তরুণ বিজ্ঞানীর খোঁজে
সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্যোগে ঢাকা, রাজশাহী ও জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। তিনটি স্থানে বিপুলসংখ্যক তরুণ বিজ্ঞানী তাঁদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প তুলে ধরেছেন। তিন মেলা নিয়ে বিজ্ঞান প্রজন্মের বিশেষ আয়োজনঢাকা রাজধানীর বিসিএসআইআর ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়ল বিভিন্ন ধরনের প্রকল্প সম্পর্কে শিক্ষার্থীদের আলোচনা। কেউ বা নিজেদের প্রকল্প দর্শকদের বোঝাতে ব্যস্ত আবার কেউ নিজেই অন্য প্রকল্প দেখতে ব্যস্ত। তরুণ বিজ্ঞানীর খোঁজে বিসিএসআইআর বিজ্ঞান মেলা ২০১০ শিরোনামের এ মেলায় এবার ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের প্রকল্প প্রদর্শনীসহ নানা আয়োজন। জাতীয় পর্যায়ে আয়োজিত এ মেলায় তরুণ ও নবীন বিজ্ঞানীরা নানা ধরনের প্রকল্প প্রদর্শন করে। চার দিনের এ মেলা অনুষ্ঠিত হয় ২০-২৩ মার্চ। ছোট মেয়েকে নিয়ে এসেছেন অভিভাবক ফেরদৌসী নূর। এ মেলায় নিজের ছেলের অংশগ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের এ ধরনের আয়োজনে যথেষ্ট আগ্রহ রয়েছে। ছেলের প্রচণ্ড আগ্রহ আর ছোট মেয়ের মেলা দেখার ইচ্ছা পূরণ করতেই মেলায় এসেছেন তিনি। মেয়ে ছোট্ট রাফিয়া নূর তখন বিভিন্ন প্রকল্প দেখতে ব্যস্ত। কী দেখছে জিজ্ঞেস করতেই সে জানাল, ভাইয়া সুন্দর একটা মেশিন বানিয়েছে। সেটা সে দেখেছে। এখন নতুন আর কী আছে তাই দেখতে এসেছে। ভাইয়ার মতো এমন যন্ত্র সেও বানাতে চায়। মেলায় দেখা যায় শিক্ষার্থীদের নানা বিষয়ের প্রকল্প। পদ্মা সেতুতে বিদ্যুৎ প্রয়োজন। সে বিদ্যুৎ যদি সেতুর নিচের পানির মাধ্যমে উৎপন্ন করা যায়, তাহলে সেতুর বিদ্যুতের চাহিদা সেখান থেকেই মেটানো সম্ভব! শিক্ষার্থীদের নানা ধরনের প্রকল্পের মধ্যে ছিল সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও পানি উত্তোলন, ইন্টারনেটের মাধ্যমে গ্রামের মানুষকে সেবাদান, কৃষিতে সমন্বিত চাষ, ডিজিটাল পদ্ধতিতে যানবাহন চলাচল, গ্যাসের অপচয় রোধে আধুনিক চুলা, হাসপাতালের বর্জ্যের পুনঃপ্রক্রিয়াকরণ, ডিজিটাল গ্রামের মডেল, বাঁশ দিয়ে ফ্ল্যাক্স তৈরি, পানির অপচয় রোধে বিকল্প ব্যবস্থা, কৃষিক্ষেত্রে বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের ব্যবস্থা ইত্যাদি। এসব প্রকল্পেই থেমে থাকেনি শিক্ষার্থীরা। মোবাইল ফোনসেট চুরি হলে, এর ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বরের মাধ্যমে কীভাবে মোবাইল ফোনসেট খুঁজে পাওয়া যাবে সেটিও দেখানো হয়েছে। বরগুনা কলেজের শিক্ষার্থী সাগর রায় বিদ্যুৎ ও পাম্পপদ্ধতি ছাড়াই নদী থেকে পানি উত্তোলনের একটি প্রকল্প দেখিয়েছে। শিক্ষার্থীদের তৈরি নতুন কিছু প্রকল্প দেখতে মেলায় এসেছেন প্রবীণ শিক্ষক আবদুল হক। তিনি জানালেন, এসব কার্যক্রম নিয়ে ছোটবেলা থেকেই আগ্রহী তিনি। পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ আর উৎসাহ বাড়াতেই তিনি এসেছেন। এমন সব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞান-সচেতন ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে বিসিএসআইআরের আয়োজনে এ মেলায় দেশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শন করা হয়। এবারের মেলায় শিক্ষার্থীদের পাশাপাশি বিসিএসআইআর থেকে উদ্ভাবিত পদ্ধতি নিয়ে গড়ে ওঠা স্থানীয় শিল্পোদ্যোক্তারাও নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করেছেন। মেলার প্রবেশমুখে থাকা ভ্রাম্যমাণ ব্যান্সডক গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাবের গাড়িটিও শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল। মেলায় এসে একটু কম্পিউটার ব্যবহারের সুযোগও হাতাছাড়া করেনি অনেকে। বিজ্ঞান আর প্রযুক্তি—এই দুইকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব এবং সে লক্ষ্য আর স্বপ্নই ছিল শিক্ষার্থীদের চোখেমুখে। রাজশাহীডিজিটাল রেলক্রসিং, চোর ধরার যন্ত্র, বেলের পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি উদ্ভাবনী মানবকল্যাণে বড় ভূমিকা রাখবে এতে কোনো সন্দেহ নেই। এসব বড় ভূমিকার নেপথ্যে যারা কাজ করছে, তারা খুদে বিজ্ঞানী। রাজশাহীতে ১৯ থেকে ২১ মার্চ তিন দিনব্যাপী এ মেলা চলে। এতে বিজ্ঞানের উদ্ভাবনী নিয়ে হাজির হয়েছিল ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৬ জন শিক্ষার্থী। মেলার উদ্ভাবনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইউনিভার্সেল সুইচ কন্ট্রোল, মডিফাইড পর্যায় সারণি, বেলের পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন, ব্রিজ প্রটেক্টর, প্রাকৃতিক ফ্রিজ, সাশ্রয়ী কেরোসিন স্টোভ, বিদ্যুৎ অপচয় রোধক, কলেজ এফ এম, স্বল্প খরচে অ্যান্টিপেরটিক, ওয়াটার লেভেল কন্ট্রোলার, ডিজিটাল রেলক্রসিং ডিজিটাল সিটি, সোলার প্যানেল, ম্যাজিক বক্স, আধুনিক রোবট, আধুনিক খামার, সামাজিক বনায়ন, রাজধানীর নাম নির্ণয়, সেফটি সিকিউরিটি, চোর ধরার যন্ত্র ইত্যাদি।বিসিএসআইআর রাজশাহীর মিলনায়তনে খুদে বিজ্ঞানীদের এ প্রদর্শনী দেখতে দর্শনার্থীদের ভিড় লেগেই ছিল। নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্টলে স্টলে ভিড় জমায়। দিনব্যাপী স্টলে খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনীর কার্যকারিতা দেখায়। শিক্ষার্থীরা এ আয়োজন দেখতে মেলায় দীর্ঘ সময় কাটায়। রাজশাহী কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী শেখ ইসতিয়াক আহাম্মেদ দেখাচ্ছে কীভাবে বেলের পাতা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। গাছ থেকে ঝরে পড়া বেলপাতা পানিতে ভিজিয়ে এর একপাশে তামা ও আরেক পাশে দস্তার তার সংযোগ করলেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ১৫ থেকে ২০টি পাতা এক জায়গা করলেই দেড় থেকে দুই ভোল্টের বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। শুধু বেলপাতা নয়, যেসব গাছের পাতায় অ্যাসকরবিক এসিড আছে, সেই পাতা দিয়েই এভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ইসতিয়াকের দাবি, অনেক পাতা দিয়ে বৃহত্ আকারে করলে এভাবে ছোটখাটো বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট তৈরি করা যাবে। রাজশাহীর প্যারামাউন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আবিরুল ইসলাম ও তার চার সঙ্গী মিলে দেখাচ্ছে সোলার বোট হাউস। এমন প্রযুক্তি ব্যবহার করে এ বাড়ি তৈরি করা হয়েছে যে বন্যার পানি কখনোই এ বাড়িতে উঠতে পারবে না। পানি আসার সঙ্গে সঙ্গেই বাড়িটিও ভেসে উঠবে। প্রয়োজনে বাড়িটি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যাবে। এ জন্য প্রোপেলার লাগানো রয়েছে। মেলার উদ্বোধন করতে এসে রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞানচর্চার বিকল্প নেই। এ ক্ষেত্রে শিশুদের রাষ্ট্রীয়ভাবে অনুপ্রাণিত করতে হবে। শিশুদের মধ্যেই সবচেয়ে বেশি উদ্ভাবনী শক্তি আছে। এই খুদে বিজ্ঞানীদের মেধার বিকাশ ঘটানোর জন্য স্কুলে স্কুলে বিজ্ঞান মেলার আয়োজন করতে হবে। সমাপনী অনুষ্ঠানে উদ্ভাবক শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ক-শাখায় বিদ্যুৎ অপচয় রোধক যন্ত্রের জন্য শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ হিল কাফিকে প্রথম, ওয়াটার লেভেল কন্ট্রোলের জন্য খড়খড়ি বহুমুখী কারিগরি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সজল ইসলাম দ্বিতীয় হয়। খ-শাখায় ডিজিটাল হিল রোডের জন্য শিরোইল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মীর তানভীর আহাম্মেদ প্রথম, ব্রিজ প্রটেক্টরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের রাইসুল ইসলাম দ্বিতীয় পুরস্কার পেয়েছে। জয়পুরহাটজয়পুরহাটে বিসিএসআইআর ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হয়েছে ২০ থেকে ২২ মার্চ। মেলায় জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর ও বগুড়া জেলার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭৯ জন শিক্ষার্থী তাদের উদ্ভাবিত ১০৯টি প্রকল্প প্রদর্শন করে। প্রাথমিক স্তরে গাইবান্ধার হাসান সরকার স্বল্প খরচে সুপার গ্লু তৈরি করে সম্মিলিতভাবে প্রথম স্থান অধিকার করে। একই স্তরে বগুড়ার আবদুর রাজ্জাক ডিজিটাল কাকতাড়ুয়ার জন্য দ্বিতীয় এবং আশরাফুল ইসলাম পরিবেশবান্ধব উপায়ে বিষাক্ত পোকামাকড় দমনের পদ্ধতির জন্য তৃতীয় স্থান লাভ করে। দ্বিতীয় স্তরে জয়পুরহাটের নুজহাত নাসরীন, ফারহানা ইয়াসমিন ও হুমাইয়া আক্তার রিজার্ভার ওয়াটার ওভারফ্লো কনট্রোলিং ট্যাংক উদ্ভাবনের জন্য প্রথম এবং একই জেলার তাসনিম হাকিম, ইসমন জাহান ও জান্নাতুল ফেরদৌস সৌরচুল্লি ও ডেনিয়েল সেল তৈরি করে দ্বিতীয় এবং গাইবান্ধার মেফতাহুল জান্নাতি জীবনঘনিষ্ঠ বিজ্ঞান ও তার ব্যবহার উদ্ভাবন করে তৃতীয় স্থান লাভ করে। তৃতীয় স্তরে বিজয়ী হয় গাইবান্ধার তারেক চৌধুরী, বগুড়ার মাসুদ রানা চৌধুরী, আজিজুল হক, শামীম আহম্মেদ, আহসান হাবীব বাংলাদেশের খনিজ সম্পদ উত্তোলনে ভূগর্ভস্থ খননপদ্ধতি উদ্ভাবন করে তৃতীয় স্থান লাভ করে। শিক্ষার্থীরা প্রচণ্ড আগ্রহ নিয়ে মেলায় আসা স্টলগুলো ঘুরে দেখেছে এবং অনেক প্রশ্নের উত্তরও পেয়েছে তারা। এভাবে বিজ্ঞান মেলা করতে পারলে নতুন প্রজন্মের কাছে বিজ্ঞান শিক্ষা আরও জনপ্রিয় হবে বলে দর্শক এবং সংশ্লিষ্টরা জানায়।নুরুন্নবী চৌধুরী, আবুল কালাম মুহম্মদ আজাদ ও আসাদুল ইসলাম