‘বাংলাদেশের জন্যই পৃথিবীতে বাংলা ভাষার সম্মান এখনো রয়েছে। ইউনেসকোকে বলতে হয়, বাংলা সুইটেস্ট ভাষা।’ গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরে এইচএসবিসি ও সাহিত্য পত্রিকা কালি ও কলম আয়োজিত তরুণ লেখকদের সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপমহাদেশের জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এ মন্তব্য করেন। গুণী এই লেখক তরুণ বয়সে লেখক হিসেবে তাঁর গড়ে ওঠার সংগ্রামের কথাও শোনালেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের আদান-প্রদান খুব কম। এখানকার বই খুব কম পাই। যেটুকু পাই তা গোগ্রাসে পড়ি।’ বাংলাদেশের সাহিত্য প্রসঙ্গে তিনি বলেন, এখানকার কবিদের কৃতিত্ব খুব উজ্জ্বল।নবীন কবি ও লেখকদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিময় এবং বাংলাদেশের তরুণদের সৃজনধারাকে সঞ্জীবিত করার লক্ষ্যে এইচএসবিসি ও সাহিত্য পত্রিকা কালি ও কলম গতকাল শনিবার তরুণ কবি ও লেখক পুরস্কার দিয়েছে। সাহিত্যের চারটি শাখায় চারজন কবি ও লেখককে ২০১১ সালের এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় জাদুঘর মিলনায়তনে জুরিবোর্ডের সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বিজয়ী চার তরুণের নাম ঘোষণা করেন। বিচারকমণ্ডলী সর্বসম্মতিক্রমে কবিতায় হওয়া না-হওয়ার গান কাব্যগ্রন্থের জন্য শুভাশিস সিনহা; কথাসাহিত্যে রাজনটী গ্রন্থের জন্য স্বকৃত নোমান; প্রবন্ধ ও গবেষণায় প্রকৃতি, প্রান্তিকতা ও জাতিসত্তার সাহিত্য গ্রন্থের জন্য সুমন সাজ্জাদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সোনার পরমতলা গ্রন্থের জন্য মিজানুর খান পুরস্কৃত হয়েছেন। দেশের বাইরে থাকায় মিজানুর খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তরুণ লেখকদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এইচএসবিসির করপোরেট ব্যাংকিংয়ের প্রধান মো. মাহবুব-উর-রহমান, কালি ও কলম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী এবং কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত। মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। পুরস্কার প্রদান শেষে একক সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।