তরুণদের উৎসাহিত করতে প্রণোদনা বৃত্তি দিচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার এস এম সোলায়মানের দশম প্রয়াণ দিবস আর ২৯ সেপ্টেম্বর তাঁর ৫৮তম জন্ম দিবস। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ও স্টুডিও থিয়েটারে থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করেছে ‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি ও স্মরণ উৎসব’। দুই দিনের এই উৎসব নিয়ে কথা হলো থিয়েটার আর্ট ইউনিটের দলপ্রধান রোকেয়া রফিকের সঙ্গে। ‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি ও স্মরণ উৎসব’ আয়োজনের ব্যাপারে আগ্রহী হলেন কেন?এস এম সোলায়মান ছিলেন তারুণ্যের প্রতীক। তারুণ্যনির্ভর নাটক করতেন তিনি। পাশাপাশি তিনি ছিলেন নাটকপাগল একজন মানুষ। নাটক ঘিরেই ছিল তাঁর সবকিছু। থিয়েটার করতে গেলে ঠিক এমনই স্পৃহা থাকতে হয়। যাদের ভেতর এই জ্যোতিটা পাওয়া যায়, এমন তরুণ নাট্যকর্মীদের অনুপ্রেরণা জোগাতে, থিয়েটার চর্চায় আরও উৎসাহিত করতে আমরা ‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি’ দিচ্ছি। আমরা মনে করি, এই তরুণ নাট্যকর্মীরা আরও অনেক দিন থিয়েটারের সঙ্গে জড়িয়ে থাকবে, থিয়েটারকে সমৃদ্ধ করবে। বৃত্তি দেওয়ার পাশাপাশি আমরা এই উৎসবে এস এম সোলায়মানকে স্মরণ করব।দুই দিনের উৎসবে কী কী থাকছে?এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। ত্রপা মজুমদারকে দেওয়া হবে ‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি’। স্মারক বক্তৃতা দেবেন মান্নান হীরা। তার ওপর আলোচনা করবেন মামুনুর রশীদ। সন্ধ্যায় থাকবে এস এম সোলায়মানের লেখা নাটক আমিনা সুন্দরী। কাল শুক্রবার বিকেল পাঁচটায় স্টুডিও থিয়েটার হলে হবে স্মৃতিচারণা ও আলোচনা। থাকবে এস এম সোলায়মানের সংগীত ও নাট্যসংলাপ পরিবেশনা। সন্ধ্যায় হবে নাটক কোর্ট মার্শাল। এবারই প্রথম আমরা স্টুডিও থিয়েটারে নাটকটির প্রদর্শনী করছি।থিয়েটার আর্ট ইউনিট থেকে নতুন কোনো নাটক মঞ্চে আনার ব্যাপারে কিছু ভেবেছেন?আগামী অক্টোবর মাসে আমরা শেষের কবিতা নাটকটি মঞ্চে আনার পরিকল্পনা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে মঞ্চরূপ দিয়েছেন প্রশান্ত হালদার, নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী। এর আগে রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ নিয়ে মগজ সমাচার নাটকটি মঞ্চে এনেছিলাম ২০১০ সালে। তবে রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে এবারই একটি বড় কাজ করছি।