তবু ফিরে আসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষার্থে তাঁরা পাড়ি জমিয়েছিলেন বিদেশে। লেখাপড়া শেষে পেশাজীবন শুরু করেছিলেন কেউ কেউ। এভাবেই কেটে গেছে অনেক বছর। মনের মধ্যে অনুভব করেন দেশে ফেরার টান। তাঁরা চলে আসেন শেকড়ের কাছে। তাঁরা তাঁদের মেধাকে কাজে লাগাচ্ছেন দেশের জন্য। এমনই কয়েকজন মেধাবীর কথা নিয়ে এ প্রতিবেদন।দেশে ফেরার ইচ্ছাটা অনুভব করেছিলামএখনো তাঁর দেশে ফেরার এক বছর পূর্ণ হয়নি। ১১ বছর আগে উচ্চশিক্ষার জন্য আমেরিকা গিয়েছিলেন। অর্থনীতিতে সম্মান ডিগ্রি অর্জন করেন নিউইয়র্কের ইউনিয়ন কলেজ থেকে। আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি নেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। পেশাজীবনও শুরু করেন। ‘কিন্তু একটা সময়ে এসে মনে হয়, এবার দেশে ফেরা উচিত। দেশের জন্য একটা কিছু করতে হবে। মনে হয়েছিল, এবার না ফিরলে হয়তো আর ফেরা হবে না।’ বললেন ঈশিতা ইসলাম। ‘নিজের ভেতর দেশে ফেরার তাগিদই আসল কথা। নিজের মনের কথা বুঝতে পেরেছিলাম। তা না হলে দেশে ফেরা হতো না। এই ১১ বছরে আমি আমেরিকার নাগরিক হতে পারিনি। কখনো স্টুডেন্ট ভিসা, কখনো বা ওয়ার্ক ভিসা নিতে হয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি; যেহেতু দীর্ঘ সময় বিদেশে থেকেছি। এখন এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বিদেশে পড়তে যাওয়া কিংবা সেখানে থেকে যাওয়াকে ইতিবাচক দিক হিসেবে দেখি। সুন্দর জীবনযাপনের ও স্বপ্নপূরণের জন্য কেউ বিদেশে যেতেই পারে। তবে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। সেখানে থেকেও দেশের জন্য কাজ করা যায়।’ বললেন ঈশিতা।ফ্রিল্যান্স কনসালট্যান্ট ঈশিতা আরও বলেন, ‘এ দেশে অন্য রকম শান্তি আছে। আমি এখানকার নাগরিক। সবকিছুতেই অধিকার আছে। দেশের প্রতি যে দায়িত্বগুলো আছে, তা পালন করার চেষ্টা করব। নিজেকে স্বাবলম্বী হিসেবে তৈরি করার সুযোগ পেয়েছি বিদেশে, যা এখন কাজে লাগছে। ভবিষ্যতে দেশে একটা কনসালটেন্সি ফার্ম গড়ার ইচ্ছা আছে। এত দিন যা কিছু শিখেছি, তা দেশের মানুষকে জানাতে চাই।’ ঈশিতা ইসলাম তাঁর জীবনের সামনের দিনগুলো এ দেশেই কাটাতে চান।দেশ ছেড়ে কোথাও যেতে চাই না ‘বিদেশে থাকাকালে একটি গবেষণার কাজ করেছিলাম। বিষয়টা একটু ভিন্ন ছিল: বাংলাদেশিরা কীভাবে নিজের অস্তিত্বকে, আত্মপরিচয়কে শনাক্ত করে। প্রতিদিন নানা বয়সের মানুষের সঙ্গে কথা বলতাম। বুঝতে পারলাম, একেকজনের দৃষ্টিকোণ একেক রকম। হঠাৎ নিজের কাছে প্রশ্ন করলাম, আমি কী চাই। কোন অবস্থানে নিজেকে দেখতে চাই। নিজের চাওয়াগুলো পূরণ করতে চাই। প্রায় ১০ বছর পর উপলব্ধি করলাম দেশে ফেরার টান। বাংলাদেশই অস্তিত্বের সঙ্গে মিশে আছে।’ বলছিলেন মোশাহিদা সুলতানা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অর্থনীতির প্রভাষক তিনি। অর্থনীতি থেকে সম্মান পাস করেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে আন্তর্জাতিক উন্নয়নে মাস্টার্স করেন। এত বছর পর দেশে ফিরে কোনো সমস্যা হচ্ছে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘একটা দূরত্ব তো তৈরি হয়েছিলই। নতুন পরিবেশে হঠাৎ এসেছিলাম। দেশে ফিরে প্রথমে বুঝতে পারিনি কী করব। ধীরে ধীরে নিজেকে খাপ খাইয়ে নিয়েছি। এখন কোনো অসুবিধা হয় না।’মোশাহিদা সুলতানা আরও বলেন, ‘দেশে বা বিদেশে যেখানেই আপনি থাকুন না কেন, সামাজিক যোগাযোগের ক্ষেত্রটা বাড়ানো উচিত। এতে শেখাটার আদান-প্রদান হবে। আমি প্রতিনিয়ত এ দেশের মানুষ, চারপাশের পরিবেশ থেকে নানা কিছু শিখেছি। আর আমি এত বছর যা শিখে এসেছি, তা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। জাগরী নামের একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। এর মাধ্যমে সামাজিক যোগাযোগের ক্ষেত্রটা তৈরি করছি। ২০০৫ সালে দেশে এসেছি। এখানেও বেশ কয়েকটা বছর কেটে গেছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি দুই বছর হলো। এটি খুব উপভোগ করি। শিক্ষার্থীরাও ভালোভাবে গ্রহণ করেছে আমাকে। আমিও তাই শেখানোর বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করি। যেকোনো বিষয়ে তারা আলোচনা করতে পারে। গাম্ভীর্য, কড়া শাসনের মধ্যে ছাত্র-শিক্ষক সম্পর্কটাকে আবদ্ধ করতে চাই না। এটি বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। এ বিষয়ে কাজ করছি। তবে আশ্চর্যের বিষয় হলো, আর বিদেশে যেতে ইচ্ছে করে না। কেউ জোর করেও আমাকে আর পাঠাতে পারবে না।’দেশে ফেরার সিদ্ধান্তটা সঠিক ছিল‘পাঁচ বছর পর দেশে ফিরেছি। মাঝে ছয় মাসের জন্য এসেছিলাম। সেবার মনে হয়েছিল, মনটা যেন দেশেই রয়ে গেল। সিদ্ধান্তটা তখনই নিয়েছিলাম, লেখাপড়া শেষে কাজের অভিজ্ঞতা সঞ্চার করব বিদেশে। কিন্তু মনের ভেতর দেশের টানের কারণে ফিরে আসব।’ বললেন দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মাহ্রুখ মহিউদ্দীন। বোস্টনের টাফ্ট ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ‘গ্রিনকার্ডের জন্য আবেদন করেছিলাম। কাজও করছিলাম। এরপর ভাবলাম, আমি কী চাই? ফিরে এলাম দেশে। এসে নানামুখী কাজে জড়িয়ে পড়ি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেছি। পাশাপাশি গবেষণার কাজ করছি। দেশে ফিরে আমরা কয়েকজন মিলে জাগরী নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছি। শিক্ষার্থীরা তাদের যেকোনো কথা অকপটে বলতে পারে। রাজনৈতিক, সমাজিক এমনকি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি তাদের জানানো হয়। এর মাধ্যমে ছাত্র-শিক্ষক সম্পর্কের দূরত্বটা ঘুচিয়ে নেওয়ার চেষ্টা করেছি। দেশে ফিরে না এলে এত কাজ করা হতো না।’মাহ্রুখ মহিউদ্দীন আরও বলেন, অনেকে বিদেশে যান। আবার আগ্রহ নিয়ে ফিরেও আসছেন। অনেকে আবার দেশ ছেড়ে বাইরেও যাচ্ছেন না। কিন্তু দেশের জন্য কেউই কোনো অবদান রাখেন না। এটি ঠিক নয়। প্রত্যেকের অবস্থান থেকে কিছু না-কিছু করা উচিত। এতে দেশের জন্য একটু হলেও কাজ করা হবে। এখন মনে হচ্ছে, তখন আমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম, যার কারণে এত কাজ করতে পারছি। সিদ্ধান্তে কোনো ভুল ছিল না।’দেশে থেকেই সারা বিশ্বের জন্য কাজ করব‘বিশ্বায়নের যুগ। যেকোনো জায়গায় থেকেই কাজ করা যায়। গত তিন বছর সুদানে কাজ করেছি। তখন মনে হয়েছে, নির্দিষ্ট জায়গায় থেকেও কাজ করা যায়।’ বলছিলেন ফারহীন খান। প্রায় এক যুগ পর দেশে ফিরেছেন তিনি। পড়াশোনার পাট বোস্টনের টাফ্ট ইউনিভার্সিটিতে শেষ করেছেন। আন্তর্জাতিক সম্পর্কবিষয়েমাস্টার্স করেছেন। এর আগে স্মিথ কলেজ থেকে পর্দাথ ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক (সম্মান) পর্যায়ে লেখাপড়া করেছেন। ‘কাজ গুছিয়ে নিতেই কখন যে এতটা সময় পার হয়ে গেছে, বুঝতে পারিনি। ভেবেছি এবারই চলে যাব। কিন্তু কোনো একটা কাজে বাঁধা পড়েছি। তবে এবার কোনো কিছুই আটকে রাখতে পারেনি। এ বছরই তাই সিদ্ধান্ত নিলাম দেশে ফেরার।’ ফারহীন বলেন। অভিবাসন নিয়ে গবেষণামূলক কাজ করছেন তিনি। ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের ক্ষেত্রটা বিস্তার করতে চাই। দেশের জন্য কাজ করতে চাই। একটু হলেও অবদান রাখা উচিত। তা না হলে শিক্ষাটা কাজে লাগবে না। দেশে থেকেই কাজ করব। তবে বিদেশে আর যাব না, এমনটি নয়। আসা-যাওয়ার মধ্যে থাকব।’