তবুও যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দিতে না দিতেই আমার মায়ের বিয়ে হয়ে যায়। না, বিয়ের পর তাঁর পক্ষে আর কলেজের গণ্ডি পেরোনো সম্ভব হয়নি। বিয়ের এক বছর যেতে না যেতেই ভূমিষ্ঠ হয় তাঁর প্রথম সন্তান। এখন পঞ্চাশোর্ধ্ব আমার মায়ের তিন সন্তান।এবার শীতের ছুটিতে বাড়ি গেলে মা বললেন, ‘আমার খুব ইংরেজি শিখতে ইচ্ছা করে।’ বিস্মিত আমি উত্তরে ছোট্ট করে বলেছিলাম, বেশ তো! কারণ আমি জানি, এ সুপ্ত ইচ্ছা বাস্তবায়িত করার মতো মনোবল তাঁর নেই। কিন্তু পুরুষতান্ত্রিক-পিতৃতান্ত্রিক এ সমাজে এমন অনেক নারী আছেন, যাঁরা আজ মেধা ও মননে পুরুষের সমকক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চিরন্তন মাতৃরূপের পাশাপাশিঅনেক নারীই হয়ে উঠেছেন অন্যের অনুপ্রেরণার উত্স। কেস স্টাডি-১নাফিসা আক্তার (ছদ্মনাম), বয়স ৩৫।বর্তমানে তিনি পূবালী ব্যাংকে কনিষ্ঠ কর্মকর্তা পদে কর্মরত। এ অবস্থানে আসতে তাঁকে পাড়ি দিতে হয়েছে অনেক পথ। এইচএসসি পাসের পর নাফিসার বিয়ে হয়ে যায়। স্বামীর আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় নাফিসা ছোটখাটো একটা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নেন। নিজের সংসারকে গুটিয়ে নিয়ে আসেন মায়ের বাড়িতে। মা-ভাইয়ের আদরের নাফিসা তখন তাঁদের কাছে হয়ে পড়েন দুশ্চিন্তার কারণ। আত্মমর্যাদাবোধসম্পন্ন নাফিসার পক্ষে এ অবস্থা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। একদিকে পারিবারিক টানাপোড়েন, অন্যদিকে নিজের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব—এ দ্বিমুখী চাপে পড়েও অদম্য প্রাণশক্তিতে বলীয়ান নাফিসা আবার পড়াশোনা শুরু করেন। ভর্তি হন স্থানীয় একটি কলেজে স্নাতক প্রথম বর্ষে। চাকরির পাশাপাশি টিউশনি করে বাড়তি রোজগারের মাধ্যমে পড়াশোনাও চালিয়ে যান সফলতার সঙ্গে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরই মধ্যে তিনি তাঁর অস্তিত্বে অনুভব করেন নতুন একটি প্রাণের। সেই প্রাণকে এ ধরায় নিয়ে এসে নিজের মাতৃরূপকে প্রতিষ্ঠিত করতে তিনি আবার জীবনযুদ্ধে লিপ্ত হন। মায়ের বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের সংসার সাজান—সেখানে ভূমিষ্ঠ হয় তাঁর মেয়ে অর্শা। দুগ্ধপোষ্য সন্তানকে বাসায় রেখে প্রতিদিন তাঁকে বেরিয়ে পড়তে হতো কর্মস্থলে জীবিকার তাগিদে। সংসার, সন্তান, চাকরি—সবকিছুর সমন্বয় করে পড়াশোনা চালিয়ে যাওয়া তাঁর জন্য দুরূহ হয়ে পড়ে। কিন্তু থেমে যাননি তিনি। এত প্রতিকূলতার মধ্যেও নাফিসা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং যোগ দেন পূবালী ব্যাংকে। নাফিসা এখনো স্বপ্ন দেখেন বড় কিছু হওয়ার, সে স্বপ্ন শুধু তাঁর একার জন্য নয়, একই সঙ্গে তাঁর মেয়ে অর্শার জন্যও—যার মাধ্যমে তিনি পূরণ করতে চান তাঁর অপূর্ণ আকাঙ্ক্ষাকে।কেস স্টাডি-২রাজিয়া বেগম (ছদ্মনাম), বয়স ৫৫। একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে দায়িত্বরত। স্বামী ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী। রাজিয়া বেগমের বিয়ে হয়ে যায়, যখন তিনি মাত্র এইচএসসি পাস করেন। বাড়ির বড় বউ হিসেবে সবার দায়িত্ব এসে পড়ে তাঁর ওপর। স্বামীর একার আয়ে পুরো পরিবারের ভরণপোষণ ও ননদ-দেবরদের পড়াশোনা করানো যখন সম্ভব হয়ে উঠছিল না, তখন তিনি সহযোদ্ধা হিসেবে স্বামীর পাশে এসে দাঁড়ান। নিজের কোনো চাওয়া-পাওয়া নিয়ে স্বামীর সামনে এসে কখনো দাঁড়াননি; বরং পরিবারের অন্য সবার ইচ্ছাকে তিনি প্রাধান্য দিয়েছেন। এত কিছুর পরও তিনি পেয়েছেন গঞ্জনা। কারণ, তখনো তিনি মা হতে পারেননি। কিন্তু সব পরিস্থিতিতে তাঁর পাশে ছাঁয়ার মতো এসে দাঁড়িয়েছিলেন তাঁর স্বামী—যাঁর সহযোগিতা ও অনুপ্রেরণায় তিনি পরবর্তী সময়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একে একে দেবর-ননদদের বিয়ে হয়ে যায়। যে যাঁর সংসারে চলে যান। রাজিয়া বেগমেরও এত দিন পর নিজের একটা সংসার হয়। কিন্তু এত কিছুর পরও কোথায় যেন একটা শূন্যতা তিনি অনুভব করেন। সেটা বোধকরি মাতৃত্বের। বিয়ের দীর্ঘ ২২ বছর পর তাঁর মাতৃত্বের পূর্ণতা নিয়ে আসে সন্তান পার্থ, কিন্তু সুখের নীড় ধরে রাখা তাঁর পক্ষে বেশি দিন সম্ভব হয়নি। ছেলের বয়স যখন ছয় মাস, তখন তাঁর স্বামী হূদরোগে মারা যান। শোককে শক্তিতে পরিণত করে তিনি সামনের দিকে পা বাড়ান একমাত্র সন্তানকে নিয়ে। তত দিনে বিশ্ববিদ্যালয় তাঁর একটা চাকরির ব্যবস্থা করে দেয়। রাজিয়া বেগম একাই লিপ্ত হন জীবনযুদ্ধে।