তবু সাঁতার কাটেন ববিতা
এগারো মাসের জান্নাতুল ফেরদৌসকে নানির কাছে রেখে আসতে খুবই কষ্ট হয়। কিন্তু মনের মধ্যে কষ্টটা পুষে রেখেই অনুশীলনে ছোটেন ববিতা খাতুন। মনের সঙ্গে এক দফা লড়াই শেষে পানিতে নামেন অন্য লড়াইয়ে।কাকডাকা ভোরে ববিতাকে উঠতে হয় অনুশীলনের জন্য। কুষ্টিয়ার আমলা খামারপাড়ার এঁদো পুকুরে সকাল থেকে চলে একটানা অনুশীলন। ঘণ্টা দুয়েক সাঁতরানোর পর তবেই ফুরসত মেলে। কিন্তু অনুশীলনে এলেও মনটা পড়ে থাকে মেয়ের কাছেই। ‘প্র্যাকটিসের আগে বাবুকে নানির কাছে খাইয়ে-দাইয়ে রেখে আসি। ওর নানি ততক্ষণ দেখে রাখেন। কিন্তু তার পরও মনটা পড়ে থাকে বাড়িতে। সারাক্ষণ ভাবি, বাবু কী করছে। কাঁদছে নাকি! মাঝেমধ্যে খুবই কষ্ট লাগে।’ কষ্টটা দলা পাকিয়ে গলার কাছে বারবার উঠে আসতে চায় ববিতার।কষ্টের সঙ্গেই তো নিত্য বসবাস একজন সাঁতারু ববিতার। কিন্তু এই কষ্টকে জয় করেই বয়সভিত্তিক জাতীয় সাঁঁতারে এ পর্যন্ত জিতেছেন ২৫টি সোনা। হয়েছেন প্রথম আলোর বর্ষসেরা নারী ক্রীড়াবিদ।বাবা শরিফুল ইসলাম কৃষক। নুুন আনতে পান্তা ফুরোনোর সংসারে পড়াশোনার পাশাপাশি সাঁতারকে তাই একমাত্র বিনোদন হিসেবে বেছে নেন ববিতা। ছোটবেলায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন পুকুরেই। তাঁর সাঁতরানোয় কখনোই বাধা হয়ে দাঁড়াননি বাবা। কিন্তু মা রাশিদা বেগম শুরুর দিন থেকেই বেঁকে বসেন। মায়ের আপত্তি, ‘ সাঁতরাতে দেব না তোকে।’ পরে অবশ্য সেই আপত্তি টেকেনি চাচার কাছে। একরকম জোর করেই আবার পানিতে নামালেন। গাঁয়ের ধারের গড়াই নদীতে নিয়ে শেখালেন বাটারফ্লাই, ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল। ডুবসাঁতারে সিদ্ধহস্ত ববিতা এরপর ঢাকা এসে জয় করলেন মিরপুর সুইমিং পুল। প্রতিবছরই জিততে থাকেন সোনার পদক। চাচা এখন থাকেন সৌদি আরব। কিন্তু ভাতিজিকে সাঁতার শিখিয়ে যে মোটেও ভুল করেননি, সেটা ববিতাই সবচেয়ে ভালো বোঝেন। ‘আমি সাঁতরিয়ে যে এত এত পুরস্কার পাই, সেটা দেখে সবচেয়ে বেশি খুশি হন চাচা। বলেন, “তুই যে সাঁতারটা শিখতেই চাইতিস না।”’ এখনো বড় কোনো টুর্নামেন্ট হলে ফোন করে খবর নেন ববিতার।ববিতাকে দেখে এখন আরও অনেক মেয়েই অনুশীলনে যোগ দেয়। সাঁতারে আসতে চায়। এমন কঠোর অনুশীলন শেষে ঠিকমতো খাবারটাও জোটাতে পারেন না ববিতা। মাসে সামান্য কিছু টাকা ও রেশনের ব্যবস্থা করে দিয়েছে তাঁর ক্লাব বাংলাদেশ আনসার। কিন্তু সেটা মোটেও যথেষ্ট নয় বলে আক্ষেপ করলেন, ‘যখন ফেডারেশনের ক্যাম্পে থাকি, তখন ভালো মানের খাবার খাই। এখন সারা বছর বাড়িতে থাকি। নিজের বেতনের টাকা ভাঙিয়ে খাওয়া লাগে। বেতন যা পাই, সেটা আনতে আনতেই শেষ হয়ে যায়। নিজের টাকা দিয়ে বড়জোর দুটি ডিম, একটা কলা আর এক পোয়া দুধ খাওয়া যায়।’স্বামী জাহাঙ্গীর আলম বেসরকারি সংস্থার অল্প বেতনের চাকুরে। দুজনের সামান্য আয়ে তবুও স্বপ্ন দেখেন সচ্ছল সংসারের। এত কষ্টের মধ্যেও খেলাটাকে কখনো ছাড়তে চান না ববিতা, ‘সাঁতার আমার রক্তে মিশে আছে। আমার কাছে এটা এখন নেশায় পরিণত হয়েছে। এক দিন না সাঁতরালে যে ভালোই লাগে না।’ আগামী এপ্রিলে বাংলাদেশ গেমস। দীর্ঘ ১০ বছর পর আবারও শুরু হতে যাওয়া এই বড় টুর্নামেন্টের জন্য গভীর মনোযোগ দিয়ে অনুশীলন করছেন ববিতা। আশা আছে, বাংলাদেশ গেমসে ভালো কিছু করার, ‘বাংলাদেশ গেমসে রেকর্ড গড়ে সোনা জিততে চাই।’ তবে তাঁর স্বপ্নের সীমানা এখন ডালপালা মেলেছে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে, ‘শুধু বাংলাদেশ গেমস নয়, একদিন এসএ গেমসেও সোনা জিততে চাই।’ ঘরের বউ হয়েও এভাবে পুকুর দাপিয়ে সাঁতার কাটেন বলে শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু মোটেও বাঁকা চোখে দেখেন না। বিষয়টা ভাবতে খুবই ভালো লাগে ববিতার। বলেন, ‘আসলে আমাদের আমলাতে অনেক মেয়েই সাঁতরাচ্ছে। আমার দেখাদেখি অনেকেই সাঁতারে এসেছে।’ শ্বশুর নেই। শাশুড়িও মারা গেছেন গত বছর। বেঁচে থাকতেও কখনো আপত্তি করতেন না ববিতার শাশুড়ি। তিনজনের সংসারে অভাবটা নিত্যদিনের সঙ্গী। সস্তা দামের পুরোনো একটা সুইমিং কস্টিউম পরে পানিতে নামতে হয় বলে আক্ষেপে পোড়েন ববিতা, ‘আসলে ভালো মানের একটা কস্টিউমের অনেক দাম। চাইলেই তো অ্যাডিডাস, নাইকির মতো আন্তর্জাতিক মানের কস্টিউম কিনতে পারব না।’ খালি চোখেই সাঁতরাতে হয় ববিতাকে। পচা পানিতে গা চুলকায়। চোখ চুলকায় কান্নায়। কিন্তু পানির সঙ্গে ধুয়ে যায় ববিতার কান্না। কেউ দেখে না, কেউ বোঝে না। স্পিডো ভ্যাঙ্কুইজার, সুইডিশ গগলস কেনার স্বপ্নটা তাই দুঃস্বপ্নই হয়ে থাকে ববিতাদের।