননি। ১৯৯৫ ফাইনালে ভারতের কাছে হার, মোনেম মুন্নার নেতৃত্বে এবারের মিশনও ব্যর্থ।অবশেষে সোনা এল ১৯৯৯ কাঠমান্ডু সাফে। ততদিনে বাংলাদেশের ফুটবল হারিয়েছে তার জনপ্রিয়তা। ভারতকে সেমিতে ও নেপালকে ফাইনালে হারিয়ে জুয়েল রানার নেতৃত্বে হাসল বাংলাদেশ, সেই হাসি ছড়িয়ে পড়েছিল গোটা দেশেই।সময়ের পরিক্রমায় সেই সাফ গেমস এখন এসএ গেমস। এসএ গেমস আবার বাংলাদেশে। বাংলাদেশ কি পারবে দক্ষিণ এশীয় গেমস ফুটবলের সোনা পুনরুদ্ধার করতে? সাম্প্রতিক সময়ে ভারতের এগিয়ে যাওয়া, এককালের চুনোপুঁটি মালদ্বীপের উত্থান, নিজেদের বাজে সময়—সব মিলিয়ে বাংলাদেশ খুব চাপে আছে। ডিসেম্বরে দেশের মাটিতে সাফ ফুটবলে সেমিতেই ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। এসএ গেমসে খেলছে অনূর্ধ্ব-২৩ দল। দলটি এখন সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচের হাতে।এবার বাংলাদেশ দল শিরোপার কাছাকাছি যেতে পারবে কি না সংশয় দেখছেন কায়সার হামিদ ও সাব্বির। কায়সার বললেন, ‘বাংলাদেশকে শিরোপা জিততে হলে ভারতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ভারতে এখন অন্য পর্যায়ের দল। শিরোপা জিততে হলে খুবই ভালো খেলতে হবে বাংলাদেশকে।’ সাব্বিরের কথা, ‘দেশের মাটিতে একটা সুযোগ থাকেই। সেই সুযোগ কাজে লাগিয়ে ভালো খেলতে হবে বাংলাদেশকে।’দেখা যাক, বাংলাদেশ সেভাবে খেলতে পারে কি না!