তবুও সম্ভাবনা স্ট্রবেরি চাষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকটাপন্ন পরিস্থিতির মধ্যেও বাইয়ারপাড়ে দেখা গেল সম্ভাবনার এক নতুন ঝিলিক। মোল্লারগাঁওয়ের তরুণ চাষি আবদুল সবুর তাঁর ২৪ শতক জায়গায় পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ করেছিলেন। গত বছরের অক্টোবর-নভেম্বরে চারা রোপণ করেছিলেন। চলতি জানুয়ারি-এপ্রিল হচ্ছে স্ট্রবেরির ফলন পাওয়ার মৌসুম। সবুর পরীক্ষামূলক চাষে সফল হতে চলেছেন। বাইয়ারপাড়ের মাটি স্ট্রবেরি চাষেও উর্বর বলে প্রমাণ মিলেছে।সবুরের খেতে গিয়ে দেখা গেছে, সবুজের মধ্যে রক্তলাল স্ট্রবেরির ফলন এসেছে। তিন হাজার চারা রোপণে তাঁর খরচ হয়েছে চারাপ্রতি ২৬ টাকা। একটি গাছ থেকে ২০০ থেকে ৪০০ গ্রাম স্ট্রবেরি বিক্রি করা যায়। প্রতি কেজির বাজার দর ৮০০ থেকে এক হাজার টাকা। সবুর জানালেন, এপ্রিল আসার আগে থেকেই তিনি বিক্রি শুরু করে দিয়েছেন।আবদুস সবুর চাষাবাদে মনোযোগী হয়েছেন তাঁর বাবার কার্যক্রম দেখে। তাঁর প্রয়াত বাবা আশরাফ আলী ১৯৭৪ সালে কৃষি ক্ষেত্রে সফল হওয়ায় বঙ্গবন্ধু ও রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন। এছাড়া ১৯৮৯ সালে জাতিসংঘের উদ্যোগে সিউলে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এ সংকট মোকাবিলায় ইতিমধ্যে একটি ব্যক্তিগত প্রকল্পের মাধ্যমে তাঁরা সেচ শুরু করেছেন। স্ট্রবেরি চাষে সফলতার দ্বারপ্রান্তে যাওয়া সবুর জানান, বাসিয়া নদীতে কেবল পানিপ্রবাহের ব্যবস্থা হলে গোটা এলাকা লন্ডনের চেয়ে দামি হয়ে যাবে। তখন সবজি প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন কৃষি-উপকরণ স্থাপনে সরকারের মুখাপেক্ষী না হয়ে বরং ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তারা এগিয়ে আসবেন।বাইয়ারপাড়ে নতুন একটি দৃষ্টান্ত স্থাপনে সবুর স্ট্রবেরি চাষে মনোযোগী হন বলে জানান। সিলেট জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা তাঁকে স্ট্রবেরি চাষে মনোযোগী করে তুলেছেন বলে সবুর জানান। উদ্যোক্তা হিসেবে যদি সফল হন, তাহলে সবুরই হবেন সিলেটে মাঠ পর্যায়ে স্ট্রবেরি চাষে প্রথম সফল উদ্যোক্তা।