তরুণ প্রাণে জাগরণের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে গানে মুক্তিযুদ্ধকালীন অগ্নিঝরা দিনগুলোকে উপলব্ধি করেছে কমলাপুর স্টেডিয়ামে উপস্থিত তারুণ্যে দীপ্ত শ্রোতারা। যুগে যুগে যেসব গান বাঙালিকে নানা আন্দোলনে প্রেরণা জুগিয়েছে, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকেরা যে গান শুনিয়ে মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছিলেন, ৩৯ বছর পর স্বাধীনতার দিনে সেই সব গানই নতুন প্রজন্মের ব্যান্ডসংগীতের শিল্পীরা গেয়ে শুনিয়েছেন নতুন প্রজন্মের শ্রোতাদের।গতকাল শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে গানের সুরে বাংলাদেশের সংগ্রামী ঐতিহ্য তুলে ধরতে জাগরণ সাংস্কৃতিক চর্চা ও গবেষণা কেন্দ্র এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশের সুপরিচিত বিভিন্ন ব্যান্ডের অংশগ্রহণে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মো. মোস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজন করেছিল ‘জাগরণের গান’ শিরোনামে মহা উৎসবের। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল প্রথম আলো, চ্যানেল আই, এবিসি রেডিও ও স্টেপ মিডিয়া। এতে জনপ্রিয় ব্যান্ডশিল্পীরা তাঁদের নিজস্ব গানের পাশাপাশি বিভিন্ন কালজয়ী দেশাত্মবোধক গান পরিবেশন করেন। দুপুরের পর থেকেই কমলাপুরের স্টেডিয়ামে নবীন প্রজন্মের সংগীতানুরাগীদের আগমন শুরু হয়। সন্ধ্যা নাগাদ পুরো মাঠ ভরে গিয়ে রাস্তার ওপর জটলা হয়। পথে দাঁড়িয়েই রাত পর্যন্ত তারা প্রিয় ব্যান্ড-তারকাদের গান উপভোগ করে।‘দিন বদলের শক্তি জাগানো কালজয়ী গানগুলো আবারও বেজে উঠুক তারুণ্যের প্রাণে’ স্লোগান নিয়ে জাগরণের গানের মহা উৎসবে জাগরণ সাংস্কৃতিক চর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীরা শুরুতেই গেয়ে শোনান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’। পরে তাঁরা শোনান ‘জনতার সংগ্রাম চলবেই’, ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’সহ বেশ কয়েকটি গান। তাঁদের গানের সঙ্গে ছিল দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশনা।গানের এই মহোৎসবে আসা ফকরুল জনি নামে এক তরুণ জানালেন, এই প্রজন্মের শিল্পীদের গান শুনে তাঁরা আনন্দ পান, ভবিষ্যতের স্বপ্ন দেখেন। কিন্তু তাঁদের পূর্বসূরিরা যেসব শব্দসৈনিকের গানে উদ্দীপ্ত হয়ে নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এই অনুষ্ঠানে তাঁদের অভিবাদন জানাতে পেরে তিনি খুবই তৃপ্ত বোধ করছেন। বাঙালির সংগ্রামী ইতিহাসের প্রেরণা জোগানো গানগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়ে জাগরণ সাংস্কৃতিক চর্চা ও গবেষণা কেন্দ্র ‘জাগরণের গান’ নামে ছয়টি সিডি প্রকাশ করেছে। এতে ৭১টি কালজয়ী গণসংগীত সংকলিত হয়েছে।জাগরণের পরে মঞ্চে আসেন শিল্পী হায়দার হোসেন। তিনি পরিবেশেন করেন ‘বাল্যকালে ঢাকা’, ‘মুক্তিযোদ্ধারা’, ‘গণতন্ত্র’, ‘ভালোবাসি বাংলাদেশ’ এবং ‘ফাঁইস্যা গেছি মাইনকা চিপায়’। মাকসুদ ও ঢাকা দলের প্রধান মাকসুদ শোনালেন ‘হতে পারে এ দেশ গরীবের দেশ’, ‘আবার যুদ্ধে যেতে হবে’, ‘কোন পথে চলেছি হে পরোয়ারদিগার’, ‘টেলিফোনে ফিসফিস’ এবং ‘মেলায় যাই রে’। সন্ধ্যার কিছু আগে মঞ্চে আসে ব্যান্ডদল ওয়ারফেজ। এই দলের শিল্পীরা শোনান বেশ কয়েকটি গান। সন্ধ্যার পর হাজার হাজার দর্শক-শ্রোতার সামনে আসেন পপসম্রাট আজম খান, মাইলস ও এলআরবি। আজম খান শোনালেন ‘রেললাইনের ঐ বস্তিতে’। মাইলস পরিবেশন করে ‘হারানো প্রেম ফিরিয়ে দাও’। এলআরবির আইয়ুব বাচ্চু পরিবেশন করেন, ‘জন্ম আমার ধন্য হলো’, ‘মাগো ভাবনা কেন’, ‘উড়াল দেব আকাশে’সহ বেশ কয়েকটি গান। আইয়ুব বাচ্চু গিটারে যখন জাতীয় সংগীতের সুর তুলছিলেন, তখন অসাধারণ পরিবেশের সৃষ্টি হয় স্টেডিয়ামে। হাজারো দর্শক দাঁড়িয়ে সেই সুরে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠেছিল ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’।