বইমেলাটা শেষ পর্যন্ত প্রকাশকদের মেলায় রূপান্তরিত হয়েছে। তবু খুশি নন প্রকৃত প্রকাশকেরা। কারণ, এখনো পাইরেটেড বই বিক্রি বন্ধ হয়নি। তবে বইপ্রেমী পাঠকদের বেশির ভাগই জানেন না, পাইরেটেড বই কী। শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান বলেন, ‘লেখক ও প্রকাশকদের স্বত্বাধিকার লঙ্ঘন করে যে বই ছাপা হয়, তাকেই আমরা পাইরেটেড বই বলে থাকি। আমাদের বাংলাবাজারকেন্দ্রিক একশ্রেণীর প্রকাশক আছেন, যাঁরা মূলত পশ্চিমবঙ্গের বাংলা বই লেখককে ফাঁকি দিয়ে প্রকৃত প্রকাশকের অজান্তে এখানে ছাপিয়ে বিক্রি করেন। পাইরেটেড বই অর্ধেকের কম দামে কিনতে পারায় এখানকার ক্রেতারা ঝুঁকছেন ওই পাইরেটেড বইয়ের দিকে।’ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, ‘বাংলাবাজারে শুধু পাইরেটেড বই ছাপা হয় না। মুক্তধারা থেকে শুরু করে সময় প্রকাশন পর্যন্ত বাংলাদেশের গৌরব করার মতো বেশির ভাগ প্রকাশকের ঠিকানা এখনো বাংলাবাজার। বাংলাবাজারের সব সৃজনশীল প্রকাশকই চান, পাইরেটেড বই বিপণন বন্ধ হোক।’সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, গতকাল বইমেলায় ঝটিকা অভিযানে ১৫টি স্টলে নীতিমালা অনুমোদন করে না—এমন সব বই পাওয়া গেছে। তিনি জানান, আজ বইমেলা পরিচালনা কমিটির বৈঠকে স্টলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে।উল্লেখ্য, ফরিদ আহমেদ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক এবং সমিতির প্রতিনিধি হিসেবে বইমেলা পরিচালনা কমিটির একজন সদস্যও। অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন নাথ বলেন, শুধু মেলার ভেতরে পাইরেটেড বই বিক্রি বন্ধ করলে হবে না। বাইরেও নজর দিতে হবে। তিনি জানান, তাঁর প্রকাশনা সংস্থা অনুপম থেকে এবার ৪০টির মতো বই আসবে। এরই মধ্যে মুহাম্মদ হাবিবুর রহমানের রবীন্দ্রনাথকে নিয়ে লেখা এক প্রাচ্যচিত্তে প্রতীচ্য প্রতীতি, যতীন সরকারের যুগান্তরের ঘূর্ণিপাক ও বাংলাদেশের উপন্যাস, মোরশেদ শফিউল হাসানের বুদ্ধিমুক্তির দায় ও দায়িত্বসহ ২৯টি বই মেলায় এসেছে।মুহাম্মদ হাবিবুর রহমানের আরেকটি বই ভাষার আপন পর মেলায় এনেছে প্রথমা প্রকাশন। এই বইয়ে মুহাম্মদ হাবিবুর রহমান মাতৃভাষা ভালোভাবে শেখার পাশাপাশি ‘এখনো দূরদেশি ভাষা থেকে বাতির আলো সংগ্রহ করা’র প্রয়োজনীয়তার কথাও বলেছেন। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ—বাংলাদেশের ইতিহাস-সংক্রান্ত নানা বইয়ের দিকে কয়েক দিন ধরে পাঠকের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে বলে প্রকাশকেরা জানালেন। অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক বললেন, শাহবাগের আন্দোলনের ঢেউ লেগেছে পাঠকের মনে। তাঁর প্রতিষ্ঠান অনন্যা প্রকাশিত মুনতাসীর মামুনের আলবদর ১৯৭১ খুব বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি। শিক্ষাবিদ আনিসুজ্জামান সম্পাদিত মুক্তির সংগ্রাম মেলায় এনেছে চন্দ্রাবতী একাডেমী। এই বইয়ে উপনিবেশ পর্বে মানুষের মুক্তির লক্ষ্যে পরিচালিত অগণিত সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে। বইটি সম্পাদনা পর্ষদে আছেন আবদুল মমিন চৌধুরী ও সেলিনা হোসেন। নতুন বই: গতকাল মেলায় নতুন বই এসেছে ১১৩টি। ইমদাদুল হক মিলনের প্রিয় হুমায়ূন আহমেদ এনেছে অন্যপ্রকাশ। মোহিত কামালের দুটি উপন্যাস মরুঝড় ও পাথরপরান বিদ্যাপ্রকাশ, শিশু-কিশোর উপন্যাস বন্ধু আমার বন্ধু পাঠসূত্র থেকে মেলায় এসেছে। সৈয়দ ইশতিয়াক রেজারগণমাধ্যম ভাবনা, সৈকত হাবিব সম্পাদিত বুদ্ধিজীবী: ইতিহাস অনুসন্ধান ও আত্মপাঠ কথা প্রকাশ, আহসান হাবীবের সেলিব্রেটি জোকস্ কালি কলম প্রকাশনা, মহিবুল আলমের উপন্যাস সাদা মেঘের ভেলা পাঠসূত্র, ফারজানা উর্মির আমার আকাশ নীল সময় প্রকাশন, রকিব হাসানের পিশাচ সম্রাট অঙ্কুর প্রকাশনী, নীলকমল বিশ্বাসের গোলাম আযম ও গণ-আদালত এশিয়া পাবলিকেশন্স মেলায় এনেছে।মেলামঞ্চে: মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত ‘আখতারুজ্জামান ইলিয়াস: অনন্য লেখকের প্রতিকৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মাসুদুজ্জামান। ফজলুল আলমের সভাপতিত্বে আলোচনা করেন আবদুস সেলিম ও আহমাদ মোস্তফা কামাল।