তরুণ নারী বিজ্ঞানীদের খোঁজে
‘ওহ্, তোমার কি আসলেই মা আছে?’ শুনে মনে হতে পারে, কোনো মা-হারা সন্তানকে কেউ সমবেদনা জানাচ্ছেন। আসলে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে মেয়ের বন্ধুদের এমন মন্তব্য শুনতে হয়েছিল অধ্যাপক হাসিনা খানকে। পাটের জিনোম আবিষ্কারক দলের সদস্য এ অধ্যাপক বলেন, প্রায় প্রত্যেক নারী গবেষক ও বিজ্ঞানী এমন নানা ধরনের বেদনা ধারণ ও লালন করেন। তাঁদের সবাইকে শ্রদ্ধা।বাংলাদেশ বিজ্ঞান একাডেমি সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিজ্ঞান জাদুঘরে একটি কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ জানিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ৫৬ জন তরুণী বিজ্ঞানীকে। ‘নতুন এবং উদীয়মান বিজ্ঞানের শাখাগুলোয় তরুণ নারী বিজ্ঞানীদের চ্যালেঞ্জ’—এই ছিল কর্মশালার বিষয়বস্তু।এ প্রজন্মের হাতের মুঠোয় ইন্টারনেট, অত্যাধুনিক মুঠোফোন। আমরা বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে নিজেদের এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে। তা না হলে এ দেশে শিক্ষার হার, বিশেষ করে নারীশিক্ষার হার চমৎকারভাবে বাড়লেও মাত্র ১৫ শতাংশ মেয়ে শেষ পর্যন্ত বিজ্ঞানশিক্ষায় এগিয়ে আসে। গত ১০ বছরে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখায় মেয়েদের অন্তর্ভুক্তি শতকরা ৫০ ভাগ কমে গেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬০০ জন বিজ্ঞান শিক্ষকের মধ্যে মাত্র ১২০ জন নারী। ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও গবেষকের সংখ্যা মাত্র ১৮ শতাংশ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও গবেষক প্রায় ৩০ শতাংশ—এই পরিসংখ্যানের বিপরীত চিত্রই হয়তো দেখতে পেতাম এ অনুষ্ঠানে।বিজ্ঞান একাডেমির মিলনায়তনটি দুই দিন ধরে ভরে উঠেছিল একদল তরুণী পদার্থবিদ, গণিতবিদ, রসায়নবিদ, মলিকুলার বায়োলজিস্ট, কৃষিবিদ, চিকিৎসাবিজ্ঞানী, প্রকৌশলী, স্থপতি, ভূতত্ত্ববিদ, জিনবিজ্ঞানী ও কম্পিউটারবিজ্ঞানীর স্বতঃস্ফূর্ত পদচারণে। একাডেমির উদ্দেশ্য ও স্বপ্ন—এই বিভিন্ন পেশার ও ক্ষেত্রের মেধাবী তরুণীরা পরস্পরের সঙ্গে যুক্ত হোন, একে অন্যের সঙ্গে ভাব ও প্রেরণা বিনিময় করুন, সমাজে তাঁরা নেতৃত্ব প্রদানকারী ভূমিকায় এগিয়ে আসুন। এসো বিজ্ঞানের রাজ্যেএখানে বিজ্ঞানের জগতে নারী হিসেবে নিজেদের চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ ও ভালো-মন্দ অভিজ্ঞতাগুলো বিনিময় করেছেন তাঁরা। এসেছিলেন পাটের জিনোম আবিষ্কারক দলের সদস্য অধ্যাপক হাসিনা খান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা গবেষক অধ্যাপক হাজেরা মাহতাব, খ্যাতনামা উদ্ভিদবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহ-উপাচার্য জেড এন তাহমিদা বেগম, পদার্থবিদ অধ্যাপক সুলতানা শাফি, অধ্যাপক শাহিদা রফিক, বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী অধ্যাপক ফওজিয়া মোসলেম, অধ্যাপক শামীমা চৌধুরী, বায়োটেকনোলজিস্ট অধ্যাপক জেবা ইসলাম সিরাজ। কীভাবে তাঁরা নারী হিসেবে অনেক ঘাত-প্রতিঘাতের শিকার হয়েছেন ও সামলেছেন, কীভাবে তাঁরা সংসার আর গবেষণা-জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন, তা উঠে আসে তাঁদের আলোচনায়। আলোচনা সবচেয়ে প্রাণবন্ত হয়ে ওঠে দ্বিতীয় দিন এই ‘ব্যালেন্স ইওর লাইফ’ শীর্ষক সেশনে। বিয়ে, সন্তান, সংসার একদিকে, অন্যদিকে ক্যারিয়ার। কী করবেন তাঁরা। তাই তো অভিজ্ঞতার ঝুড়ি যাঁদের পূর্ণ, তাঁদের কাছে মুহুর্মুহু প্রশ্ন আসতে থাকে। মারি কুরিরা কোথায়?বিজ্ঞানের জগতে সাফল্যের মূলমন্ত্র তিনটি পি ও একটি সি। প্যাশন বা নেশা, পারসিস্টেন্স বা টিকে থাকা, পারসিভিয়ারেন্স বা লেগে থাকা এবং কনফিডেন্স বা আত্মবিশ্বাস। মেয়েরা গণিতে কাঁচা বা মেয়েদের দিয়ে বিজ্ঞান সম্ভব নয়, এসব কুসংস্কারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিজ্ঞানে মেয়েদের অংশগ্রহণ ও দক্ষতা বিষয়ে সব ভুল ধারণার অবসান হওয়া জরুরি। শুধু ভালো চাকরির জন্য পড়াশোনা দরকার—এ ধারণা থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। কর্মশালার শেষে জ্যেষ্ঠ নারী বিজ্ঞানীরা তাই বলেন, ‘মারি কুরিরা এই দেশেই কোথাও, কোনো না কোনো জায়গায় অপেক্ষা করে আছে। সময় এসেছে তাঁদের খুঁজে বের করার। আমরা সেই দিনের অপেক্ষায় আছি।’