তবু ৫১ হাজার খুঁটি ক্রয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পল্লি এলাকায় প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। নতুন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেমন অগ্রগতিও নেই। এর পরও নতুন করে সংযোগ দিতে ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড’ (আরইবি) প্রায় ৫১ হাজার খুঁটি কিনছে। গত বছরের জুলাই মাসে এর দরপত্র আহ্বান করা হয়। নানা পক্ষের সমালোচনায় কিছুদিন প্রক্রিয়াটি বন্ধ রাখা হলেও চলতি মাসে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রায় ৫১ হাজার বৈদ্যুতিক খুঁটি কেনার প্রস্তাব অনুমোদন করে।বিশেষজ্ঞরা বলছেন, যেখানে সরকার বিদ্যুৎ দিতে পারছে না, সেখানে নতুন করে খুঁটি কেনা শুধু অযৌক্তিক নয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে পাঁচ লাখের বেশি খুঁটি কেনা হয় এবং তা ছিল দুর্নীতির একটি বড় খাত। মহাজোট সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুতের সরবরাহ বাড়ানোর আগে খুঁটি কিনে অর্থ অপচয় না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন আওয়ামী লীগ সরকারও জোট সরকারের পথেই হাঁটছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে গ্রীষ্মে সারা দেশে বিদ্যুতের চাহিদা বর্তমানে প্রায় পাঁচ হাজার মেগাওয়াট। কিন্তু এখন সর্বোচ্চ চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। প্রায় এক হাজার মেগাওয়াটের ঘাটতিতে জনজীবন দুর্বিষহ হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে সব ধরনের উৎপাদন কর্মকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতিতে বিদ্যুতের সরবরাহ না বাড়িয়ে খুঁটি কেনার মতো একটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায় সরকারকে সমালোচনার মুখে পড়তে হবে। আরইবি সূত্র জানায়, গত ২৭ জুলাইয়ের দরপত্রে পাঁচটি প্যাকেজের আওতায় ৫০ হাজার ৯০০ বৈদ্যুতিক খুঁটি কেনার পরিকল্পনা করা হয়। নিজ নিজ এলাকায় সংযোগ বাড়াতে মন্ত্রী ও সাংসদদের চাপে এই উদ্যোগ নেয় আরইবি। খুঁটিগুলোর উচ্চতা সর্বনিম্ন ৭ দশমিক ৬ মিটার থেকে সর্বোচ্চ ১০ দশমিক ৬ মিটার। আরইবির একটি সূত্র বলছে, এসব খুঁটির সর্বনিম্ন দাম আট হাজার থেকে সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত ধরা হয়েছে। সব মিলিয়ে এসব খুঁটি কিনতে সরকারের কমপক্ষে ৫০ কোটি টাকা খরচ হবে। ২৫ আগস্ট ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সাতটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে বলে আরইবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। কাজ পেয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান ইলেকট্রোপ্যাক, জেমকন গ্রুপের পাথর লিমিটেড, পোলস অ্যান্ড কনক্রিট লিমিটেড, এসকিউ গ্রুপের টেসকো পাওয়ার লিমিটেড।কনফিডেন্স গ্রুপের পরিচালক ইমরান খান প্রথম আলোর কাছে স্বীকার করেন, সম্প্রতি তাঁদের প্রতিষ্ঠানের সঙ্গে আরইবির চুক্তি হয়েছে। অন্যদের সঙ্গেও আরইবি ইতিমধ্যেই চুক্তি করেছে বলে জানা যায়। তবে এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কেউই মুখ খুলছেন না। বিদ্যুত্সচিব আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে প্রথমে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। পরে বলেন, ফাইল দেখে বলতে পারবেন। বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীও বলেন, তিনি বিষয়টি জানেন না।এ বিষয়ে কথা বলতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হককে মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।তবে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, খুঁটি নিয়ে আগে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি হবে না। কমিটি বিদ্যুৎ খাতে সব ধরনের কর্মকাণ্ডের ওপর নজরদারি করছে। সংসদীয় কমিটির আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।আরইবির চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম বিদেশে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে সংস্থাটির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অনেক জায়গায় বিদ্যুতের লাইন গেছে, কিন্তু সংযোগ খুঁটি ও নানা সরঞ্জামের অভাবে গ্রাহক সংযোগ পায়নি। ফলে তাদের বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্য আরইবির একটি সূত্র বলছে, পল্লি এলাকায় এখন ব্যাপক লোডশেডিং হচ্ছে। বর্তমানে দিনে ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। আরইবি এলাকায় বর্তমানে সর্বোচ্চ চাহিদা দুই হাজার ৪০০ মেগাওয়াট। সর্বোচ্চ সরবরাহ পায় এক হাজার ৮৫০ মেগাওয়াট। তবে বোরো আবাদের জন্য সেচসুবিধা দিতে লোডশেডিং আরও বেশি হচ্ছে। এ অবস্থায় নতুন গ্রাহক যুক্ত হলে অবস্থা আরও খারাপ হবে।বৈদ্যুতিক খুঁটি কেনা ও লাইন সম্প্রসারণের কাজ ছিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দুর্নীতির জন্য অন্যতম আলোচিত ও সমালোচিত বিষয়। হাওয়া ভবনের ঘনিষ্ঠ বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের খাম্বা লিমিটেড এই ব্যবসা নিয়ন্ত্রণ করত। পরিকল্পনা কমিশনের হিসাবে দেখা গেছে, ১৯৯৯-২০০০ থেকে ২০০৭-০৮ অর্থবছর পর্যন্ত মোট ৯৮ হাজার ৫৮২ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন স্থাপন করা হয়েছে। গড়ে প্রতিবছর এ সময়ে ১২ হাজার ৩১৮ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন স্থাপন করা হয়েছে। কেনা হয় লাখ লাখ খুঁটি। এ সময় কেনা অতিরিক্ত অনেক খুঁটি এখনো ব্যবহূত না হয়ে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির অফিস প্রাঙ্গণে পড়ে আছে।এ ব্যাপারে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক ও আরইবির সাবেক সদস্য বিডি রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, খুঁটি কেনা ছিল বিগত জোট সরকারের আমলে দুর্নীতির একটি বড় খাত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এর ব্যাপক সমালোচনা করেছে। এখন তারাও সেই একই পথে হাঁটছে। তিনি বলেন, বিদ্যুৎ উত্পাদন পর্যাপ্ত না হওয়া পর্যন্ত সমিতিগুলোর আওতায় নতুন বিদ্যুৎ বিতরণ লাইন স্থাপনের কাজ স্থগিত বা সীমিত রাখা দরকার। সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এ ধরনের সুপারিশ করেছে বলে তিনি উল্লেখ করেন।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট বিবেচনায় পাঁচটি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এই ‘অগ্রাধিকারের পাঁচটি বিষয়’-এর অন্যতম (তিন নম্বরে) বিদ্যুৎ ও জ্বালানি খাত। দীর্ঘদিন ধরে অদক্ষতা ও দুর্নীতির কারণে গুরুত্বপূর্ণ এই খাতটি মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ‘রোড শো’সহ নানা পরিকল্পনা করলেও গত এক বছরে নতুন বিদ্যুৎ উৎপাদনে তেমন অগ্রগতি হয়নি।