তবু তরুণ চম্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়, সংসার, সন্তান—সব সামলেছেন। সময়ব্যবস্থাপনা দিয়ে নিজের কাজ আর সংসার সাজিয়েছেন দক্ষ হাতে। নজর রেখেছেন সন্তানের বেড়ে ওঠায়, লেখাপড়ায়। সম্প্রতি মেয়ের বিয়ে দিয়ে হয়েছেন শাশুড়ি। রান্না, বাগান করা আর ঘর সাজানো— সবই করেন নিজের হাতে।তার পরও রাখেন নিজের জন্য একটু সময়। সবচেয়ে বড় কথা, নিজেকে তরুণ ভাবেন সব সময়‘মেয়ের বিয়ের পর জীবনের নতুন সুখ খুঁজে পেয়েছি। শাশুড়ি হওয়ার এই আনন্দ অন্য রকম। মনে হয় সার্থক আমি।’ বলেন চলচ্চিত্র অভিনয়শিল্পী চম্পা। কর্মব্যস্ত এই মানুষটির পরিবার, সংসার সামলান কীভাবে—জানতে চাইলে হেসে বলেন, ‘একটা সময় খুব ব্যস্ত কেটেছে। এখন তো অনেকখানি অবসর। ব্যস্ত সময়গুলোতেও পরিবারকে পর্যাপ্ত সময় দিয়েছি। সন্তানকে মানুষ করতে পেরেছি। আসলে কাজের চাপ যতই থাকুক না কেন, ইচ্ছা থাকলে সঠিকভাবে সবকিছু সামলানো যায়। সময় ব্যবস্থাপনার মধ্য দিয়ে এতগুলো বছর পার করেছি। সারা দিন হয়তো সন্তানের সঙ্গে থাকতে পারিনি। কিন্তু তাতে কী, আমি তো কোয়ালিটি টাইম দিয়েছি। তবে পরিবারের সহযোগিতা না পেলে এ অবস্থানে আসা সম্ভব হতো না। আমার মেয়ে এশার সঙ্গে বোঝাপড়া খুব ভালো। আর আমার স্বামী শহীদুল ইসলাম খান জীবনে কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করেননি। মানুষ হিসেবে তিনি অসাধারণ। এমন হয়েছে যে মেয়েকে নিয়ে নিজেই রান্না করে ফেলেছেন। চমৎকার রান্না করেন তিনি। ‘আমাকে চমকে দিতে ওরা প্রায়ই এ ধরনের উদ্যোগ নিত। আর এশা যখন কানাডায় পড়ত, সে সময় বছরে ছয় মাস আমি ওর সঙ্গে গিয়ে থাকতাম। আমার স্বামী তাঁর ব্যবসার কারণে যেতে পারতেন না। তিনি দেশে থাকতেন। কোনো অসুবিধা হলে নিজেই সামলে নিতেন। এভাবেই কেটে গেল এত বছর।’আপনি নিজেও তো চমৎকার রান্না করেন, কার রান্না বেশি ভালো? এমন প্রশ্নের উত্তরে চম্পা বলেন, ‘আমার স্বামী এদিক থেকে এগিয়ে। তবে আমি রান্না করতে পছন্দ করি। এখন তো আমার ছেলে তানভীরকে (মেয়ের স্বামী) নিত্যনতুন পদ করে খাওয়াতে ভালোবাসি। ও আমার হাতের রান্নার দারুণ ভক্ত। তানভীরের তৃপ্ত মুখটা দেখলেই আর কিছু লাগে না। এসব করে সময় কাটছে। আর আমার বাগান তো আছেই। প্রকৃতি আমাকে খুব টানে। গাছগাছালি পছন্দ করি আমরা তিন বোনই। তাই তো দিনের অনেকটা সময় বাগানের পেছনে ব্যয় হয়। নতুন চারা লাগানো। আগা ছাঁটা। সময়মতো গাছে পানি দেওয়া। বাড়ির ছাদে সবজির চাষ করেছি। শীতকালে সালাদের কোনো সবজি কিনি না। পুরোদস্তুর মালীর কাজ করি। খুব উপভোগ করি এ কাজ করতে।ব্যস্ততার মধ্যেও আমি নিজের জন্য আলাদা সময় রাখি, যা আমার একান্ত। বাড়িতে একটা বিশেষ ঘর আছে। যেখানে মাঝেমধ্যে গিয়ে চুপচাপ বসে থাকি। গান শুনতে ভীষণ পছন্দ করি। আনন্দ-বেদনার সঙ্গী যেন গান। নিজের অভিনীত চলচ্চিত্র দেখি। নিজের সঙ্গে স্মৃতি রোমন্থন করি। মজার বিষয় হলো, এই ঘরে এশা ছাড়া অন্য কারও প্রবেশাধিকার নেই। এমনকি আমার স্বামীরও না। এ ছাড়া প্রতিদিনকার কিছু কাজ তো করতেই হয়। নিয়মিত ব্যায়াম করি। রূপচর্চাও একটু-আধটু করা হয়। টিভিতে জিটিভি ও স্টার প্লাসের কয়েকটা নিয়মিত ধারাবাহিক দেখি। এগুলো না দেখলে আমার ভালো লাগে না। সামনের মাস থেকে নতুন করে কাজ করব। একটি চলচ্চিত্রের শুটিং আছে। তবে বেছে বেছে কাজ করব।‘এ ছাড়া মাসে এক দিন বাড়ির কাজের লোকের সঙ্গে সব কাজ করি। প্রয়োজনে বাথরুমও পরিষ্কার করি। আমি খুব গোছানো স্বভাবের। ঘর সাজিয়ে-গুছিয়ে রাখতে ভালো লাগে। যথাস্থানে জিনিস না থাকলে বিরক্ত লাগে।’‘এখন তো শাশুড়ি হয়েছি। তাই আরও বেশি গুছিয়ে রাখি। এশার বিয়ের পর সকাল-বিকেল আসে আমাদের দেখতে। একা মনে হয় না। মেয়েকে বিয়ে দিয়ে একটা ছেলেও পেয়েছি। দুই সন্তানকে ঘিরে এখন সব স্বপ্ন। মেয়ের শ্বশুরবাড়ির ওরা বেড়াতে আসে। আমরা যাই। তার জন্য একটা আয়োজন করতে হয়। কী পোশাক পরব, ওদের জন্য কোন খাবার নিয়ে যাব। এসব ভাবতেই সময় কাটে। নতুন এই আত্মীয়তা খুবই ভালো লাগছে। আমরা তো দুই পরিবার মিলে পরিকল্পনা করেছি। বছরে কয়েকবার বাইরে ঘুরতে যাব। এশা সাংঘাতিক বেড়াতে পছন্দ করে। ‘সামনে ঈদ আসছে। মোটামুটি কেনাকাটা করা শেষ। ঢাকার মিরপুর বেনারসিপল্লি থেকে মেয়ের জন্য বেনারসি শাড়ি কিনেছি। মেয়ের জামাই, মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জন্য সৃষ্টি বুটিক থেকে পোশাক তৈরি করে নিয়েছি। ওরাও আমাকে উপহার দিয়েছে। অনেক মজা হয় এখন। ঈদের আনন্দ বহুদিন পর নতুন করে উপলব্ধি করছি।‘ছোটবেলায় ঈদের উপহার পেলে যেমন লাগত, ছেলেমেয়ের জন্য কেনাকাটা করতে গিয়ে সেই আনন্দ পেয়েছি। আর আমার মনটাকে তরুণ রেখেছি। সে কারণে বয়স আমাকে কাবু করতে পারেনি। মেয়ে তো গর্ব অনুভব করে। আমি এখনো তরুণ। ওদের মতো করে ভাবতে পারি। কাজও করতে পারি অনেক। সবাই এখন বলে, আমি একজন সার্থক স্ত্রী, সার্থক মা। এর থেকে বড় প্রাপ্তি আর কী আছে।’