তবুও থেমে নেই অগ্রগতি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জিলা স্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ ১১টি। সেখানে শিক্ষক আছেন ১২ জন। এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০। জেলা সদরের বিদ্যালয় হিসেবে এখানে অবকাঠামোগত সুযোগ-সুবিধা আশানুরূপ না হলেও মোটামুটি সন্তোষজনক। শিক্ষাক্ষেত্রে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকে এবারের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করলেও কম সুযোগ-সুবিধা পাওয়া আমতলী উপজেলার প্রত্যন্ত তালতলী এলাকার ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে। এই বিদ্যালয়ে এখন শিক্ষার্থীর সংখ্যা ৫৩৭ জন। প্রধান শিক্ষকসহ মোট শিক্ষক আছেন নয়জন। ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার ৭১ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। শহরের ভালো সুযোগ-সুবিধা ও আধুনিক পাঠদানের সুযোগ পাওয়া শিশুদের চেয়ে বরগুনার প্রত্যন্ত গ্রামের এমন কৃতিত্ব দেখানো বিদ্যালয়ে সংখ্যা অনেক। ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সিদ্দিক বলেন, ‘আমাদের বিদ্যালয়ে অবকাঠামো ও বেঞ্চসংকট এখন প্রকট। বেঞ্চের অভাবে একটি বেঞ্চে সাত থেকে আটজন শিক্ষার্থীকে প্রতিদিন গাদাগাদি করে বসে পাঠ নিতে হচ্ছে। গত বছর এই বিদ্যালয়ে একটি আশ্রয়কেন্দ্র কাম শিক্ষালয় নির্মাণ করা হলেও শিক্ষার্থীদের স্থান সংকুলান হচ্ছে না। শ্রেণীকক্ষের অভাবে ঠাসাঠাসি করে শিশুরা পাঠ নিতে বাধ্য হচ্ছে। বর্তমানে এ বিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষার্থী আছে সে অনুযায়ী কমপক্ষে আরও দুটি শ্রেণীকক্ষ দরকার। বর্তমানে যেসব শ্রেণীকক্ষ আছে তা এতটাই অপরিসর যে সেখানে ৩০ জন শিক্ষার্থীর জায়গায় ৭০-৮০ জন শিক্ষার্থীকে ক্লাস করতে হয়।’ সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এই বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। বর্তমানে এখানে ২২২ জন বালিকা ও ২১৫ জন বালক শিক্ষার্থী রয়েছে। গত সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৭১ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ২৮ জন ছেলে এবং ৪৩ জন মেয়ে। রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের এই হাল!: ১২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা। বিদ্যালয়ের শিক্ষকদের মিলনায়তনে চারজন শিক্ষক বসে মুড়ি-চানাচুর খাচ্ছেন। কয়েকজন শিক্ষার্থী বারান্দায় নেমে দুষু্বমি করছে। বিদ্যালয়ের সামনের খোলা মাঠে নেমে একটু দৌড়ঝাঁপ করার উপায় নেই ওদের। সেখানে শাকসবজি চাষ করায় চারপাশে বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে। বিদ্যালয়ে অচেনা লোকজনের আগমন দেখে শিশু শিক্ষার্থীরা দৌড়ে নিজ নিজ শ্রেণীকক্ষে ঢুকে আসন নেয়। বিদ্যালয়ের সামনে পতাকা-মঞ্চের স্ট্যান্ডে একটি ছেঁড়া জাতীয় পতাকা পত পত করে উড়ছে।শ্রেণীকক্ষগুলো ঘুরে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, তৃতীয় থেকে পঞ্চম এই তিনটি শ্রেণীতে সব মিলিয়ে শিক্ষার্থী হাজির হয়েছে ২০-২৫ জন। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮০ নম্বর চর চরকগাছিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে এমন চিত্রই দেখা গেল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, ‘এ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৪৫ জন। এর মধ্যে বালক ৫৩ ও বালিকা ৬২ জন। প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ে শিক্ষক আছেন চারজন। বিদ্যালয়ের প্রথম পালা (শিফট) ছুটির পর সাড়ে ১২টায় দ্বিতীয় পালা শুরু হয়। এ সময়ে আমরা একটু নাশতা খেয়ে নিচ্ছিলাম। আজ উপস্থিতি একটু কম। এমনিতে প্রতিদিন উপস্থিতির হার ভালো। উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে মাঠে শাকসবজির বাগান করেছি। আর মনে থাকে না বলে জাতীয় পতাকা বানাতে দেওয়া হয়নি। আগামীকালই বানিয়ে নেব।’