তবু মানুষের আস্থা ঢাকা মেডিকেলে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের পাশে সিঁড়ির নিচে চিকিৎসাধীন আটজন রোগী। মেডিসিন বিভাগে ১১২ নম্বর ওয়ার্ডের ভেতর জায়গা না পেলেও তাঁদের ভাগ্যে খাট মিলেছে। কিন্তু দক্ষিণ যাত্রাবাড়ীর যুবক মো. রাজু করিডরের মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন।হাসপাতালে রাজুর ঠিকানা ১১২ (x)। ‘x’-এর অর্থ অতিরিক্ত। এভাবে শয্যা খালি না থাকলেও ওয়ার্ডের মেঝে, বারান্দা, করিডর বা সিঁড়ির নিচে রোগীরা চিকিৎসাসেবা নিচ্ছেন। রোগীর এই ভিড়কে কর্তৃপক্ষ দেখে প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ হিসেবে।হাসপাতালটির পরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো রোগীকে বিমুখ করি না। যেখানে যেভাবে পারি, জায়গা করে দিই। পাশাপাশি মানসম্পন্ন চিকিৎসা দেওয়ার চেষ্টা করি।’হাসপাতালের মূল ভবনের লম্বা করিডর দিয়ে উত্তর থেকে দক্ষিণে এগোলে দেখা যায়, দুই পাশের ওয়ার্ডগুলো রোগীতে ঠাসা, করিডরে কোথাও খাটে, কোথাও মেঝেতে রোগী। তাঁদের সঙ্গে আত্মীয়, বিছানা, থালা-বাটি, বালতি। যেন শরণার্থী শিবির। ট্রলিতে করে মুমূর্ষু রোগী, ওষুধের বা খাবারের ট্রলি আনার সময় ‘সাইড’ ‘সাইড’ আওয়াজ। এরই মধ্যে চলছে চিকিৎসাসেবা। করিডরের শেষে জরুরি বিভাগ। সেখানে দৌড়াদৌড়ি, কান্নাকাটি, চিৎকার।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এটিই প্রতিদিনের চিত্র। এখানে চিকিৎসা নিতে আসে দরিদ্র, মধ্যবিত্ত, ধনী, সব শ্রেণী-পেশার মানুষ। কর্তৃপক্ষ বলেছে, প্রয়োজনীয় ৯৮ শতাংশ ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়। বিভিন্ন ওয়ার্ডের সামনে টাঙানো আছে: ‘বাহির হতে ঔষধ ও চিকিৎসাসামগ্রী কেনার পূর্বে নিশ্চিত হোন সরকারি সরবরাহে তা আছে কি না’।কেন মানুষের আস্থা: ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র বিশিষ্ট স্নায়ুরোগ চিকিৎসক কাজী দীন মোহাম্মদ এখন এই কলেজেরই অধ্যক্ষ। এই হাসপাতালের প্রতি মানুষের আস্থার বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, মানুষ জানে, স্বল্প বা বিনা মূল্যে এই হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া যায়। এই সেবা ৩৬৫ দিন পাওয়া যায়। ভিআইপি বা রাস্তার লোক সবার জন্যই এর দরজা ২৪ ঘণ্টা খোলা।হাসপাতালের পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, এক হাজার ৭০০ শয্যার এই হাসপাতালে বিভাগ আছে ৩৬টি, ইউনিট ৬৯টি। প্রতিদিন ১৫০ থেকে ২০০টি বড় ধরনের অস্ত্রোপচার হয়, ২০০ থেকে ৩০০ ছোট বা মাঝারি আঘাতের চিকিৎসা হয়। স্বাভাবিক প্রসব হয় ২২ থেকে ২৫টি; নবজাতক জন্মদানে অস্ত্রোপচার হয় ৩০ থেকে ৩৫টি। প্রতিদিন গড়ে চার হাজার মানুষ বহির্বিভাগে সেবা নেয়। প্রতি ১০০ শয্যায় রোগী থাকে ১৪৫ জন। সেই তুলনায় জনবল কম। মাঝেমধ্যে ওঠে চিকিৎসায় অবহেলার অভিযোগও। এর পরও মানুষের আস্থা ধরে রেখেছে হাসপাতালটি।সারা দেশের সরকারি-বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান তৃতীয় স্তরের বিশেষায়িত এই হাসপাতালে রোগী পাঠায় (রেফার করে)। পরিচালক বলেন, ‘এর অর্থ জটিল রোগীরাই এখানে আসে।’পরিসংখ্যান বলছে, এখানে রোগী গড়ে ২ দশমিক ২ দিন থেকে বাড়ি যেতে পারে। পরিচালক বলেন, ‘সব সময়ই রোগীর চাপ থাকে বলে অপ্রয়োজনে কাউকে এক দিনও বেশি রাখা হয় না। আমরা চিকিৎসার ধারা (কোন ওষুধ কখন সেবন করতে হবে তা, নিয়মকানুন ইত্যাদি) রোগীকে ধরিয়ে দিই। এতে বেশি রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে।’কলেজের শিশু বিভাগের অধ্যাপক ও হাসপাতালের নবজাতক শাখার প্রধান আবিদ হোসেন মোল্লা বলেন, নতুন নতুন বিশেষায়িত সেবা (সাব স্পেশিয়ালিটি) এই হাসপাতালে নিয়মিতভাবে যুক্ত হচ্ছে। যেমন: শুধু শিশুদেরই পাঁচটি বিশেষায়িত সেবা দেওয়া হচ্ছে। এগুলো হলো নবজাতক সেবা, ক্যানসার, নেফ্রোলজি, সার্জারি ও স্নায়ুরোগ। প্রতিটি শাখায় উচ্চতর ডিগ্রিধারী ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছেন, সেই সঙ্গে আছে আধুনিক প্রযুক্তি।জানা গেছে, জুনের মধ্যে বোনম্যারো প্রতিস্থাপন করতে যাচ্ছে এই হাসপাতাল। রক্তের ক্যানসারের এই বিশেষায়িত চিকিৎসা দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতালে নেই।২৪ ঘণ্টা জরুরি সেবা: বিশেষজ্ঞরা বলেন, এই হাসপাতালের ওপর মানুষের আস্থার কারণ এর জরুরি বিভাগ। প্রতিদিন ২৪ ঘণ্টাই মানুষ এখানে এসে সেবা পায়। জরুরি বিভাগের প্রধান ও হাসপাতালের আবাসিক সার্জন হরিদাস সাহা বলেন, জরুরি বিভাগে দৈনিক গড়ে ৭৫০ রোগী আসে। এর মধ্যে বড় ধরনের অস্ত্রোপচার দরকার হয় ১৫০ থেকে ২০০টি। বিভাগে ২৪ ঘণ্টা কাজ করার মতো চিকিৎসক, নার্স ও অন্যান্য সহকারী আছেন।এই বিভাগে প্রয়োজনীয় জরুরি রেডিওলজি ও প্যাথলজি পরীক্ষারও ব্যবস্থা আছে। প্রয়োজনে গভীর রাতেও এক্স-রে করা হয়।গত ৭ ফেব্রুয়ারি রাত আড়াইটায় প্রথমে এই জরুরি বিভাগেই মা ও ভাই নিয়ে এসেছিলেন ‘অজ্ঞাত বিষক্রিয়া’য় আক্রান্ত দক্ষিণ যাত্রাবাড়ীর রাজুকে। জরুরি চিকিৎসা শেষে তাঁকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। নিমতলীর ভয়াবহ আগুনের ঘটনায় একসঙ্গে অনেক রোগীকে চিকিৎসা দিয়েছে এই হাসপাতাল।আবিদ হোসেন মোল্লা বলেন, বিপদে বন্ধুর পরিচয়। ঢাকা মেডিকেলও বহু বছর ধরে মানুষের বন্ধু হয়ে আছে।নিউরো সার্জারির ১০৩ নম্বর কক্ষের দুই পাশের বারান্দাতেও থাকে রোগী। সড়ক দুর্ঘটনা, মাথা ও মেরুদণ্ডে আঘাত, গাছ থেকে পড়ে যাওয়া, মস্তিষ্কে টিউমারের রোগী এই বিভাগে চিকিৎসা নেয়। গড়ে ১৩০ জন রোগী এই বিভাগে ভর্তি থাকে।রাষ্ট্রের স্বর্ণপদক পাওয়া জ্যেষ্ঠ সেবিকা শাহিন আরা বেগম এই ওয়ার্ডের দায়িত্বে। তিনি এই হাসপাতালের ৬৫০ জন নার্সের একজন। তাঁর ওয়ার্ডে বিকেলে ও রাতে তিনজন করে দায়িত্ব পালন করেন।আবিদ হোসেন মোল্লা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধসহ যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা মেডিকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৃহত্তর নাগরিক সমাজ প্রতিষ্ঠানটিকে সম্মান করে, ভালোবাসে। তাই বিচ্যুতি ঘটলেই নাগরিক সমাজ প্রতিক্রিয়া জানায়। এই প্রতিক্রিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ঠিকপথে থাকতে সহায়তা করে।