তরুণদের বিকাশের সুযোগ দিতে হবে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণদের মধ্যে যে অমিত সম্ভাবনা লুকিয়ে আছে, তার বিকাশে রাজনীতিবিদদের দুয়ার খুলে দিতে হবে। তা না হলে জগত্ পাল্টাবে না, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণ হবে না।দক্ষিণ এশিয়ার তরুণদের দুই দিনের সমাবেশের গণমাধ্যম-বিষয়ক অধিবেশনে আজ রোববার বক্তারা এ অভিমত দেন। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) যৌথভাবে ‘লিড ২০১২’ শীর্ষক দুই দিনের এ সমাবেশের আয়োজন করে।‘হোয়াট ডাস ইট টেক টু কানেক্ট অ্যান্ড ইনসপায়ার?’ শীর্ষক অধিবেশন সঞ্চালনা করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। দেড় ঘণ্টার আলোচনায় প্যানেল আলোচকেরা নিজেদের অভিজ্ঞতার কথা বলেন। এরপর তাঁরা সমাবেশে আগতদের প্রশ্নের উত্তর দেন।একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিবিসি, রয়টার্স ও লন্ডনের দ্য টেলিগ্রাফের সাবেক প্রতিনিধি সায়মন ড্রিং নিজের অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে বলেন, চার দশকে পৃথিবীর নানা প্রান্তে অন্তত ২২টি যুদ্ধ ও আন্দোলনের জন্য তিনি প্রতিবেদন সংগ্রহ করেছেন। এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ২০০০ সালে একুশে টিভির যাত্রা। তিনি বলেন, ‘তরুণেরা যে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত একুশে টিভি। আমরা তিন শর বেশি সহকর্মীর ওপর আস্থা রেখে যাত্রা শুরু করেছিলাম, যাদের বেশির ভাগেরই টিভিতে কাজ করার অভিজ্ঞতা ছিল না। কিন্তু তারা তাদের অদম্য ইচ্ছাশক্তি, প্রত্যয় দিয়ে একুশে টিভির সাফল্য রচনা করেছিল। শুধু তা-ই নয়, আর্থিক সাফল্যও দেখিয়েছিল একুশে টিভি।’স্মৃতিতে ফিরে গিয়ে আবেগাপ্লুত সায়মন বলেন, ‘এর দুই বছর পর আমার জীবনে এল বিষাদময় দিন। যেদিন আদালতের রায়ে বন্ধ হয়ে গেল একুশে টিভি।’ তিনি বলেন, ‘কাজেই সেই অভিজ্ঞতার আলোকেই বলতে পারি, তরুণদের সম্ভাবনা কখনোই বিকশিত হবে না যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদেরা তরুণদের জন্য ভাবনার দুয়ার খুলে দিচ্ছেন।’পাকিস্তানের ডন পত্রিকার কলামিস্ট ভারতীয় সাংবাদিক জাবেদ নাকভি বলেন, ‘ভারতের সঙ্গে শুধু বাংলাদেশ ও পাকিস্তানই নয়, শ্রীলঙ্কা কিংবা নেপালের কেন অনাস্থার সম্পর্ক, তা চিন্তার খোরাক জোগায়। একে অন্যের সংযোগ কখনোই হবে না যতক্ষণ আধিপত্যবাদী মনোভাব দূর না হবে। তাই আমাদের আত্ম-সমালোচনা জরুরি।’নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর বলেন, সাংবাদিকতায় সামাজিক সম্পৃক্ততা আর নিস্পৃহতা—দুটি ধারা রয়েছে। আমি প্রথমটির পক্ষে। সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে সাংবাদিকতা করলে জনগণের দুঃখ-বেদনা নিয়ে কথা বলতে হবে। গণতন্ত্র আর অগণতান্ত্রিক পন্থার ব্যাপারেও সোচ্চার হতে হবে।’নেপালের হিমাল সাউথ এশিয়ানের সম্পাদক কনক মনি দীক্ষিত বলেন, ‘কখনো কখনো তারুণ্যের ধারণাটি অতিমাত্রায় বাণিজ্যিকীকরণ হয়েছে। দক্ষিণ এশিয়ার উন্নতির স্বার্থেই আমাদের আত্মজিজ্ঞাসা ও আত্মসমালোচনা জরুরি।’প্যানেল আলোচক হিসেবে অধিবেশনটিতে অংশ নেওয়ার কথা ছিল বিবিসির নয়াদিল্লির সাবেক ব্যুরো প্রধান মার্ক টালির। কিন্তু জরুরি প্রয়োজনে তিনি ঢাকায় আসতে পারেননি। পরে টেলিফোনের মাধ্যমে তাঁর আলোচনায় যোগ দিলেও টেলিফোন সংযোগে ত্রুটি থাকায় মার্ক টালি শেষ পর্যন্ত বক্তৃতা দিতে পারেননি।প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠানের সভাপতি ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল ভারতে সম্প্রচারের ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে অগ্রগতি হবে বলে আশা করে বাংলাদেশ।হলুদ সাংবাদিকতা রোধে গণমাধ্যম, প্রেস কাউন্সিল ও সরকারের ভূমিকা সম্পর্কে প্রশ্নের উত্তরে মাহফুজ আনাম বলেন, সমস্যাটি বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই আছে। আর বাংলাদেশে প্রেস কাউন্সিলকে পর্যাপ্তভাবে কাজে লাগানো হয় না। হলুদ সাংবাদিকতা রোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে, যে গণমাধ্যম এ ধরনের সাংবাদিকতার চর্চা করে, সেটিকে বর্জন করা। হলুদ সাংবাদিকতা বন্ধের নামে বিধি-নিষেধ আরোপের লক্ষ্যে নিবর্তনমূলক আইন প্রবর্তন কাম্য হতে পারে না।জীবনের সবচেয়ে চ্যালেঞ্জের কথা জানতে চাইলে সায়মন ড্রিং বলেন, ‘অবশ্যই একুশে টিভি চালু ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর যেদিন টিভিটি বন্ধ হয়ে যায়, সেই দিনটি ছিল আমার জন্য সবচেয়ে হূদয়বিদারক। একুশে টিভি বন্ধের পর আমি যখন বাংলাদেশ ছাড়তে বাধ্য হই, তখন পেছন ফিরে মনে হচ্ছিল তিন শর বেশি তরুণের স্বপ্ন কীভাবে চুরমার হয়ে গেল।’তথ্যমন্ত্রী বলেন, ‘তরুণদের ভাবনাকে বিকশিত করতে আমাদের দায়িত্ব নিতে হবে। এ জন্য সংলাপের মাধ্যমে নিজেদের সহযোগিতা বাড়াতে হবে।’গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের কখনোই পক্ষাবলম্বন করা উচিত নয়।

মাহফুজ আনাম বলেন, ‘দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠীর বড় অংশই হচ্ছে তরুণ। আর বাংলাদেশে ৪০ বছরের কম বয়সী মানুষের সংখ্যা ৭৩ শতাংশ। আমি অবাক হয়ে লক্ষ করেছি, আমাদের গণমাধ্যমেও এ জনগোষ্ঠীর মতামত সেভাবে প্রতিফলিত হয় না। কাজেই তরুণদের মতামত আরও ব্যাপকভাবে ও বহুমাত্রিক উপায়ে আমাদের গণমাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত।’