তরুণ সমাজের বিজয় হবে
একুশ অর্থাত্ ১৯৫২ সালের রক্তরাঙা একুশে ফেব্রুয়ারি। বাঙালি জাতির ইতিহাসে উজ্জ্বলতম দিন। বিগত ৬০ বছরে এ দিনটির মহিমা আমাদের কাছে একটি জীবন্ত সত্তা হয়ে দাঁড়িয়েছে। একুশ থেকে আমরা এত কিছু পেয়েছি যে তা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা যারা একুশের প্রজন্মের মানুষ, তাদের কাছে একুশ সূর্যের মতো আলোর দিশারি। একুশের আগে আমাদের ভাষা ছিল কিন্তু মাতৃভাষা ছিল না, আমাদের ভূমি ছিল কিন্তু মাতৃভূমি ছিল না, দেশ ছিল কিন্তু স্বদেশ ছিল না। একুশ আমাদের বিস্মৃত জাতিসত্তা ফিরিয়ে দিয়েছে। একুশে ফেব্রুয়ারি না হলে আমরা এক গোলামের জাতিতে পরিণত হতাম। পাঞ্জাবি প্রভুদের পদলেহন করে আমাদের যুগযুগান্তর অতিক্রান্ত করতে হতো। একুশ আমাদের সেই অসহনীয় গ্লানি থেকে মুক্তি দিয়েছে। একুশে ফেব্রুয়ারির আগে আমরা কী ছিলাম, তা আমরা জানি না। আমরা বিশ শতকের সূচনাকাল অবধি তর্ক করেছি যে আমরা বাঙালি, না মুসলমান? আমরা বাঙালি মুসলমান, না মুসলমান বাঙালি? আমাদের মাতৃভাষা কি বাংলা, না উর্দু? একুশ আমাদের এসব বিভ্রান্তি থেকে মুক্তি দিয়েছে। একুশ থেকেই আমরা একাত্তরে পৌঁছেছি। হাজার বছরের ইতিহাসে বাঙালি প্রথম নিজের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার অর্জন করেছে। বাংলা ভাষা প্রথম রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। বায়ান্নর একুশ থেকে একাত্তর সাল ২০ বছরের ব্যবধান। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধের দূরত্ব ২০ মাইল। আমরা ২০ বছরে এ ২০ মাইল দূরত্ব অতিক্রম করেছি। বায়ান্নর একুশ আমাদের প্রেরণা জুগিয়েছে ’৫৪ সালে ‘২১ দফা’র ভিত্তিতে, যুক্তফ্রন্ট গঠনের মাধ্যমে সাধারণ নির্বাচনে মুসলিম লীগকে পূর্ববাংলা থেকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া। ১৯৫৮ সালে পাকিস্তানে মার্শাল ল সরকার ক্ষমতা দখল করেছিল। উদ্দেশ্য ছিল ’৫৬ সালে গৃহীত পাকিস্তানের নতুন সংবিধান অনুযায়ী শাখা নির্বাচনকে বানচাল করা, যাতে সংখ্যাগরিষ্ঠ পূর্ববাংলার জনপ্রতিনিধিরা ক্ষমতায় যেতে না পারেন। জেনারেল আইয়ুব খানের কট্টর সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল পূর্ববাংলার ছাত্রসমাজ ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের মাধ্যমে, যার মূল প্রেরণা ছিল একুশের চেতনা। ১৯৬৪ সালে আইয়ুব খানের গোলাম গভর্নর মোনায়েম খান বিহারিদের দিয়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়েছিল, একুশের চেতনায় তা রুখে দাঁড়িয়েছিল বাঙালি। গভর্নর মোনায়েম খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সমাবর্তন উত্সবে সমুচিত শিক্ষাদান করেছিল। ’৬৬ সালে বঙ্গবন্ধুর ছয় দফার ভিত্তিতে যে রক্তাক্ত স্বাধিকার আন্দোলন হয়েছিল, সেই ছয় দফার উত্স ছিল ২১ দফা। পরবর্তীকালে ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার বিরুদ্ধে ১১ দফাভিত্তিক যে গণ-অভ্যুত্থান ঘটেছিল, তারও উত্স ছিল ২১ দফা। মোট কথা হলো, একুশে ফেব্রুয়ারির প্রতীক ২১ দফা থেকেই পরবর্তীকালে ছয় দফা এবং ১১ দফার সৃষ্টি হয়েছিল, যা একাত্তর সালে নির্বাচনের রায় পদদলিত হলে পরিণত হয়েছিল এক দফায়, অর্থাত্ স্বাধীনতার দাবিতে। এভাবেই একুশের প্রত্যাশা রূপান্তরিত হয়েছিল স্বাধীনতার দুর্দমনীয় সংকল্পে। ৫২, ৬২, ৬৪, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০ ও ৭১ সালে বাঙালির যে অপরিমেয় রক্ত ঝরেছিল, তার ফসল বাংলাদেশ।একুশের চেতনা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা; যেখানে ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে মানুষ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজে সম্মানের সঙ্গে বসবাস করবে। একুশ থেকে সৃষ্টি হয়েছিল একাত্তর। সেই একাত্তরের চেতনা হলো একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত, মৌলবাদমুক্ত, রাজাকারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা। স্বাধীনতার পর ৪২ বছরেও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। যাঁরা মুক্তিযুদ্ধ করেছিলেন, তাঁঁদের কারও কারও পদস্খলন ঘটেছে। ফলে তাঁরা রাজাকারের পর্যায়ে নেমে গেছেন। একটা কথা মনে রাখতে হবে যে একজন মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা নন, রাজাকারদের সঙ্গে আপস করলে তিনিও রাজাকারে পরিণত হন। অপর দিকে একাত্তরের রাজাকার চিরদিনই রাজাকার। তিনি কখনো মুক্তিযোদ্ধা হতে পারেন না। ১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত যাঁরা রাজাকারদের সঙ্গে রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সামাজিক সম্পর্ক স্থাপন করেছেন, তাঁরা রাজাকারের দোসর। রাজাকারদের সঙ্গে সম্প্রীতি ও সমঝোতা যাঁরা করেন, তাঁরাও রাজাকার পর্যায়ভুক্ত। বাংলাদেশে গত চার দশকে এই প্রক্রিয়ায় বহু মানুষের অধঃপতন ঘটেছে; ফলে আমাদের তরুণ সমাজ নতুনভাবে একাত্তরের চেতনায় অভিষিক্ত হয়ে রাজাকারমুক্ত, জঙ্গিবাদমুক্ত, মৌলবাদমুক্ত, সন্ত্রাসবাদমুক্ত বাংলাদেশ গঠনের জন্য নতুন এক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তাদের আদর্শ একাত্তরের চেতনা, যা বাস্তবায়নের জন্য তারা বেছে নিয়েছে রক্তাক্ত ফেব্রুয়ারি মাসকে। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে মাতৃভাষার অস্তিত্ব রক্ষার জন্য যে তরুণেরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের সেই আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বারবার বাংলার তরুণ সমাজ রক্ত দিয়েছে, বারবার ধ্বনিত হয়েছে—‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’। এখন প্রশ্ন, যাঁরা ৫২, ৬২, ৬৪, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭৫ ও ৯০ সালে রক্ত দিলেন, সেই শহীদানের রক্তের সঙ্গে কি এ দেশের রাজাকারদের সঙ্গে সঙ্গে নব্য রাজাকাররাও বিশ্বাসঘাতকতা করেনি? অন্যথা আজকে আমাদের তরুণ সমাজকে আবার রাজপথে অবস্থান নিতে হচ্ছে কেন? তাহলে কি আমরা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছি? তাহলে কি আমরা একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? আমাদের সেই অবিমৃশ্যকারিতার জন্যই কি আমাদের সন্তানেরা আমাদের কলঙ্ক মোচনের পথে নেমেছে? গত কয়েক মাস আমরা নীরবে রাজপথে একাত্তরের ঘাতক দালাল ও পরাজিত শত্রুদের ধ্বংসলীলা ও জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দৃশ্য দেখেও না দেখার ভান করেছি। কিন্তু আমাদের সাহসী সন্তানেরা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে এক নতুন মুক্তিযুদ্ধের সূচনা করেছে। একাত্তরে আমাদের যুদ্ধ ছিল বিদেশি শত্রুর সঙ্গে। ২০১৩ সালের সংগ্রাম ঘরের শত্রু বিভীষণের সঙ্গে। গত ৪০ বছরে ঘরের শত্রু যত শক্তিশালী হয়ে উঠেছে, ১৯৭১ সালে তারা ততটা ছিল না। সুতরাং, এবারের সংগ্রাম বেশ দুরূহ ও জটিল। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি একাত্তরের মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত করবে? নাকি একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের উদ্দেশ্য সফল করবে? আমাদের তরুণ সমাজ বর্তমানে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, তার ফলাফলের ওপরই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যত্। একুশের প্রত্যাশা, আমাদের তরুণ সমাজের বিজয় এবং তা-ই হবে একুশের প্রাপ্তি।