তরমুজে রঙিন কৃষকের মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের গরমে প্রাণজুড়ানো রসাল সুস্বাদু ফল তরমুজ। একসময় দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকাতেই তরমুজের চাষ হতো। কিন্তু এখন সময় বদলেছে। কৃষিতে এসেছে নতুন প্রযুক্তি। কৃষকদের সামনে যেমন নতুন সফল ফলানোর সুযোগ এসেছে, তেমনি বাড়তি ফসল ফলানোর আগ্রহও সৃষ্টি হয়েছে। মাঠে মাঠে এখন হরেক রকমের ফসলের বিচিত্র সমারোহ। সেই আগ্রহের ফলেই নোয়াখালীর সুবর্ণচরের হাজারো কৃষকের মন এখন পাকা তরমুজের লাল রঙে রঙিন।গ্রামের বিভিন্ন হাটবাজারে, রাস্তার ধারে, বাড়ির আঙিনায় সব স্থানেই পাকা তরমুজের স্তূপ যেন উপজেলাটির সুবর্ণচর নামকরণের সার্থকতাকেই মনে করিয়ে দেয়। মাত্র কয়েক বছর আগেও রবি মৌসুমে উপজেলাটির বিস্তীর্ণ চরাঞ্চলের জমি পতিত থাকত। এখন সেই জমিতে ফলানো তরমুজের বিপুল সমারোহ দেখে যে কারোরই মন ভরে যাবে। তরমুজ হয়ে উঠেছে রবি মৌসুমে সুবর্ণচরের অন্যতম অর্থকরী ফসল।সম্প্রতি সরেজমিনে উপজেলাটির চর জব্বার, চর ওয়াপদা, চর জুবলী, চর কচ্ছপিয়া, চর বাটাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খেত থেকে তরমুজ তোলা নিয়ে কৃষক পরিবারগুলোতে রীতিমতো উৎসব চলছে। শিশু-কিশোর, যুবক ও বয়স্ক—সবাই মগ্ন সেই উৎসবে। কেউ খেত থেকে বেছে বেছে পাকা তরমুজ তুলছে। কেউ সেগুলো বস্তায় ভরে পাশের রাস্তার ধারে এনে রাখছে; সেখান থেকে বাজারে নিয়ে যাচ্ছে।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার তরমুজের চাষ হয়েছে প্রায় ৪৫০ হেক্টর জমিতে। তাদের মতে, দীর্ঘ অনাবৃষ্টি, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে এবার তরমুজের চাষ কিছু কম হয়েছে। তবে চর বাটার কৃষক আবদুল হাই জানান, তরমুজের চাষ কমেনি। কৃষি বিভাগের লোকেরা ঠিকমতো মাঠেই আসেন না। তাঁরা যা বলেন, তার বেশির ভাগই আন্দাজ করে বলেন। তবে এবার সময়মতো বৃষ্টি না হওয়ায় ফলন কিছুটা কম। কিন্তু দাম গত বছরের চেয়ে বেশি। এ কারণে ফলন কমলেও আয় কমেনি। তিনি এক কানি জমিতে তরমুজের চাষ করে বিক্রি করেছেন ৮০ হাজার টাকা। খরচ হয়েছে ৪০ হাজার টাকার মতো। সময়মতো বৃষ্টি হলে ফলন আরও বেশি হতো বলে তিনি জানান।চর উত্তর কচ্ছপিয়ার কৃষক নুরুল ইসলাম জানান, ‘১০ গন্ডা (৬০ শতক) জমিত তরমুজ কইচ্ছি। ৪৫ হাজার ট্যাঁয়ার তরমুজ বেইচ্ছি। সময়মতো বৃষ্টি অয় ন। যে সোমে অইছে, হে সোমে দরকারেত্তুন বেশি অইছে। হিয়াল্লাই অনেক তরমুজ নষ্ট অই গেছে। ন অইলে আরও বেশি ট্যাঁয়া হাইতাম।’ তিনি জানান, সরকার যদি এই মৌসুমে পর্যাপ্ত সেচের ব্যবস্থা করে দিত, তাহলে শুধু তরমুজই নয় অন্যান্য ফসলের আরও অনেক বেশি ফলন হতো।দক্ষিণ কচ্ছপিয়ার কৃষক মো. সোহাগ জানান, ইদানীং তরমুজের খেতে ভাইরাসের আক্রমণ বেড়েছে। গাছ মরে যাচ্ছে, তরমুজও নষ্ট হচ্ছে অনেক। এ ক্ষেত্রে তাঁদের কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ বা সহায়তা পাচ্ছেন না। কৃষি বিভাগের লোকেরা মাঠে আসেন না। নিজেদের বুদ্ধিতেই তাঁরা যা করার, করছেন।ছুটছেন ব্যাপারিরা: সুবর্ণচরে যেমন প্রচুর ফলন হচ্ছে তরমুজের, তেমনি এর স্বাদও চমৎকার। দূর-দূরান্ত থেকে ব্যাপারিরা ছুটে আসছেন তরমুজ কিনতে। তাঁদের কেউ বাড়ি বাড়ি গিয়ে স্তূপ করে রাখা তরমুজ কেনেন; আবার কেউ কেউ মাঠে মাঠে ঘুরে খেত থেকেই নগদ টাকায় তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। জানা গেছে, সুবর্ণচরের প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ ট্রাক তরমুজ যাচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরের বড় বড় মোকামে। চট্টগ্রামের চন্দ্রঘোনা থেকে আসা ব্যাপারি নুরুল আজিম প্রথম আলোকে জানান, আগে ভোলা ও বরিশালসহ বিভিন্ন এলাকা থেকে তরমুজ আনতেন। গত ছয়-সাত বছর ধরে এই সুবর্ণচরের তরমুজই তাঁদের চাহিদা মেটাচ্ছে।কৃষি বিভাগের বক্তব্য: উপজেলা কৃষি কর্মকর্তা নিবাস দেবনাথ প্রথম আলোকে জানান, অনাবৃষ্টি, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে এবার কম জমিতে চাষ হলেও ফলন খুবই ভালো। কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন। সেচের ব্যবস্থা থাকলে কৃষকেরা আরও বেশি লাভবান হতে পারতেন। কৃষি বিভাগের লোকজন মাঠে না যাওয়ার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষকদের এই অভিযোগ মোটেও ঠিক নয়। আমাদের লোকেরা সব সময় হয়তো যেতে পারেন না। কারণ একেকটি ব্লক অনেক বড়।’ তাঁর দাবি, কৃষি বিভাগের লোকজনের তৎপরতার কারণেই সুবর্ণচর ইতিমধ্যে নোয়াখালীর শস্যভান্ডারের খ্যাতি পেয়েছে।