খোলা হাওয়ায় দম ছাড়ার স্থান কম ইট-পাথরের নগর ঢাকায়। তার চেয়েও কম বিনোদনের স্থান। রাষ্ট্রীয় উদ্যোগে সুলভ কিন্তু নিখাদ আনন্দ পাওয়া যায় কেবল শহীদ জিয়া শিশুপার্ক ও ঢাকা চিড়িয়াখানায়। এ দুটো জায়গায় ছেলে-বুড়োদের দেখা মিললেও বাঁধনহারা বিনোদন পায় কেবল শিশুরা। তাই ঈদের আনন্দমিছিল ছোটে সেদিকেই। ঈদে মানুষের ঢল সামলাতে শিশুপার্ক আর চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি প্রস্তুত? এ দুটোর বর্তমান হালই বা কেমন? লিখেছেন মিল্লাত হোসেন ও আলী আসিফ।চিড়িয়াখানায় পা রাখতে না-রাখতেই চোখে পড়ে বেশ বড় একটা বানরের খাঁচা। বাঁদরামি কাকে বলে, কত প্রকার ও কী কী, তা দেখিয়ে দুষ্টু বানরের দল দর্শনার্থীদের অভ্যর্থনা জানায়। বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় ঈদ মৌসুমে চিড়িয়াখানার দর্শনার্থীর সংখ্যাও বেড়ে যায় কয়েক গুণ। ছুটির দিনে বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানার ছায়াসুনিবিড় পথ ধরে হাঁটার আমেজটাও কিন্তু মন্দ নয়। তবে আকাশে ঈদের চাঁদ ওঠার দিন ঘনিয়ে এলেও দর্শনার্থীদের চিড়িয়াখানা কর্তৃপক্ষ কতটা খুশি করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।বানরের খাঁচা পেরিয়ে সামনে যেতেই চোখে পড়ল বেষ্টনীর মধ্যে থাকা বকের সারি। এক পায়ে ভর দিয়ে তারা সারি বেঁধে দাঁড়িয়ে। দেখে মনে হচ্ছে, কানাবকগুলো বোধ হয় অনশন করেছে। লেকের পানির দুরবস্থা দেখে এক দর্শনার্থী তো বলেই ফেলল, এই পানির যা শ্রী, তাতে মাছ থাকা তো দূরের কথা, বকগুলোর পায়ে পর্যন্ত চুলকানি হয়ে যেতে পারে! শজারুর খাঁচার সামনে যেতে না-যেতেই নাকে ভেসে এল বোটকা গন্ধ। বাঘের খাঁচায় পড়ে আছে এক টুকরো গরুর অথবা মহিষের হাড্ডি। আর না খেতে পেয়ে ভালুকটির চেহারার রুগ্ণ দশা দেখে কষ্ট পেতে পারেন যে কেউ। বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে রায়হান নামের এক দর্শনার্থী বলছিল, ‘খাঁচার সামনে তো লেইখ্যা রাখছে, প্রাণীদের খাবার দেওয়া যাবে না। কিন্তু হেরা যে খাবার দেয়, তাতে পশুপাখিগুলোর পেট ভরে না বোধ হয়। নইলে কি আর সব সময় প্রাণীগুলো ঝিমায়?’চিড়িয়াখানার পরিবেশ ভালো নয়। এর চেয়ে ভালো নিরিবিলি, ছিমছাম হতে পারত চিড়িয়াখানাটি, বলছিলেন ঝিনাইদহ থেকে স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে আসা বাহারুল ইসলাম। চিড়িয়াখানার শিশুপার্কের সামনে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। শিশুপার্কে চোখ বুলিয়ে দেখা যায়, দোলনাগুলোয় বাচ্চাদের চেয়ে ‘বড় শিশুরাই’ দোলাদুলি করছে বেশি, তবে শিশুরা মনের আনন্দে ছোট সিঁড়ি বেয়ে ওপরে উঠছে আর নামছে স্লিপার দিয়ে। ছোট্টমণিদের জন্য সুখবর এই যে, এবার চিড়িয়াখানায় গিয়ে আর ভাঙা দোলনা-খেলনা-স্লিপার দেখতে হবে না। সব কটি মেরামত করে হলুদ রঙে রাঙিয়েছে কর্তৃপক্ষ।শিশুদের প্রতি সদয় হলেও চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের প্রয়োজনীয় বিষয়গুলোতে রয়েছে কর্তাদের উদাসীনতা আর গাফিলতি। রেস্তোরাঁগুলোর সামনে খাবারের যে মূল্যতালিকা টাঙানো আছে, তা দেখে যদি কেউ খাবার খায়, তাহলে তার বেইজ্জতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ, তালিকায় টাঙানো রয়েছে, বিরিয়ানি হাফ প্লেট ৬০ টাকা। কিন্তু দোকানিরা নিচ্ছেন ৯০ টাকা করে। আইসক্রিমের ক্ষেত্রেও একই অবস্থা। প্রতিটি আইসক্রিমের মূল্যই তালিকার দরের চেয়ে অনেক বেশি। এ প্রসঙ্গে চিড়িয়াখানার ক্যানটিনের একজন কর্মী জানালেন, তালিকাগুলো টাঙানো হয়েছে ২০০৮ সালে। তারপর আর ওগুলো বদলানো হয়নি। দর্শনার্থীদের দাবি, হয় তালিকায় উল্লিখিত মূল্যে খাবার বিক্রি করা হোক, নতুবা তালিকাটি সরিয়ে ফেলা হোক।চিড়িয়াখানার সামনে দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়েও তেমন একটা সমন্বয় লক্ষ করা গেল না। দেখা গেল, পাবলিক বাস আর প্রাইভেট কার একই সারিতে রাখা। ছুটির দিনে সন্তান-সন্ততি নিয়ে বেড়াতে এসে কেউ নিশ্চয়ই বখাটে কিংবা হকারদের উৎপাতে পড়তে চান না। কিন্তু চিড়িয়াখানার এত বড় এলাকায় কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা নিরাপত্তাকর্মী কাউকে দেখা গেল না। পর্যবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ছিনতাই, ইভ টিজিং কিংবা মারামারির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের জানতে বোধ হয় বেলা পেরিয়ে যাবে।চিড়িয়াখানার রেস্তোরাঁয় টাঙানো খাবারের মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের তফাতটা তাঁদের অজানা জানিয়ে ঢাকা চিড়িয়াখানার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে দর্শনার্থীরা যদি লিখিত অভিযোগ জানায়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’ঢাকা চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর বিবেকানন্দ চৌধুরী জানালেন, চিড়িয়াখানার কর্মী বাহিনী তৎপর থাকবে, যাতে ঈদের সময় দর্শনার্থীরা নির্বিঘ্নে চিড়িয়াখানায় ঘোরাফেরা করতে পারে। দর্শনার্থীদের জন্য নতুন কোনো প্রাণী না আনা হলেও বাঘের বাচ্চা আর ওয়াইল্ড বিস্টের ছানা দেখতে পারবেন তাঁরা।