তবুও প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশে খাল, মাঝে সামান্য ঢালু জায়গায় মাচা বেঁধে বাস করেন মোলাম লস্কর ও তাঁর শিশুসন্তান ওমর ফারুক। কোনো জায়গা জমি নেই তাঁদের, তাই দীর্ঘ পাঁচ বছর এ মাচায় আছেন তাঁরা দুজন। এখানে বসে পড়ালেখা করে শিশু ওমর ফারুক এবার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছে। একটা ভালো জামা নেই ফারুকের, তিন বছর আগে তৈরি করা একটা স্কুল ড্রেস, আর বাবার কিনে দেওয়া একটি জামাই তার সম্বল। যা ময়লা ধরলেও সাবানের অভাবে পরিষ্কারের সুযোগ হয় না সব সময়। সরেজমিন দেখা যায়, ওমর ফারুকদের থাকার মাচার দুই পাশ ফাঁকা, দুই পাশে ভাঙাচোরা টিন বেঁধে রাখা হয়েছে। বাঁশের খুঁটির ওপর চৌকি বেঁধে তার ওপর থাকা-খাওয়া সবই করতে হয়। নিচে ছাগল রাখার জায়গাও আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সবই কাটে এখানে। ওমর ফারুক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মোলাম লস্করের ছেলে। বর্তমানে থাকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে রাস্তার ধারে। ফারুক বর্তমানে পাশের বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। মোলাম লস্কর জানান, দুর্গাপুরে তাঁর চার শতক জমির ওপর বাড়ি ছিল। তিনি নিজে পরের খেতে কামলার কাজ করে সংসার চালাতেন। গ্রামের বাড়িটি তার স্ত্রী ফুলঝুরি খাতুনের নামে। এলাকার চরমপন্থী অনেকের সঙ্গে তাঁর স্ত্রীর সখ্য গড়ে ওঠে। তাঁরা তাঁর ওপর নানাভাবে খবরদারি করতেন। তাঁদের কথা না শুনলে হত্যার হুমকি দিতেন। তাঁর স্ত্রী চরমপন্থীদের সঙ্গে আঁতাত করে পাঁচ বছর আগে তাঁকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। সেই থেকে তিনি এই মাচায় থাকেন। গ্রামের চার শতক জমির ওপর থাকা কাঁচা বাড়িতে আরেক ছেলে নিয়ে তাঁর স্ত্রী বসবাস করছেন। মোলাম লস্কর জানান, ছেলেটি পড়ালেখায় খুবই ভালো। এ জায়গায় থেকেও সে পড়ালেখা করে যাচ্ছে। তিনি একটা ভালো কাপড় কিনে দিতে পারেন না। নিজে অসুস্থ, ঠিকমতো কাজ করতে পারেন না। অন্যের খেতে কাজ করে দিনে ৭০-৮০ টাকা আয় করেন। যা দিয়ে তাঁরা দুজন খেয়ে-পরে বেঁচে আছেন। ছেলেকে নিয়ে রান্না করে খেতে হয় তাঁকে, যে কারণে বাইরে কোনো কাজে যেতে পারেন না। ওমর ফারুক জানায়, সে বাবার সঙ্গে এখানে থাকে। আগে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করত। সব ক্লাসে তার রোল ছিল কখনো এক, কখনো দুই। বর্তমানে সে বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। তার আশা, সপ্তম শ্রেণীতে তার রোল এক হবে। মায়ের বাড়িতে গত পাঁচ বছর সে যায়নি। ভবিষ্যতেও যাবে না বলে জানায়। বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ বলেন, ‘ছেলেটি পড়ালেখায় খুবই ভালো। সে তার বাবার সঙ্গে রাস্তার ধারে থাকে, এটা ভাবতেই কষ্ট হয়।’