তবুও স্বপ্ন দেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ৩২ বছর আগে আমার জীবনের শৈশব বা কৈশোরের সুখ-দুঃখের দিনগুলো ফেলে এসেছি। অতীতের ফেলে আসা দিনগুলোর পাওয়া না-পাওয়ার অভিজ্ঞতা ভাবিয়ে তোলে আমাকে। এ জীবনে কিছুই করতে পারলাম না। কেমন করে কৈশোর, যৌবন চলে গেল, জীবন থেকে বুঝতেই পারলাম না। জীবনে অনেক কিছুই হতে চেয়েছিলাম, কিন্তু ভালো অভিভাবকের অভাবে আমার স্বপ্নগুলো পূরণ হয়নি। জীবনটা না পাওয়ার বেদনায় ভরে গেছে। সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আদর-স্নেহ আছে, থাকবে। আমার প্রাপ্য অধিকার কেউ দিল না। যা দিয়েছে, তা দায়সারাভাবে। অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছিলাম এবং আছি, থাকব মৃত্যুর আগ পর্যন্ত। মনে মনে স্বপ্ন দেখি—নতুন করে যদি জীবনের স্বপ্ন-সাধ পূরণ করতে পারতাম! উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চেয়েছিলাম, কিন্তু পারিপার্শ্বিক সমস্যার কারণে পারিনি। আমাকে দিয়ে আর কিছু হবে না, বয়স অনেক হয়েছে। নতুন করে জীবনের স্বপ্ন পূরণ করার সময় কই? বেলা শেষ হয়ে আসছে। আমাকে যদি কেউ সহযোগিতা করত, তাহলে আমার জীবনটা অন্যভাবে সাজাতে পারতাম। এখনো আমার মনোবল তীব্র। জীবনে কিছু একটা করে সবাইকে চমকে দেব। কিন্তু কীভাবে সম্ভব? ছোটবেলা থেকে নিজেকে সফল নারী ভাবতাম। যদি একটু সুযোগ পাই কোথাও, তাহলে নিজেকে বদলে ফেলব। নিজের একটা নিরাপদ ঠাঁই খুঁজেছি সারা জীবন, যেখানে কোনো দুঃখ-কষ্ট থাকবে না। রূপকথার রাজ্যে বিচরণ করতে চেয়েছি। আমি সেই নিরাপদ আবাস চেয়েছি। কেউ আমাকে এসিড ছুড়বে না, কেউ আমাকে লাঞ্ছিত করবে না। কীভাবে নিজেকে বদলাব, তার পথ খুঁজছি। মেয়ে দুটি বড় হচ্ছে, তাদের জীবন সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছি। নিজের জীবনের স্বপ্ন-সাধ যখন ভুলেই গেছি, নতুন করে ভেবে আর কী হবে। তবুও স্বপ্ন দেখি, যদি কোনোভাবে নিজেকে বদলাতে পারি। নিজেকে বদলাতে চাই, কিন্তু কীভাবে জানি না।ফারহানাখান্দার, বগুড়া।