তবু কিছু প্রাপ্তি আইরিশদের
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মতো এবারও আইরিশরা স্বপ্ন দেখেছিল গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়ার। ইংল্যান্ড-দৈত্য পরাভূত করে চিত্রনাট্যও তৈরি করেছিল তারা। কিন্তু পরশু ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩১ রানের হারে তাদের সেই স্বপ্ন গুঁড়িয়ে গেছে।অথচ টসে জিতে ফিল্ডিংয়ে নেমে বোলিং-ফিল্ডিং হয়েছিল দুর্দান্ত। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে বেঁধে ফেলেছিল ২৭২ রানে। একপর্যায়ে তো ১১৭ রানেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিল তারা দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় পাঁচ ব্যাটসম্যানকে। ইংল্যান্ড-বধের পর যে স্বপ্নের ফানুস উড়ছিল আকাশে, দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর সেটাই দপ করে নিভে গেছে ঝোড়ো বাতাসে।স্বাভাবিকভাবেই উইলিয়াম পোর্টারফিল্ডরা খুবই হতাশ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড অধিনায়ক যা বললেন তার সারমর্ম—ব্যাটিংটাই ডুবিয়েছে তাঁদের, ‘মোট রানটা সমস্যা ছিল না। আমাদের বোলিং এবং ফিল্ডিং ভালো হয়েছে। তাদের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের আমরা ঠিক সময়েই ফিরিয়ে দিয়েছিলাম। আমরা স্রেফ দ্রুত উইকেট হারিয়েছি।’তবে মাত্র ১৪১ রানে গুঁড়িয়ে যাওয়ার পেছনে শুধু ব্যাটসম্যানদের ব্যর্থতাই দায়ী নয়, পোর্টারফিল্ড কৃতিত্ব দিলেন দক্ষিণ আফ্রিকান বোলারদেরও, ‘তাদের (দক্ষিণ আফ্রিকার) দুর্ধর্ষ বোলিং আক্রমণ। ডেল (স্টেইন) ও (মরনে) মরকেল অসাধারণ। স্পিনাররাও ভালো করেছে। ওদের কৃতিত্ব আপনাকে দিতেই হবে।’বাংলাদেশের বিপক্ষেও ছোট লক্ষ্য (২০৬) তাড়া করতে নেমে তারা গুটিয়ে যায় ১৭৮ রানে। পোর্টারফিল্ডের উপলব্ধি, জুটি গড়তে না পারাই এই ব্যর্থতার কারণ, ‘বড় জুটি গড়ার ব্যাপারে আমাদের দুর্বলতা আছে। এ নিয়ে আমাদের কাজ করতে হবে।’এখান থেকেই শেষ হয়ে গেল আইরিশদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। তবে আগামীকাল হল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিতেই শেষটা মনে রাখার মতো করে রাখতে চায় তারা। এই বিশ্বকাপ থেকেও তো তাদের প্রাপ্তি কম নয়। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া, ইংল্যান্ডের বিপক্ষে জয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজেরও ঘাম ছুটিয়ে দেওয়া।সহযোগী দেশ বলে আয়ারল্যান্ড বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ খুব একটা পায় না। পোর্টারফিল্ড তাই বলছেন, বিশ্বকাপের ছয়টি ম্যাচ তাঁর দলের অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দিয়েছিল, ‘দেশ হিসেবে, দল হিসেবে আমরা শিখছি। হ্যাঁ, অভিজ্ঞতা অর্জন করছি।’