তরুণ প্রজন্ম রাজনীতিকে ঘৃণা করে (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে কয়েক দিন ধরে জাতীয় সংসদে অসংসদীয় ও অশালীন ভাষা ব্যবহার করা হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে আজ সোমবার সকালে সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধীদলীয় সাংসদেরা কথা বলেছেন। কেউ কেউ অসংসদীয় ও অশালীন ভাষা ব্যবহারকারীদের সংসদ থেকে বের করে দেওয়াসহ জরিমানার দাবি করেছেন।অশালীন ভাষা ব্যবহার বন্ধে জরিমানার দাবি জানিয়েছেন সরকারদলীয় সাংসদ জুনায়েদ আহমেদ পলক। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ দাবি জানান তিনি।জুনায়েদ আহমেদ পলক বলেন, সংসদে অশ্লীল ও অশালীন ভাষা ব্যবহারের কারণে ৩৫০ জন সাংসদের মানহানি হচ্ছে। তাঁদের জন্য রাজনীতি কলুষিত হচ্ছে। এসব ভাষা শুনে ফেসবুকে তরুণ প্রজন্ম বলছে, তারা রাজনীতি ঘৃণা করে, রাজনীতিবিদদের ঘৃণা করে। তিনি বলেন, সংসদ অধিবেশন চালাতে প্রতি মিনিটে ৩০ হাজার টাকা ব্যয় হয়। এ টাকা জনগণের, শ্রমিক-কৃষকের রক্ত ঘাম করা আয় থেকে আসে। যাঁরা এসব শব্দ ব্যবহার করছেন, প্রতি শব্দের ব্যবহারের জন্য ৩০ হাজার টাকা তাঁদের বেতন থেকে কেটে নেওয়ার দাবি জানান তিনি। তবেই তাঁরা অপমানিত হবেন বলে তিনি মনে করেন।জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাঁরা সংসদে অশালীন ভাষা ব্যবহার করেন, সংবাদপত্রের প্রথম ও শেষ পাতায় তাঁদের খবর প্রকাশ করে উত্সাহিত করা যাবে না।সরকারদলীয় সাংসদ আবদুল মতিন খসরু বলেন, অশালীন ভাষা ব্যবহার বন্ধে স্কুল খোলা দরকার। বিরোধীদলীয় সাংসদ আন্দালিব রহমান পার্থও এ ব্যাপারে কথা বলেন।