তবু আশাবাদী ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়াকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার কাছে ভূপাতিত। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে দুই রকম অভিজ্ঞতা হলো নিউজিল্যান্ডের। সবচেয়ে হতাশার, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে না পারা। নিজেরা ২০৬ রান করে হেরেছে ৭ উইকেটে।এই পরাজয়ের ঠিক আগে দেশে ভয়াবহ ভূমিকম্প ঘটে যায়। শোকে আচ্ছন্ন হয়ে পড়ে গোটা দল। শোককে শক্তিতে পরিণত করতে পারেনি কিউইরা। তবে এখন সামনের ম্যাচের দিকে চোখ। জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচ ৪ মার্চ আহমেদাবাদে।কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বলছেন, ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ম্যাচের পর নিজেদের আবার মানসিক ও শারীরিকভাবে তৈরি করতে সাত দিন পাওয়া যাচ্ছে, যেটা যথেষ্ট। ভেট্টোরির নিজেরসহ আরও কয়েকজন খেলোয়াড়ের চোট আছে। এই সময়ের মধ্যে সবাই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদ নিউজিল্যান্ড শিবিরে।‘কাইলস মনে হচ্ছে পুরো ফিট। পরের ম্যাচের আগে লম্বা একটা বিরতি পাচ্ছি আমরা। কাজেই ১৫ জন খেলোয়াড়কেই পাব বলে আশা করছি।’ বলেছেন ভেট্টোরি। এর অর্থ কী, স্কট স্টাইরিসের ভাঙা আঙুল ঠিক হয়ে গেছে? ভেট্টোর কথা, ‘স্কটের আঙুল ভাঙা, তবে সময় তো আছে। আশা করছি এটা ঠিক হয়ে যাবে।’ নিজের ব্যাপারে বলছেন, ‘আমার হ্যামস্ট্রিং সমস্যা আছে, তবে অবশ্যই আমার ফিট হয়ে ওঠা উচিত।’অধিনায়ক পরের ম্যাচে একটা ফিট দল পাওয়ার ব্যাপারে আশাবাদী। কিন্তু মাঠের পারফরম্যান্স? ব্যাট-বলের লড়াইয়ে এই দল ঘুরে দাঁড়াতে পারবে কি? এটা প্রশ্ন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কাছে ৪-০, ভারতের কাছে ৫-০ ম্যাচে বিধ্বস্ত দলটির দুরবস্থা চলছেই। বিশেষ করে, ব্যাটিংয়ে খুবই খারাপ অবস্থা। অস্ট্রেলিয়া ম্যাচে ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলায় লড়াইটা তো একদমই জমল না।তাহলে নিউজিল্যান্ডের সমস্যাটা কোথায়? এটা বড় প্রশ্ন এবং উত্তরও তৈরি—বাজে ফর্মের সঙ্গে একটা দল হয়ে খেলতে না পারা। দলের অন্যতম ব্যাটিং ভরসা টেলর গত ছয়টি ওয়ানডেতে সাকল্যে করেছেন ১১৪ রান। মাত্র একটি ফিফটি। নিজের তিনটি ওয়ানডে সেঞ্চুরির সর্বশেষটি করেছেন সেই ২০০৮ সালের অক্টোবরে।‘ব্যাটিং তো আমাদের খেলারই অংশ এবং ব্যাটিং নিয়ে আমরা খুশি নই। প্রথম চারে আমাদের খুব ভালো ব্যাটসম্যান আছে। আমাদের এখন দরকার নিজেদের খুঁজে পাওয়ার জন্য একটা পথ। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ, কিন্তু পারফর্মই যদি না করতে পারল, তাতে কী আসে যায়।’ বলেছেন ভেট্টোরি।বিশ্বকাপের সেমিফাইনালের বাধা কখনোই পেরোতে পারেনি নিউজিল্যান্ড। যা অবস্থা এবার, তাতে বেশি কিছু আশা করতে পারছেন না ভেট্টোরি। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা বড় এক পরীক্ষাই নেবে নিউজিল্যান্ডের। ওয়েবসাইট।