তরুণ হলে আইভীর কর্মী হিসেবে নাম লিখাতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যে স্বাধীন নয়, তা নারায়ণগঞ্জ নির্বাচনেই প্রমাণ হয়েছে। ১৯৭২ সালে বাংলাদেশে যে সংবিধান প্রণীত হয়েছে সেখানে মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল। কিন্তু আমাদের সরকারগুলো অনেক সময় সেগুলো মেনে চলে না। আজ শুক্রবার ৪ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় ড. কামাল এসব কথা বলেন।বিশিষ্ট এ আইনজীবী বলেন, সংবিধানে আছে ন্যায়পাল থাকতে হবে, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে কিন্তু সরকার এগুলো মানছে না।বর্তমান সরকার বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন হবে, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না, এ পরিস্থিতিতে কোনো রাজনৈতিক সংকট হবে কি না জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন ২০০৭ সালে ২২ জানুয়ারি নির্বাচন না হলে সংবিধান লঙ্ঘন হবে। তিনি যেকোনো মূল্যে ওই নির্বাচন করতে চেয়েছিলেন। জনগণ তা মেনে নেয়নি। সেই নির্বাচন হয়নি। এর আগে ১৯৯৬ সালে ফেব্রুয়ারির নির্বাচন, ১৯৮৮ সালে এরশাদের নির্বাচনও জনগণ মেনে নেয়নি। কাজেই জনগণ না মানলে যে যা-ই বলুক শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না। ড. কামাল বলেন, ভারতের নির্বাচন কমিশনের ওপর কেউ নেই। সেখানে নির্বাচন কমিশন যা বলে তা-ই হয়। এমনকি সোনিয়া গান্ধী নির্বাচন পেছানোর জন্য আদালত পর্যন্ত গেলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল থেকেছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন কতটা স্বাধীন তা সর্বশেষ নারায়ণগঞ্জের নির্বাচনেই প্রমাণিত হয়েছে।সরকার নির্বাচনে সেনাবাহিনী না দিয়ে সংবিধানের ১২৬ ধারা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন তিনি। গণফোরামের সভাপতি বলেন, ‘দেশে অনেক সংকট আছে। কিন্তু তার পরও আমরা আশার আলো দেখতে পাই। নারায়ণগঞ্জ নির্বাচনে আইভীর জয় তেমনই একটি ঘটনা। আমি তরুণ হলে আইভীর কর্মী হিসেবে নাম লিখাতাম। প্রত্যেক জেলা ও থানায় এমন আইভী আর তাঁর কর্মী বাহিনী গড়ে উঠুক।’