তরুণ-তরুণীদের জন্য উৎসর্গ এ বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফিরেছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। একই সঙ্গে ফিরেছেন দুবার এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। গতকাল দুপুরেই তাঁদের আসার কথা ছিল। কিন্তু বিমানের ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিকেল পাঁচটা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তাঁরা।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেরিয়ে আসার পর নিশাত ও মুহিতের পরিবারের সদস্যরা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। তখন সবার চোখে ছিল আনন্দাশ্রু। বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিশাতের মা আশুরা মজুমদার, বাবা আবদুল মান্নান মজুমদার ও এম এ মুহিতের বাবা মো. মনোয়ার হোসেন।পরিবারের সদস্যরা ছাড়াও মুহিত ও নিশাতের সংগঠন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্যরা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি, নিশাতের কর্মস্থল ঢাকা ওয়াসার কর্মকর্তাসহ অনেকেই বিমানবন্দরে যান তাঁদের স্বাগত জানাতে। তাঁদের সঙ্গে নেপাল থেকে আসেন মিংমা গ্যালজে শেরপা, যিনি এভারেস্ট অভিযানে নিশাত ও মুহিতের সঙ্গে ছিলেন।সাংবাদিকদের সামনে নিশাত ও মুহিত আসেন সন্ধ্যা ছয়টার দিকে। নিশাত বলেন, ‘এভারেস্ট অভিযানের যত ভয়ংকর প্রতিকূলতা, বাধা-বিপত্তির কথা শোনা যায়, তার সব কটির মুখোমুখি হয়েছি এবার। বরফধসের মতো ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলাম। সে হিসেবে এটা যেন আমার দ্বিতীয় জন্ম।’তাঁর এভারেস্ট চূড়ায় আরোহণ বাংলাদেশি নারীদের আরও উজ্জীবিত করবে বলে মনে করেন নিশাত মজুমদার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশাত বলেন, ‘পর্বতারোহী হিসেবে আমার খেয়াল ছিল না যে আমি একজন নারী। আমি সব সময় নিজেকে একজন মানুষ হিসেবেই ভাবি।’নিশাত ও মুহিত দুজনেই এভারেস্ট বিজয়কে বাংলাদেশি তরুণ-তরুণীদের প্রতি উৎসর্গ করেছেন, যাতে তরুণ প্রজন্ম নেশার পথে না গিয়ে দেশের উন্নয়নের কথা ভাবে।পবর্তারোহী এম এ মুহিত দ্বিতীয়বারের এভারেস্ট জয়কে প্রথমবারের মতোই উপভোগ করছেন। দ্বিতীয় অভিযান প্রথমবারের চেয়েও বেশি কঠিন ও বিপৎসংকুল ছিল বলে তিনি জানান। সাংবাদিকদের বলেন, ‘ঠান্ডা বাতাস ও তুষারধসের কারণে আমাদের অভিযানের প্রতিটি মুহূর্ত ছিল বিপজ্জনক। তুষারঝড়ে ১২ থেকে ১৩ জন পর্বতারোহী মারাও যান।’বিমানবন্দরে এভারেস্ট বিজয়ীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজমা আকতার, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, প্ল্যান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মির্না ইরোরা মিং মিং, ঢাকা ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনসহ অনেকে।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দুই এভারেস্ট বিজয়ী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন।কাঠমান্ডুতে ওয়াসফিয়া: নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রথম আলোর প্রতিনিধি তৌহিদা শিরোপা জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় লুকলা থেকে সীতা এয়ারলাইনসের বিমানে করে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের এভারেস্টজয়ী দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরীন। দূর থেকে তাঁর হাসি না দেখলে চেনার উপায় নেই। রোদে পোড়া রুক্ষ ত্বক, খানিকটা রুগ্ণও। বিমানবন্দর থেকে সোজা হোটেলে যান ওয়াসফিয়া। গাড়িতেই জানালেন, ‘আমার তো এখন সারাক্ষণ খিদে পায়। বেসক্যাম্প থেকেই শুরু হয়েছে। দিনে আটবার খাচ্ছি। এখন মনে হচ্ছে, দেশের কাছাকাছি চলে এসেছি।’কাঠমান্ডুতে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বাংলাদেশ দূতাবাসের পক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা (প্রশাসনিক) হারুন অর রশীদ, ওয়াসফিয়ার এভারেস্ট অভিযানের আয়োজক এক্সপেডিশন হিমালয়া ডটকমের ব্যবস্থাপনা পরিচালক নবীন ত্রিতালসহ অনেকেই।ওয়াসফিয়া বললেন, ‘কৈশোর থেকেই নিজের সব কাজ নিজে করেছি। যখন যেটি করি, তা শেষ পর্যন্ত করি। আবহাওয়া খারাপ থাকায় অনেকেই সামিট পুশ করার আগে চলে এসেছে। আমি সামিট করতে না পারলেও শেষ পর্যন্ত চেষ্টা করে যেতাম। আগেই হার মানার মানুষ আমি নই। আমি কৃতজ্ঞ আমার মা মাহমুদা নাহারের কাছে। তিনি শিখিয়েছিলেন কীভাবে সব পরিবেশে, সব পরিস্থিতিতে খাপ খাওয়াতে হয়। আর অভিযানের স্বাদটা ছোটবেলায় বাবার কাছে পেয়েছি।’