তবু স্বপ্ন দেখি আলো ছড়িয়ে যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০, তুমি ধুয়েমুছে সাফ করে দাও আমাদের চলার পথটা। বড্ড বেশি কাদা জমেছে। ভয়ংকর পিচ্ছিল হয়ে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছি না, ছুটে চলা দূরে থাক। অথচ আমাদের অতিক্রম করতে হবে হাজার যোজন পথ। পৌঁছাতে হবে অভীষ্ট লক্ষ্যে। স্পর্শ করতেই হবে বিজয়স্তম্ভ।আমাদের কী নেই! আছে তো সবই। আকাশছোঁয়ার স্পর্ধায় সচকিত তারুণ্য আমাদের অসম্ভবকে সম্ভব করতে পারে। যে মাটির ওপর হামাগুড়ি দিতে দিতে প্রথম মা উচ্চারণে সবাইকে তাক লাগিয়েছি, সেই মাটি সীমাহীন মমতায় সবাইকে বুকে ধারণ করে রেখেছে। মাটির নিচে যে সম্পদ সঞ্চিত রয়েছে তাও কি কম? মাটির বুক চিরে প্রবাহিত হাজারো নদ-নদী এবং অসংখ্য খাল-বিল আর হাওর-বাঁওড় একেকটা স্বর্ণখনি। মাথার ওপরে ১২ মাসের আট মাসব্যাপী সূর্যকরোজ্জ্বল আকাশ তো এ জাতির মস্ত বড় আশীর্বাদ। তার পরও কেন প্রতিপদে হোঁচট খাচ্ছি আমরা?এ জন্য কে বা কারা দায়ী, তা ভেবে মন খারাপ করার প্রয়োজন নেই। বাতি জ্বলে উঠলে অন্ধকার দূর হবেই। আবর্জনা-জঞ্জাল অপসারিত হলে পথ সুগম হবেই। কাদামাটির এই দেশে সূর্যের খরতাপই পারে চলার গতি দ্রুত করতে। তাই তো এত আবেগ ভরে আমরা চাই আলো। চাই সূর্যের কিরণ। চাই আবর্জনার অপসারণ। এ জন্যই প্রয়োজন জাতীয় নেতৃত্বের দূরদৃষ্টি, সুস্পষ্ট এক ভিশন; দুই যুগ বা চার যুগ পরে আমরা দারিদ্র্য, অশিক্ষা, ব্যাধির মতো ব্যত্যয়ের ওপর কতটুকু বিজয় অর্জন করব এবং সার্বিক অগ্রগতির পথে কতটুকু অগ্রসর হব সেই দিকনির্দেশনার জন্য। নেতৃত্বের সৃজনশীলতাই সেই আলো। নেতৃত্বের দৃষ্টি যদি স্বচ্ছ হয়, তাহলে হিংসা-প্রতিহিংসার আবর্জনা রাজনৈতিক জীবনকে আর কলঙ্কিত করবে না। দুর্নীতির অভিশাপ অর্থনীতির গতি মন্থর করবে না। সন্ত্রাসের কালো ছায়ায় সমাজ-জীবনের মৌল সূত্রগুলো আর আচ্ছন্ন হবে না। অতীতমুখী প্রবণতা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে আর আবছা করতে সক্ষম হবে না।সর্বোপরি, একমাত্র সূর্যের কিরণ পারে জাতীয় জীবনের সর্বস্তরে আলো ছড়িয়ে দিতে, শুধু আলো নয়; জীবনীশক্তির পরশমণির ছোঁয়ায় জাতির চিতশক্তিকে নতুনভাবে জাগ্রত করতে। জাতীয় সংসদকে কার্যকর করতে। রাজনীতিকে কল্যাণমুখী করতে। রাজনৈতিক দলগুলোকে নতুন আলোকে সবকিছু পর্যালোচনা করে নতুনভাবে উদ্দীপ্ত হতে। রাজনীতির কাঠামোয় সংসদীয় গণতন্ত্রের মৌল সূত্র যে Bipartisanship (সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে শাসনব্যবস্থা পরিচালনা) তাকে নতুনভাবে ধারণ করতে। সংসদীয় গণতন্ত্রকে অর্থপূর্ণ করার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কৃতির পরিপূর্ণ বিকাশ ঘটাতে। এই জাতির স্বপ্ন পূরণে, ২০১০, তোমার কালেই আমরা এর শুভ সূচনা দেখতে চাই।