তবু সাঁতার থেমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির নাম মুনমুন খাতুন। ডাকনাম কেয়া। বাড়ি রাজশাহী শহরের হেতেম খাঁ সবজিপাড়ায়। বাবা কাজিম ইসলামের একটি চায়ের দোকান ছিল। মেয়েটি সকালে-বিকেলে দোকানে চা বিক্রি করত। তার রয়েছে অসম্ভব সাঁতারের প্রতিভা। ২০০৮ সাল থেকে টানা চারবার সাঁতারে সে রাজশাহী জেলা চ্যাম্পিয়নশিপ জয়ী। সে রাজশাহীর পদ্মা সুইমিং ক্লাবের সদস্য।মুনমুন খাতুনকে নিয়ে ২০০৯ সালে প্রথম আলোর নারীমঞ্চ পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাকে ‘নারী শক্তি সম্মাননা’ পুরস্কার দেওয়া হয়। ওই বছর রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে তাকে প্রধান অতিথি করা হয়। সে সময় সে রাজশাহী নগরের হোসেনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। দেখা যেত, স্কুল ছুটি হলেই বই-খাতা ফেলে চলে আসে চায়ের দোকানে। তার হাতের চায়েরও সুনাম রয়েছে। এই চায়ের দোকানের ওপর নির্ভর করেই চলত কাজেম ইসলামের পাঁচ সদস্যের পরিবার। তিনি আঞ্জুমান মুফিদুল ইসলামের একজন সদস্য। কবর খোঁড়ার কাজ করেন। বেওয়ারিশ লাশ পেলেই কবর খোঁড়ার জন্য ডাক পড়ে তাঁর। তখন দোকান ফেলেই তাঁকে ছুটতে হয়। তখন মেয়েকেই দোকান চালাতে হতো।সে ২০০৯ সালের জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত ২৪তম বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকায় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। এখনো সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েই যাচ্ছে।রাজশাহীর পদ্মা সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ বলেন, ‘নগরের মুসলিম হাইস্কুলের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় মুনমুন খাতুন ওই পুকুরে গোসল করছিল। তার হাত-পা ছোড়ার ঢং দেখেই আমার মনে হয়, মেয়েটি সাঁতার প্রতিযোগিতায় অংশ নিলে বোধ হয় ভালো করবে। প্রশিক্ষণপ্রাপ্তদের মতো করেই সে সাঁতার কাটছিল। তখন আমি আমার ক্লাবের মেয়ে সদস্যদের দিয়ে ওর কাছে প্রস্তাব পাঠাই। ও আমার ক্লাবের সদস্য হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।’কিন্তু মুনমুনের জীবনটা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ২০০৮ সালের ১৩ এপ্রিল আগুনে পুড়ে তার মা মারা যান। দোকানটি সরকারি জায়গায় থাকার কারণে গত বছর রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের চায়ের দোকানটি উচ্ছেদ করা হয়। তার বাবা পেশা বদল করে এখন ট্রাক চালাচ্ছেন। তার চেয়ে বড় বিপদের কথা হচ্ছে, তার বাবা আবার বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্য এলাকায় চলে গেছেন। বাসায় এখন মুনমুন আর তার ছোট বোন মনপুরা। চাচা ও ফুফু ওদের তিনবেলা খাবারের দায়িত্ব নিয়েছেন। এই হতাশায় পড়ে মুনমুনের পড়াশোনা বন্ধ হয়ে গেছে।রাজশাহীর পদ্মা সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ বলেন, মেয়ে দুটোর এখন বেঁচে থাকাই দায় হয়ে গেছে। এই অবস্থার মধ্য দিয়ে তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে মেয়েটিকে সাঁতারের ওপর ধরে রেখেছেন। কিন্তু প্র্যাকটিস করার পর ওর যে পুষ্টিকর খাবার দরকার, তা ও পাচ্ছে না। তিনি বলেন, ওর ছোট বোনটারও রয়েছে একই রকম প্রতিভা। তাকে তিনি বিকেএসপিতে ভর্তি করিয়ে দিয়েছেন। সেখানে সে জুডো প্রশিক্ষণ নিচ্ছে।মুনমুন জানায়, বাসায় ছোটবোনকে নিয়ে সে থাকে। বাবা তাদের আর কোনো খোঁজ নেন না। কখনো খুব সমস্যা হলে খবর দিলে কিছু টাকা দিয়ে যান। তা ছাড়া আর কোনো দায়িত্ব পালন করেন না। তার কথা, ‘যতক্ষণ পারি সাঁতার ছাড়ব না।’