তবু পড়ছি
‘মানহার বয়স যখন ১১ মাস তখন ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। মানহা এত ছোট যে বাড়িতে রেখে যেতে মন টানত না। তাই সঙ্গে করেই বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতাম। ছাত্রীদের বসার জায়গা কলাভবনের কমনরুমে বসে পড়তাম আর মাঝে মাঝে দেখতাম মানহাকে। পরীক্ষার তিন ঘণ্টা সময়ে কোনো দিন শাশুড়ি, কোনো দিন পরিচিত কেউ মানহাকে দেখত। পরীক্ষা শেষে মানহার মুখটা দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যেত।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী শাকিলা জাহান। শাকিলা জাহান আরও বলেন, মানহার বাবা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাড়িতে সন্তানকে দেখার মতো আলাদা তেমন কোনো লোক নেই। তাই এক মাস বয়স থেকেই সন্তানকে নিয়ে ক্লাস করেন তিনি। এরই মধ্যে মানহা মায়ের কোলে জায়গা করে নিয়েছে। বারবার নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছে মায়ের মুখটা। যেন সব মনোযোগ তার দরকার। একটু থেমে আবার বলেন শাকিলা জাহান, ‘কখনো স্বামী আশরাফুল কবির, কখনো আমি ক্লাসের ফাঁকে ফাঁকে মানহাকে রাখি। আর পড়াশোনার বাইরে সংসারের কাজ তো আছেই। সবকিছু মানিয়ে নিতে হিমশিম খেতে হয়। এত কিছুর পরও পড়াশোনাটা কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছি।’ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষার্থী আছেন যাঁরা মা হয়েছেন, তবে পড়াশোনা থেমে যায়নি। সংসারের কাজ, মায়ের দায়িত্ব, আবার শিক্ষার্থী হিসেবে পড়াশোনা—সবকিছুই সামলে চলছেন সমান তালে। একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইভানা রেজার গল্পটা অনেকটা এমনই। মাস্টার্স পরীক্ষা শেষ করে এখন ব্যস্ত থিসিসের কাজ নিয়ে।ইভানা বলেন, ‘ঈশানের অস্তিত্ব যখন টের পাই তখন সবে মাস্টার্সে ভর্তি হয়েছি। পড়াশোনার চাপ, কিন্তু ভেতর থেকে সন্তানের স্পর্শ আমাকে বারবার শিহরিত করত। পরীক্ষা দিতে খানিকটা সমস্যা হয়েছে। ঈশানের বয়স এখন নয় মাস। সন্ধ্যায় সময় দিয়েছি ঈশানকে। তবে ভালো ফলের জন্য রাত জেগে পড়াশোনা করেছি।’পরিবারের সদস্যদের সহযোগিতা কেমন ছিল?‘আমি একবাক্যে বলব, পরিবারের সহযোগিতা ছাড়া মা হওয়ার পর পড়াশোনা করতে আসলেই সমস্যা হতো। এখন থিসিসের কাজ করছি। তাই চাপ একটু বেশি। তবে আমার স্বামী অনেক সহযোগিতা করে। আমার সন্তান অনেক ছোট, তার পরও আমার মনে হয় ও অনেক কিছুই বোঝে। ও বোঝে, রাত না জেগে দ্রুত ঘুমিয়ে পড়া উচিত।’ আর নিজের ক্যারিয়ার? মুচকি হেসে এই মা বলেন, ‘ঈশান একটু বড় হলেই নিজের ক্যারিয়ার নিয়ে ভাবব। স্বাবলম্বী তো হতেই হবে।’একই বিভাগের কোহিনূর সরকার বলেন, ‘মা হওয়া তো গর্বের। আমি সন্তানকে নিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করি। ওর হাসি আমাকে স্বর্গীয় সুখ দেয়। কখনো ঝামেলা মনে হয় না। আমি মনে করি, প্রতিটা কাজ পরিকল্পনামাফিক করলে কোনো সমস্যা হয় না। আমার জীবনে অনন্ত সুখ দিয়েছে আমার সন্তান। তাই সন্তানকে ঠিকভাবে সময় দিতে চাই। তবে ক্যারিয়ার বাদ দিয়ে নয়।’ দর্শন বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী রুনা খানম বলেন, ‘মেয়ে লাবিবার বয়স সাড়ে তিন বছর। প্রতিদিন ক্লাসে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের দিবাযত্নকেন্দ্রে লাবিবাকে দিয়ে তবেই যাই ক্লাসে। নিয়মিতই ক্লাস করি।’ আর পড়াশোনা? এবার রুনার উত্তরটা বেশ জোরালো, ‘পড়াশোনা তো করতেই হয়। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই।’নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘মা হওয়ার কারণে এক সেমিস্টার পিছিয়ে পড়েছি। সন্তানের মুখের দিকে তাকালে সব কষ্ট দূর হয়ে যায়। বাকি সেমিস্টারগুলো ঠিকভাবে পড়তে চেষ্টা করব। পড়াশোনাটা তো করতেই হবে। তবে মায়ের দায়িত্ব বাদ দিয়ে নয়।’ওঁরা বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠে পড়ছেন। সঙ্গে সঙ্গে মায়ের মতো বড় দায়িত্ব পালন করছেন। ওঁরা বলেন, মা হওয়া মানেই সবকিছু থেমে যাওয়া নয়। তাই সব দায়িত্ব পালন করেই প্রতিনিয়ত এগিয়ে চলার স্বপ্ন বুনছেন।