আজ থেকে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য উৎসব। ছায়ানটের দুই দিনের এ উৎসবে নৃত্য পরিবেশন করবেন ছায়ানট সংগীত বিদ্যায়তনের নৃত্যকলা বিভাগের শিক্ষক শর্মিলা বন্দ্যোপাধ্যায়। কথা হলো তাঁর সঙ্গে।শাস্ত্রীয় নৃত্য উৎসব আয়োজনের পেছনের কারণটা কী?আপনারা সবাই জানেন, ছায়ানটের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে বিকশিত করা। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন কাজ করে আসছে। নাচটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতির আলাদা কোনো অংশ নয়। শাস্ত্রীয় নৃত্যে প্রচুর অধ্যবসায়, পরিশ্রম ও ধৈর্যের দরকার। এ ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে শাস্ত্রীয় নৃত্যে তরুণ প্রজন্মকে অনেক বেশি মাত্রায় আগ্রহী করে তোলা সম্ভব হবে বলে মনে করছি।আপনি কি মনে করেন এ ধরনের আয়োজন নৃত্যের প্রসারের ক্ষেত্রে সঠিক ভূমিকা রাখছে?নৃত্যের প্রসারে কিন্তু আমাদের সরকার এবং টেলিভিশন চ্যানেলগুলো একেবারেই উদাসীন। তারা নাচের প্রচার ও প্রসারের ব্যাপারে কোনো ধরনের যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করে না। একসময় বাংলাদেশ টেলিভিশনে ‘নূপুর নিক্বণ’ নামের শাস্ত্রীয় নৃত্যের একটি অনুষ্ঠান প্রচার করা হতো। বিটিভির এই অনুষ্ঠানের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চলের নৃত্যানুরাগীরা শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহী হয়। কিন্তু হঠাৎ করে বিটিভি কর্তৃপক্ষ অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ করে দেয়। শাস্ত্রীয় নৃত্যানুসারীদের মনে এটা খুব খারাপ একটা প্রভাব ফেলে। নাচের প্রসারের ক্ষেত্রে এটা খারাপ একটা দৃষ্টান্তও বটে। আর এ ধরনের আয়োজন নৃত্যের প্রসারের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে।নৃত্য উৎসবের শুরুটা হবে কীভাবে?এখানে উদ্বোধক হিসেবে কেউ থাকবেন না। মণিপুরি ও ভরতনাট্যম নৃত্যধারার মিশ্রণে নৃত্য পুষ্পাঞ্জলির প্রদীপ কোরিওগ্রাফির মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ছায়ানটের এই নৃত্যোৎসবের উদ্বোধন হবে। এবারের আয়োজনে কী কী থাকছে?গতবার ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র নৃত্যোৎসব। দুই দিনব্যাপী এবারের আয়োজনে থাকবে উপমহাদেশের শাস্ত্রীয় নৃত্যের চারটি রূপ—মণিপুরি, ওডিশি, ভরতনাট্যম ও কত্থক। ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এ উৎসবে নৃত্য পরিবেশন করবেন ঢাকা ও ঢাকার বাইরের আমন্ত্রিত শিল্পী ও দলগুলো।