তবু আলোচনার দরজা খোলা রাখবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপের প্রস্তাব নাকচ করে নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া দেশের রাজনীতিতে ‘অশনিসংকেত’ বলে মনে করছেন রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।তবে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সময় বেঁধে দেওয়ার ঘোষণা সত্ত্বেও সরকারি দল সংলাপের উদ্যোগ অব্যাহত রাখবে।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, বিরোধীদলীয় নেত্রীর সময় বেঁধে দেওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সংলাপের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিরোধীদলীয় নেত্রী সংঘাতের পথ বেছে নিলেন। তার পরও আলোচনার দরজা খোলা আছে। সংসদে ও সংসদের বাইরে যেকোনো জায়গায় নির্বাচনকালীন সরকার-পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। আওয়ামী লীগের নেতাদের মতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাদ দেওয়া হয়েছে। ফলে তত্ত্বাবধায়ক সরকার এখন একটি অসাংবিধানিক বিষয়। অপরদিকে বিরোধীদলীয় নেতার পদটি সাংবিধানিক। একটি সাংবিধানিক পদে বসে অসাংবিধানিক দাবি তোলা মোটেই সংগত নয়। যোগাযোগ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, সংলাপের প্রয়োজন আছে। কিন্তু সংলাপের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করতে হবে। দুই বড় দলের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আর প্রকাশ্যে ঘোষণা দিয়ে সংলাপের আয়োজন করার আগে পর্দার অন্তরালে কথাবার্তা বলে সমঝোতায় আসতে হবে।আকবর আলি খান বলেন, বিরোধী দলের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, তাদের নেতাদের মুক্তি। এ বিষয়টি সরকার ভেবে দেখতে পারে। তাতে হয়তো সংলাপের পরিবেশ সৃষ্টিতে কিছুটা সহজ হতে পারে। বিরোধী দলের মনোভাবে কিছু পরিবর্তন আসতে পারে।সরকারি দলের সূত্রগুলো বলছে, বিরোধী দলের লক্ষ্য যদি হয় অবাধ ও সুষ্ঠু নির্বাচন, তাহলে সেটি কোন পদ্ধতিতে সম্ভব, তা নিয়ে আলোচনা হতে হবে। তারা এ বিষয়টি বিরোধী দলকে বোঝানোর চেষ্টা করবে। খালেদা জিয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ রোববার আওয়ামী লীগ ও ১৪ দল তাদের অবস্থান ব্যাখ্যা করতে পারে। গতকাল রাতে দলের শীর্ষ পর্যায়ে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রগুলো জানায়। আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, গতকালের সমাবেশে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যে কিছু অসামঞ্জস্য লক্ষ করেছেন তাঁরা। যেমন তিনি বলেছেন, ‘সংলাপের প্রস্তাব যথেষ্ট নয়। পরিষ্কার করে বলতে হবে—তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।’ আবার বলেছেন, ‘সংবিধান সংশোধন হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে—এটিই হবে আলোচনার বিষয়।’ এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বেগম জিয়া বলেছেন—‘আসুন, আমি আপনাকে চায়ের দাওয়াত দিচ্ছি। সেখানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবে।’আওয়ামী লীগের ওই নেতারা বলেন, আসলে খালেদা জিয়া নির্বাচনকালীন সরকার-পদ্ধতি নির্ধারণের চেয়ে বেশি আগ্রহী জটিল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টিতে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, নির্বাচনকালীন সরকার-পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুটি অবস্থান তো সবারই জানা। এটা নিয়ে আলোচনা ছাড়া তো কোনো সমাধান নেই। আলোচনার এজেন্ডা হবে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব তা নিয়ে। সেখানে কোনো সমাধান বা সমঝোতায় পৌঁছা না গেলে তখন পরবর্তী রাজনৈতিক কর্মসূচির কথা ভাবা যেত। কিন্তু আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থান মেনে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়ায় কোনো সমাধান হবে না। তিনি বলেন, জাতীয় পার্টি এখনো চায় দুই দল আলোচনায় বসুক।১৪ দলের নেতা রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার এ রকম বক্তব্য ও সময় বেঁধে দেওয়া এবারই প্রথম নয়। এ ধরনের বক্তব্য তাঁর রাজনৈতিক হঠকারিতা ও অদূরদর্শিতার ফল। এটা গণতন্ত্র ও দেশের জন্য একটি অশনিসংকেত। এর ফলে সৃষ্ট পরিস্থিতিতে তিনিই ক্ষতিগ্রস্ত হবেন।