তবু ধ্রুপদী ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেমিফাইনালে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। ফাইনালে উঠেছে বায়ার্ন-চেলসি। এই দুই দলের ফাইনাল তবু কম রোমাঞ্চের নয়। লিখেছেন নির্ঝর আহমেদ১৯ মে, আলিয়াঞ্জ অ্যারেনা, মিউনিখআবেগের বিস্ফোরণ! কল্পনার জাল বোনা। কত কিছুই না হয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার সম্ভাব্য চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে। সেই স্বপ্নে বাস্তবতার চাবুক। রিয়াল-বার্সা নয়, ফাইনাল খেলবে বায়ার্ন মিউনিখ-চেলসি। এ যেন পোলাও-মাংসের বদলে, ডাঁটা চচ্চড়ি দিয়ে নিমন্ত্রণ সারা! ১৯ মের চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা দর্শক টানতে পারবে তো?নিশ্চিত থাকুন, পারবে। কেননা দুটো দলই যন্ত্রণার আগুনে পোড়া, জলে ডোবা আর শাপভ্রষ্ট। ঐতিহাসিক ট্রেবলের স্বপ্নে বিভোর থাকা বায়ার্ন হাতছাড়া করেছে বুন্দেসলিগার শিরোপা। গতকাল রাতে জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাতে না পারলে শূন্য হাতে মৌসুম শেষ করার শঙ্কা থাকবে বায়ার্নের। আর এফএ কাপ জিতলেও প্রিমিয়ার লিগে সেরা চারে থেকে চেলসির আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলাই অনিশ্চিত। এই ব্যর্থতা ঢাকার সবচেয়ে বড় সুযোগ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সুযোগ, গর্বের মিনারকে সুসজ্জিত করারও। দল দুটো সেটা হাতছাড়া করতে চাইবে না বলেই জমজমাট ফাইনালের প্রত্যাশা করাই যায়। তারপরও সন্দেহ? তাহলে কিছু যুক্তি আর পরিসংখ্যান তুলে ধরা যাক—সমানে সমানচেলসি-বার্সেলোনার সেমিফাইনালটা ভুলে যাননি নিশ্চয়ই। ৭০ শতাংশের বেশি বল দখলে ছিল বার্সেলোনারই! একটা দলের একের পর এক আক্রমণ প্রতিহত হচ্ছে অন্য দলের গড়া দেয়ালে, কার ভালো লাগে এমন ম্যাচ দেখতে। বায়ার্ন-চেলসি ফাইনালে পৌঁছানোয় বলের দখলে অন্তত ভারসাম্য থাকবে অনেকটা। কেননা দুটো দলের খেলার ধরন অনেকটা একই রকম। দুই দলেরই রক্ষণ মজবুত। মিডফিল্ডাররা খুব দক্ষ না হলেও অত্যন্ত ধূর্ত। দুই দলের আক্রমণও শুরু হয় দুই প্রান্ত থেকে আর ফরোয়ার্ডরাও দৈত্যের মতো!মানুষ বনাম মানুষঅন্য গ্রহের দল বার্সেলোনা। মেসি, রোনালদোরা এসেছেন ভিন গ্রহ থেকে! অনেক ফুটবল বিশেষজ্ঞ, কোচ আর খেলোয়াড়ই বলে থাকেন কথাগুলো। সেদিক থেকে ভালোই হয়েছে। এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলবে পোড়-খাওয়া মানুষগুলোই। দ্রগবা, ল্যাম্পার্ড, রোবেন, গোমেজরা আর যা-ই হোন, মঙ্গল-নেপচুন-ইউরেনাসের নন, এই পৃথিবীরই ফুটবলার!এমনিতেই ধ্রুপদীশীত-গ্রীষ্ম-বর্ষা যা-ই হোক না কেন, ঈদের দিন ঈদগাহ আর পুজোয় মন্দির চত্বরে আসার জন্য ডাকতে হয় না কাউকে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালও তাই। এটা ডি স্টেফানোদের সময় যেমন ধ্রুপদী ছিল, এখনো তা-ই। পুরো পৃথিবীর কোটি চোখ ম্যাচটার ওপর থাকে বলে খেলোয়াড়েরা শতভাগ উজাড় করে দেন নিজেদের। তাই বায়ার্ন-চেলসি ফাইনাল খেলবে বলে ম্যাচটা জমবে না, ভাবার কারণ নেই কোনো। রিয়াল-বার্সাকে পেছনে ফেলেই তো এ পর্যন্ত পৌঁছেছে তারা, নাকি?ঘরের মাঠে ইতিহাসের হাতছানিঘরের মাঠে নাকি শিয়ালও বাঘ! চ্যাম্পিয়নস লিগে খাটে না প্রবাদটা। সেই ১৯৫৫ থেকে ২০১১ পর্যন্ত কেবল দুটি দলই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে ঘরের মাঠে। ১৯৫৭ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে ফিওরেন্টিনাকে আর ১৯৬৫-তে সান সিরোর ফাইনালে ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছিল বেনফিকাকে। এবার নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ কি পারবে চেলসিকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে? পুরো মৌসুমে নিজেদের মাঠে একটা মাত্র ম্যাচ হারায় এগিয়ে রাখতেই হবে বায়ার্নকে। রিয়াল, ইন্টারের কীর্তির সময় টুর্নামেন্টটার পরিচিত ছিল অবশ্য ইউরোপিয়ান কাপ নামে। ১৯ মের ফাইনাল জিতলে ’৯২ থেকে চ্যাম্পিয়নস লিগ হয়ে যাওয়া টুর্নামেন্টে নিজেদের শোভাটা আরও বাড়াবে চারবারের চ্যাম্পিয়নরা।বয়সীদের শেষ সুযোগমুখের ভাজে বয়সের ছাপ লাম, ওলিচ, কোল, এসিয়েন, দ্রগবা, ল্যাম্পার্ডদের। তবু তাঁরাই পুরো টুর্নামেন্টে তরুণদের শিখিয়ে এসেছেন জেদের মাহাত্ম্য। দ্রগবাদের সমবয়সী কোচ ভিয়াস বোয়াস চেলসি থেকে বিতাড়িত হওয়ার পর এফএ কাপ জিতে আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে টেরির দল দেখিয়েছে বুড়োদের অদম্য জেদ। লাম, ওলিচরাও একসময় জাগিয়েছিলেন ট্রেবলের সম্ভাবনা। সেটা হয়নি, তবে এটাই হয়তো তাঁদের চ্যাম্পিয়নস লিগ জয়ের শেষ সুযোগ। সেটা কি আর হাতছাড়া করতে চাইবেন কেউ।বিশ্বসেরা দুই গোলরক্ষকবিশ্বের অন্যতম সেরা দুই গোলরক্ষক মুখোমুখি হচ্ছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। রিয়ালের বিপক্ষে টাইব্রেকারে রোনালদোর শট ঠেকিয়েছিলেন ম্যানুয়েল ন্যয়ার। অপর সেমিফাইনালে মেসি, জাভি, ইনিয়েস্তাদের শটের স্রোত ঠেকিয়েছিলেন পিওতর চেক। কেবল এই দুটো ম্যাচই নয়, পুরো মৌসুমেই অনন্য ধারাবাহিক দুজন। তাই গোলরক্ষকের হাত ফসকে হওয়া ‘ভুল’ কোনো গোলে ম্যাচের ভাগ্যলিপি বদলে যাওয়ার আশঙ্কা কম। এমনকি সম্ভাবনা থাকছে টাইব্রেকারে শিরোপার নিষ্পত্তি হওয়ারও?ইংলিশ দলের বিপক্ষে বায়ার্নইউরোপিয়ান প্রতিযোগিতায় ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে বায়ার্ন মিউনিখ খেলেছে ৩৫ ম্যাচ। জয় পেয়েছে ১৩, ড্র ১২ আর হারের তেতো স্বাদ পেতে হয়েছে ১০ ম্যাচে। বায়ার্নের গোল ৫১টি আর তাদের জালে বল জড়িয়েছে ৪৩ বার। তবে ইংলিশ দলের বিপক্ষে মিউনিখে খেলা ১৬ ম্যাচে হারতে হয়েছে মাত্র একবারই, বিপরীতে জয় আছে ১০টা।জার্মান দলের বিপক্ষে চেলসিবুন্দেসলিগা ক্লাবের বিপক্ষে রেকর্ডটা সমীহ জাগানিয়া চেলসির। ১৩ ম্যাচের মধ্যে জয়ই সাতটি, হার চারটিতে আর ড্র দুই ম্যাচে। ভয়ের ব্যাপার, চারটি হারই আবার জার্মানির মাটিতে। জার্মানির মাটিতে ছয়বারের সফরে চেলসি জয় নিয়ে ফিরতে পেরেছে মাত্র একবারই। ২০০৩-০৪ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় স্টুটগার্টকে ‘নীল’রা হারিয়েছিল ১-০ গোলে। বায়ার্নের সঙ্গে ২০০৪-০৫ মৌসুমের দেখায় অবশ্য দুই লেগ মিলিয়ে এগিয়ে চেলসিই। সেবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-২ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে দ্রগবারা হেরেছিল ২-৩-এ আর দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় পেয়েছিল ফাইনালের টিকিট। ফাইনাল বলে এবার অবশ্য সোনার হরিণ খাঁচাবন্দী করতে হবে একবারের চেষ্টায়ই।কোন দল কতবার চ্যাম্পিয়ন৯ রিয়াল মাদ্রিদ৭ এসি মিলান৫ লিভারপুল৪ বায়ার্ন মিউনিখ৪ বার্সেলোনা৪ আয়াক্স আমস্টারডাম