তবুও কাঠগড়ায় মিসবাহ
সেই ভারত-পাকিস্তান। সেই মিসবাহ-উল-হক। সেই ট্র্যাজিক হিরো!পরশু ম্যাচে ক্রিকেট রোমান্টিকদের স্মৃতির পর্দায় ২০০৭-এর জোহানেসবার্গ ভেসে উঠেছিল হয়তো। আজ থেকে চার বছর আগে। সেটিও বিশ্বকাপ ছিল। ‘ছোট’ বিশ্বকাপ, টি-টোয়েন্টির লড়াই। কিন্তু ‘বড়’ হয়ে গিয়েছিল, ফাইনালে মুখোমুখি দুই দলের নাম যে ছিল ভারত আর পাকিস্তান। সেদিনও প্রথমে ব্যাট করেছিল ভারত। থেমে গিয়েছিল ১৫৭ রানে। সেদিনও দেখা পেতে পেতে ওয়ান্ডারার্সের দিগন্তে মিলিয়ে গিয়েছিল জয়সূর্য।এত সব মিলের ভিড়ে সবচেয়ে বড় মিলটা সম্ভবত এই ছবিতে: সেদিনও রণক্লান্ত পায়ে, ধীরে, রাজ্যের হতাশা কাঁধে বয়ে, ভারতীয়দের উল্লাসকে নেপথ্যে রেখে সাজঘরে ফিরছিলেন যে শেষ ব্যাটসম্যানটি, পরশুও তাঁকেই একই ফ্রেমে, একই ক্যানভাসে আবিষ্কার করল মোহালি—মিসবাহ-উল-হক!টি-টোয়েন্টি বিশ্বকাপে মিসবাহ সম্ভাব্য ‘মহানায়ক’ থেকে ‘ট্র্যাজিক হিরো’ হয়ে গিয়েছিলেন দলকে একেবারে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে সেই ‘হঠকারী’ স্কুপ খেলতে গিয়ে ক্যাচ দেওয়ায়। তখনো তিন বল বাকি ছিল পাকিস্তানের। জয়ের জন্য দরকার ছিল মাত্র ৬ রান। শেষ পর্যন্ত ৫ রানে জিতে ধোনির দলের সে কী উল্লাস!সেই উল্লাসের গর্জনে চাপা পড়ে গিয়েছিল মিসবাহর বোবা কান্না। পরশু মিসবাহর হতাশায় একটুর জন্য না-পারার কান্নার নোনা জল অবশ্য মিশল না। সেটির সুযোগও ছিল না। পাকিস্তান হেরেছে ২৯ রানের সুস্পষ্ট ব্যবধানে। মিসবাহ হালভাঙা জাহাজটির হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু দিশেহারা সব নাবিক কি আর বনলতা সেনের দেখা পায়!মিসবাহ পারেননি। এক প্রান্ত আগলে রেখে অন্য প্রান্ত থেকে শুধু দেখেছেন আত্মহননের মিছিল। পাকিস্তানের দশটির মধ্যে সাতটি জুটিতেই এক প্রান্তে ছিলেন। উমর আকমলের সঙ্গে ৩৬ রানের জুটিটা দূরের বাতিঘর হয়ে ছিল। আফ্রিদির সঙ্গে ৩৪ রানের জুটিটা হয়ে গেল ডুবন্ত নাবিকের খড়কুটো। শেষ উইকেটে মরিয়া মিসবাহর সব চেষ্টাই একসময় মনে হয়েছে স্রেফ সম্মানজনক পরাজয়ের ব্যাকুল সন্ধান। একপর্যায়ে ছয়-চার মেরে অলীক এক স্বপ্নও দেখাচ্ছিলেন। কিন্তু শেষ ওভারে মিসবাহ নিজেই হাল ছেড়ে দেন। বুঝতে পারেন, জয় আর সম্ভব নয়। এক রানের সুযোগ পেয়েও স্ট্রাইক ছাড়েননি। যদি নিজে স্ট্রাইকে থেকে চার-ছয় বের করে ব্যবধানটা আরেকটু কমানো যায়, হতাশার ক্ষতে সেটি যে দাওয়াই হতো। আর সেটা করতে গিয়েই ট্র্যাজিক হিরো মিসবাহ এখন খলনায়ক।পাকিস্তানের সমর্থকদের একটা অংশের সুর—মিসবাহর কারণেই হেরেছে পাকিস্তান! সবখানেই সমর্থকদের কাঠগড়ায় মিসবাহ। ‘মিসবাহর কারণেই আমরা হেরেছি। প্রয়োজনের সময় সে রান করতে পারেনি। উইকেটে থেকে কেবল সময় নষ্ট করেছে’—বলছিলেন ইসলামাবাদের এক সমর্থক। পাকিস্তানের অন্য শহরগুলোর ছবিও অনেকটা এক রকম।